বড়পুকুরিয়া কয়লাখনিতে শ্রমিক অসন্তোষ
শিশুসহ অবরুদ্ধ কয়েক শ মানুষ খাদ্য ও চিকিৎসাসংকটে
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ১৫০ কর্মকর্তা-কর্মচারীর পরিবার ও চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের ২০০ জন কর্মকর্তা-কর্মচারী খনির ভেতর এখনো অবরুদ্ধ। খনির ফটকগুলোতে লাঠিসোঁটা নিয়ে দেশি শ্রমিকদের পাহারা দিতে দেখা যায়। শ্রমিকদের ভাষ্য, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এ পরিস্থিতি চলবে। খনির ভেতর আটকা পড়া কর্মকর্তা-কর্মচারীরা খাদ্য ও চিকিৎসাসংকটে পড়েছেন। এই সংকটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিশুরা।গতকাল বিকেল সোয়া তিনটায় উদ্ভূত সমস্যা সমাধানে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সভাকক্ষে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা, কয়লাখনির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ১০ সদস্যের শ্রমিক প্রতিনিধিদলের এক বৈঠক হয়। বৈঠকে শ্রমিকদের দাবি না মানায় পরিস্থিতি অপরিবর্তিত থাকে।বেতন বৃদ্ধির দাবি ও ত্রিপক্ষীয় চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে খনির সহস্রাধিক দেশি শ্রমিক গত সোমবার রাত ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন।গতকাল দুপুরে অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা প্রথম আলোকে বলেন, খনির আবাসিক এলাকায় বসবাসরত পরিবারগুলোর এখন কোনো নিরাপত্তা নেই। বিনা কারণে শ্রমিকেরা বাড়িতে ইট-পাথর ছুড়ে মারছে। চিকিৎসক আসতেও বাধা দেওয়া হচ্ছে। অধিকাংশ পরিবারের খাদ্য শেষ হয়ে গেছে। আবাসিক এলাকায় এক-দেড় বছরের প্রায় ২৫টি শিশুর দুধসহ শিশুখাদ্য নেই। জীবন বাঁচাতে অনেকেই খনি ছেড়ে নিরাপদে বাড়িতে চলে যেতে চান। খনির অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিব উদ্দিন বলেন, আন্দোলনকারীরা চীনা প্রতিষ্ঠানের নিয়োগ করা শ্রমিক। তাঁদের দাবি বিবেচনা করবে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি। তারা অন্যায়ভাবে খনির কর্মকর্তা-কর্মচারীদের মারধর ও অবরোধ করে রেখেছে। এর প্রতিবাদে খনির সব কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ ধারণ করেছেন। তিনি বলেন, ‘আজ দুপুর (বুধবার) পর্যন্ত আমাদের খাদ্য মজুদ আছে। শ্রমিকদের কারণে আমাদের সন্তানেরা বাড়ি থেকে বের হতে পারছে না। তাদের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মিজানুর রহমানের স্ত্রী ১২ দিন আগে সন্তানের মা হয়েছেন। শিশুটির চিকিৎসা প্রয়োজন, কিন্ত আমরা নিরুপায়।’খনির আবাসিক এলাকার বাসিন্দা একজন কর্মকর্তা রুমেছা খাতুন বলেন, তাঁর ছয় মাসের সন্তানের দুধ গত মঙ্গলবার শেষ হয়ে গেছে। শিশুর কান্না দেখে প্রতিবেশীরা কিছু দুধ দিয়েছে। সহকারী ব্যবস্থাপক তৈয়বুর রহমান বলেন, তাঁর স্ত্রী খুবই অসুস্থ, জরুরি ভিত্তিতে তাঁর চিকিৎসা প্রয়োজন।দিনাজপুর জেলা প্রশাসক মো. আবদুল জলিল গতকাল বলেন, সংকট নিরসনে সরকার উদ্যোগ নিয়েছেন। ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক কাল বৃহস্পতিবার দুপুরে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসবেন। প্রশাসন ও পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, এ ব্যাপারে তাঁদের সার্বক্ষণিক নজর রয়েছে।খনি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কয়লা উৎপাদন পুরো বন্ধ আছে। নিজস্ব কিছু স্থায়ী কর্মচারী দিয়ে ভূগর্ভের পাম্প, বয়লারসহ প্রয়োজনীয় মেশিনগুলো চালু রাখা হয়েছে। এ ছাড়া জরুরি স্থাপনাগুলো চীনা শ্রমিকেরা চালু রেখেছেন।কয়লাখনির মহাব্যবস্থাপক (জি এম) মীর আবদুল মতিন বলেন, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতিদিন দুই হাজার মেট্রিক টন কয়লা নেয়। জনবলের অভাবে তাদেরও কয়লা দেওয়া যাচ্ছে না। তাঁর ধারণা, তাপবিদ্যুৎ কেন্দ্রে যে পরিমাণ কয়লা মজুদ আছে, তা দিয়ে খুব বেশি হলে ১০ দিন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, শ্রমিকদের আচরণ অসহনীয়। তাঁদের অবরোধের কারণে আবাসিক এলাকার অনেক পরিবার অনাহারে আছে। কয়লাখনির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, দাবি না মানা পর্যন্ত তাঁরা কর্মবিরতি চালিয়ে যাবেন এবং কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করেই রাখবেন। তবে অ্যাম্বুলেন্স ও শিশুখাদ্য সরবরাহে তাঁরা বাধা দেবেন না।