শিশুসংগঠনগুলো ছোট হয়ে আসছে
স্বদেশ ভাবনা, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মৈত্রীর আদর্শ নিয়ে বহু বছর আগে গড়ে ওঠা শিশুসংগঠনগুলো ক্রমশ ছোট হয়ে আসছে। কমে এসেছে পাড়ায় পাড়ায় সাহিত্য-সংস্কৃতির চর্চা আর খেলাধুলার সুযোগ।উদ্যোগী সংগঠক কমে যাওয়ায় সংগঠনগুলো কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। উপরন্তু রয়েছে অর্থ ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাব।মুকুল ফৌজ, কচিকাঁচার মেলা, চাঁদের হাট—এই সংগঠনগুলোর শাখা চার-পাঁচ শ থেকে এক-দেড় শতে নেমেছে। কেবল খেলাঘর আসরেরই চার শ শাখা। তবে সংগঠনটি আবার বিভক্ত। ভেঙেছে চাঁদের হাটও। সংগঠনগুলোর যে অবস্থা, ভবিষ্যতে এটুকুও থাকবে কি না, শিশুসংগঠকদের মনে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।শিশুসংগঠনগুলো ছোট হয়ে আসায় কী প্রভাব পড়তে পারে সমাজ ও দেশে? এর জবাবে কয়েকজন শিশুসংগঠক প্রথম আলোকে বলেছেন, এসব ঐতিহ্যবাহী সংগঠন গড়ে উঠেছিল শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে। সংগঠন শিশুদের প্রতিভা বিকাশে সাহায্য করে, দলবদ্ধভাবে কাজ করতে শেখায়। দেশের বহু সফল মানুষ গড়ে উঠেছেন এসব সংগঠনে এসে। তাঁদের মতে, এখন যেসব শিশু স্কুলে বা কোচিংয়ে যাচ্ছে, তাদের খেলাধুলার সুযোগ নেই; প্রতিভার যথাযথ বিকাশও বাধাগ্রস্ত।শিশুসংগঠনের গোড়ার কথা: বইপত্রের তথ্য বলে, গত শতকের তিরিশের দশকে অবিভক্ত ভারতবর্ষে যখন ব্রিটিশবিরোধী আন্দোলন দানা বাঁধতে শুরু করে, তখন একে একে জন্ম নেয় বিভিন্ন জাতীয়তাবাদী শিশু-কিশোর সংগঠনের। এ অঞ্চলের সবচেয়ে প্রাচীন শিশুসংগঠন আনন্দবাজার পত্রিকার পৃষ্ঠপোষকতায় ‘মণিমেলা’ এবং দৈনিক আজাদ-এর পৃষ্ঠপোষকতায় ১৯৪০ সালে গড়ে ওঠা ‘মুকুলের মাহফিল’। ভারত ভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে ‘মুকুল ফৌজ’ ছিল সবচেয়ে জনপ্রিয় শিশুসংগঠন। মুকুল ফৌজের সেনারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এদিকে বাঙালি জাতীয়তাবাদের উত্থান এবং বিশ্বজুড়ে বামপন্থী আন্দোলনের গ্রহণযোগ্যতা বাড়ার সঙ্গে সঙ্গে গড়ে ওঠে আরও দুটি সংগঠন, ‘খেলাঘর আসর’ ও ‘কচিকাঁচার মেলা’।১৯৫২ সালে কবি হাবীবুর রহমানের পরিচালনায় দৈনিক সংবাদ-এর পাতায় খেলাঘরের জন্ম। কয়েক বছর পর খেলাঘরকে সাংগঠনিক রূপ দেন প্রগতিশীল চিন্তাভাবনার সংগঠকেরা। দৈনিক ইত্তেফাক-এর ছোটদের সাহিত্য পাতা কচিকাঁচার আসর থেকে ১৯৫৬ সালে সুফিয়া কামাল, আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন এবং রোকনুজ্জামান খান দাদাভাইয়ের মতো প্রগতিশীল ধ্যানধারণার অধিকারীরা জন্ম দেন ‘কচিকাঁচার মেলা’। স্বাধীনতার পর জন্ম নেয় ‘চাঁদের হাট’।শিশুসংগঠনে কারা যুক্ত হয়েছিলেন—এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে দেখা যায়, দেশের প্রায় সব প্রথিতযশা মানুষই কোনো না কোনোভাবে শিশুসংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। শহীদুল্লা কায়সারসহ খেলাঘরের আটজন মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, শিল্পী আবুল বারক আলভী, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, নির্বাচন কমিশনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, সাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেতা আফজাল হোসেনসহ বহু সফল অনুকরণীয় ব্যক্তিত্বের জন্ম দিয়েছে শিশুসংগঠনগুলো।