শিশুশ্রমিকের আর্থিক সুবিধা নিশ্চিত করতে বলেছেন হাইকোর্ট
অতিদরিদ্র শিশুরা শিক্ষা নেওয়ার পরিবর্তে কাজ করলে যে অর্থ পায়, সে আর্থিক সুবিধা নিশ্চিত করতে বলেছেন হাইকোর্ট। গতকাল রোববার আদালত এক রায়ে বলেছেন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন অনুসারে শিশুদের অবৈতনিক শিক্ষা দেওয়া বা বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা যথেষ্ট নয়।বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে বলা হয়, শ্রম আইন ভঙ্গে যে শাস্তি ও ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে, তা যথেষ্ট নয়। এটি অর্থবহ করতে শ্রম আইন সংশোধনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।এ ছাড়া উপকূলীয় এলাকায় মহাজনের কাছে অর্থের বিনিময়ে (দাদন প্রথা) মৎস্যজীবী পরিবারের শিশুদের শ্রম দেওয়ার প্রথা বিলুপ্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শ্রম আইনের প্রয়োগ নিশ্চিত করতে রংপুরের হারাগাছসহ যেসব এলাকায় বাড়িতে চুক্তিভিত্তিক বিড়ি তৈরি করা হয়, তা এক বছরের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।রংপুরের হারাগাছে বিড়ির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ১৫ হাজার শিশু কাজ করছে—২০০৩ ও ২০০৪ সালে সংবাদপত্রে প্রকাশিত এমন খবরের সূত্রে আইন ও সালিশ কেন্দ্র এবং অপরাজেয় বাংলাদেশ নামের দুটি মানবাধিকার সংগঠন হাইকোর্টে রিট করেছিল। এতে শিশুদের আর্থিক সুবিধা, শ্রম আইন অনুসরণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ২০০৪ সালের ৩ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। সংশ্লিষ্টদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থতা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এবং তাদের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হারাগাছ এলাকার মেনাজ, মায়া ও আজিজ বিড়ি কোম্পানিসহ সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়। এ রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন।আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী ড. নাঈম আহমেদ, অবন্তী নুরুল এবং সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন ও সহকারী অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম মামলা পরিচালনা করেন।আইনজীবী নাঈম আহমেদ প্রথম আলোকে বলেন, রায়ের আলোকে সরকার শ্রম আইন প্রয়োগে দ্রুত পদক্ষেপ নেবে আশা করি। এ ছাড়া ঝুঁঁকিপূর্ণ শ্রমের ক্ষেত্রে নীতিমালা বাস্তবায়নও ত্বরান্বিত হবে।