শিষ্টাচারবহির্ভূত কথা বলেছেন হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ‘তিনি (হানিফ) কোনো রাজনৈতিক নেতার মতো কথা বলেননি। তিনি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কথা বলেছেন।’ হানিফের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘কাচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল মারবেন না। তাহলে নিজের ঘর রক্ষা করতে পারবেন না।’তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল আজ রোববার এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।মাহবুব উল আলম হানিফ গতকাল শনিবার এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘বিএনপির নেতারা তারেক রহমানকে নিয়ে জনগণের সামনে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন।’ তিনি আরও বলেছিলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার, ২১ আগস্ট গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র মামলা এবং সিঙ্গাপুর ও মার্কিন ফেডারেল কোর্টে দুর্নীতির মামলা রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার (এফবিআই) প্রতিনিধি গিয়ে তারেকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। প্রাথমিকভাবে তিনি দোষী প্রমাণিতও হয়েছেন। বিচারের মুখোমুখি হতে ভয় পান বলেই বিদেশে পালিয়ে রয়েছেন।’তারেক রহমানের জনপ্রিয়তা আওয়ামী লীগের যেকোনো নেতার চেয়ে বেশি, এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সাহস থাকলে লেভেল প্লেইং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা) তৈরি করুন। তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো তুলে নিন। দেখুন কে বেশি জনপ্রিয়।’জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘এখন দিবালোকের মতো স্পষ্ট, এ চোর কারা, কারা দুর্নীতিবাজ।’ পুঁজিবাজার, হলমার্ক, ডেসটিনি, ইউনিপেটুইউ—এসবের মাধ্যমে সরকার কোটি কোটি টাকা লুট করেছে অভিযোগ করে তিনি বলেন, কীভাবে মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়া যায়, গোটা দেশে সেই ফাঁদ পেতেছে সরকার।সরকারকে দুর্নীতিবাজ ও চোর আখ্যা দিয়ে তিনি বলেন, ‘দেশি-বিদেশি পত্রপত্রিকায় আসছে, সরকারের উচ্চপর্যায়ের লোকদের আত্মীয়স্বজন কানাডা থেকে পালিয়ে আসছেন। এটাও শুনতে পাই, আমেরিকায় অনেকে বাড়িঘর করেছে। আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো এ আয়ের উত্স খুঁজতে শুরু করেছে।’নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘তা না হলে আপনারা পালানোর পথ পাবেন না।’