কেন ছোট হয়ে আসছে: ১৯৫৯ সালে মুকুল ফৌজে যুক্ত হয়েছিলেন ময়মনসিংহের মুকুল নিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা আমীর আহমেদ চৌধুরী। প্রথম আলোকে তিনি বলেন, ‘মুকুল ফৌজ ময়মনসিংহে তার জনপ্রিয়তা ধরে রেখেছে। কিন্তু গোটা দেশে সংগঠনটি বিপন্ন। শিশুসংগঠনগুলো স্বেচ্ছাসেবকদের তৎপরতায় চলে। শৌখিন মানুষ আগে এসব সংগঠনে যুক্ত হতেন। এখন সবাই লাভ খোঁজেন। সংগঠন করলে নগদ কিছু প্রাপ্তি হবে কি না, সে কথা ভাবেন।’ এ ছাড়া বেসরকারি সংস্থাগুলোর ব্যাপক বিস্তারও শিশুসংগঠনের অস্তিত্বকে অনেকাংশে হুমকির মুখে ফেলেছে বলে মনে করেন শিশুসংগঠনের কর্মীরা। তাঁরা জানান, সংগঠনের ব্যাপারে কোথাও আলোচনা করতে গেলে—সংগঠন করলে কী পাওয়া যাবে, রেডিও-টিভিতে গান গাওয়ার সুযোগ মিলবে কি না—এমন নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়।কচিকাঁচার মেলার পরিচালক খোন্দকার ইব্রাহীম খালেদের মতে, শিক্ষাব্যবস্থায় বৈষম্য শিশুসংগঠনগুলোর বিস্তারের পথে একটা বড় বাধা। দরিদ্র শিশুদের একটা বড় অংশ মাদ্রাসায় পড়ছে। সেখানে শিশুসংগঠনগুলোর ঢোকার কোনো রাস্তা নেই। সরকারের অসহযোগিতাও সংগঠনগুলোর বেড়ে ওঠায় প্রতিবন্ধকতা তৈরি করেছে বলে অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় চাঁদের হাটের প্রধান শাহ আলমগীর জানান, আগে বিভিন্ন জাতীয় দিবসে শিশুসংগঠনগুলোকে আমন্ত্রণ করা হতো। এখন আর আমন্ত্রণ করা হয় না। এই উদ্যোগে সরকারি পৃষ্ঠপোষকতা নেই বললেই চলে।রাজনৈতিক দলের সমর্থনপুষ্ট শিশুসংগঠন: ফুলকুঁড়ি আসরের জন্ম ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর, এটি নিবন্ধন পায় ১৯৮২ সালে। বয়সে সবচেয়ে নবীন হলেও প্রতিষ্ঠানটির আসরের সংখ্যা সাড়ে তিন শ ছাড়িয়েছে।সংগঠনটির অন্যতম সম্পাদক মো. উবায়ের হোসাইন প্রথম আলোকে বলেন, তাঁদের সফলতার পেছনে আছেন নিবেদিতপ্রাণ কর্মী। ঢাকা শহরে তাঁদের ৩০টি আসর আছে, রাজশাহীতে ৪০টির বেশি। আসরের ছেলেশিশুরা চরিত্র ও শরীরচর্চা করে, দরিদ্র শিশুদের সাহায্য করে। নানা রকম সমস্যা হতে পারে এই বিবেচনায় মেয়েশিশুদের সদস্য করা হয় না।শিশুসংগঠন হলেও ফুলকুঁড়ি আসরে কোনো মেয়েশিশু সদস্য হতে পারে না। অভিযোগ আছে, সংগঠনটিতে অর্থায়ন করে জামায়াতে ইসলামী। তবে উবায়ের অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আসরের নীড়পাতায় উপদেষ্টা কমিটিতে নাম আছে চিকিৎসক নাসিম আলীর। যুদ্ধাপরাধে অভিযুক্ত মীর কাসেম আলীর তিনি সহোদর।দেশ গড়তে শিশুসংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে: কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় খেলাঘরের সদস্যরা সব জায়গায় আছেন। সাম্প্রদায়িক দল ছাড়া সব রাজনৈতিক দলে, সরকারের শীর্ষপর্যায়ে খেলাঘরের মানুষ আছেন। খেলাঘর থেকে তাঁরা সাম্য-মৈত্রী, অসাম্প্রদায়িকতার শিক্ষা পেয়েছিলেন। অসাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশের যে পরিচিতি, তা অক্ষুণ্ন রাখতে শিশুসংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন আবদুল আজিজ।