শিয়রে বসেছে শীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরে এমনিতেই গাছপালা কম। এর মধ্যে আবার শীতে পাতা ঝরে একেবারে ন্যাড়া হয়ে গেছে কতগুলো। দেখলে মায়াই লাগে। শীতের বাতাস বয়ে যাচ্ছে খানিক পর পর। তখন গাছগুলো যেন এ শহরের ছন্নছাড়া মানুষের মতোই হু হু করে কেঁপে উঠছে। কিংবা উল্টো করে বললে বলতে হয়, শীতের সুচ ফোটানো বাতাসে পাতা ঝরা গাছের মতোই হু হু করে কাঁপছে এই শহরের ছন্নছাড়া সব মানুষ।হজমিওয়ালা তালেব মুন্সির দিকে তাকান। ফিনফিনে পাতলা একটা পাঞ্জাবি পরে দিন-রাত বেড়াচ্ছেন এই শহরের অলিগলিতে। বয়স কত হবে? ষাটের কম তো নয় কিছুতেই। এ বয়সে এসে মানুষ কাজে ইস্তফা দেয়। নাতি-নাতনিদের নিয়ে খেলা করার সময় হয়ে এল। তবুও তাঁর কষ্টের দিনগুলো আর শেষ হলো না। ছেলেমেয়েরা সব ভিন্ন হয়ে গেছে। নিজের আর স্ত্রীর পেটটা তাই তাঁকেই ভরতে হয়। স্ত্রীর অসুখ বেশ কয়েক দিন ধরে। তাঁর ওষুধপথ্যের খরচ আছে। তাই বাড়তি কাপড় কেনার মতো পয়সা জোগাড় করা তাঁর জন্য বেশ কঠিন। কিন্তু পুরো শীত কি এভাবে কাটাতে পারবেন? জানতে চাইলে মুখে কিছু বললেন না তিনি, তর্জনী তুলে শুধু আকাশের দিকে দেখালেন একবার। ওই আঁকাবাঁকা শিরা ওঠা হাতটা দেখলে হঠাত্ তালেব মুন্সিকেও একটা গাছ বলেই মনে হবে। শীতের পাতা ঝরে যাওয়া জীর্ণশীর্ণ একটি গাছ। হুল ফোটানো বাতাসে কেঁপে কেঁপে উঠছে খানিক পর পর।অবশ্য এসব টের পাওয়া একটু কঠিন। শহরের দালানে যারা থাকে, শীতের কি সাধ্য আছে তাদের কাবু করা? সারা রাত তুলোর জামা গায়ে দিয়ে, লেপ-কম্বল মুড়িয়ে ঘুম। সকালে উঠে গিজারের কুসুম কুসুম গরম পানি, না-হয় চুলার গরম পানির সঙ্গে কলের পানি মিশিয়ে গোসল। এর পরই গরম কফি কিংবা চা খেয়ে, গায়ে সোয়েটার, জ্যাকেট জড়িয়ে কাজে যাওয়া। এর ফাঁকে শীত লাগার জায়গা কই? কিন্তু এসব কথা মনেও আনতে পারে না মাছওয়ালা সাইদ। ভোরের আলো ফোটার আগে তাঁকে ছুটতে হয় বাসাবো থেকে যাত্রাবাড়ীতে। সেখানে রয়েছে মাছের আড়ত। আগেভাগে না গেলে লোকে ভালো মাছটা বেছে নিয়ে যাবে। তখন পচাটা জুটবে তাঁর কপালে।সাইদ তাই ভোররাতের হাড় কাঁপানো ঠান্ডা আর কুয়াশার তোয়াক্কা না করেই ছুটে যান আড়তে। কিন্তু এটুকুতেই কি শেষ? এই শীতের মধ্যে তাঁকে মাছের বরফ হাতড়াতে হয় প্রায় সারা দিন। সাইদের কি তখন ঠান্ডা লাগে না? ‘লাগে না আবার! মাছের পানি থেইকা হাত উঠাইলে হাতগুলান মনে হয় জইম্যা যাইতাছে।’ জবাব দিলেন সাইদ। আবার ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের গার্ড নুরুল ইসলামের সমস্যা অন্য রকম। দায়িত্বের খাতিরে সারা রাত শীতে কষ্ট পেতে হয়। বুথের দরজার সামনে রাখা ছোট্ট কাঠের টুলটায় গুটিসুটি মেরেই কাটিয়ে দেন তিনি। বললেন, ‘পোস্ট ছাইড়া কোনোহানে যাওয়া নিষেধ। অহনে যে শীত পড়ছে, তাতে খোলা রাস্তার ধারে বইয়া থাকাও মুশকিল। স্যারেগোরে কইছিলাম, আমি বুড়া মানুষ, শীতে কষ্ট হয়, একটা শিফট কমাইয়া দেন। কইল, রাইতে ডিউটি করনের লোক পাওন যায় না, তোমারেই পোস্ট পাহারা দেতে হইবে। কী করমু, এডা এমন এক চাকরি, কোনো দিকেই যুত করন যায় না।’কিংবা ধরুন কলাওয়ালা মফিদুলের কথা। সদরঘাট থেকে কলা এনে তিনি বিক্রি করেন জায়গায় জায়গায়। কিন্তু সাতসকালে কলা কিনে ফেরার পথে বাসওয়ালারা কলার কাঁদির সঙ্গে তাঁকেও তুলে দেন বাসের ছাদে। ছাদের ওপর কলার কাঁদি ধরে বসে থাকতে হয় তখন মফিদুলকে। বাস যখন ভোরের কুয়াশা কেটে গোঁ গোঁ করে ছোটে, তখন শত শত সুচ যেন ফালা ফালা করে দিতে থাকে। শীত লাগা বুঝি একেই বলে।প্রতিবছর শীত এলেই সেই একই দুর্ভোগ পোহাতে হয় নগরের ছিন্নমূল মানুষজনকে। গরম তবু সওয়া যায়। বৃষ্টি এলে কোথাও গিয়ে দাঁড়ানো যায়। কিন্তু শীত? শীত থেকে বাঁচা তো এত সোজা নয়। সে জন্য একটু রাত হলে যদি কখনো রাজধানীর পথে হাঁটেন, তাহলে দেখবেন, রাস্তার ধারে আগুন জ্বেলে এর চারপাশে বুভুক্ষের মতো জড়ো হয়ে আছে ওই সব মানুষ শীত তাড়াতে, একটু আঁচ পোহানোর জন্য।অবশ্য সবার যে এক দশা, তাও না। কারণ, ফুটপাতে ইতিমধ্যেই শীতের কাপড় বিক্রি করা শুরু করেছে হকাররা। এই যেমন শহীদুল ইসলাম রোজ বসেন পুরোনো জ্যাকেট আর সোয়েটার নিয়ে কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের সামনের ফুটপাতে। হরেক রকম লোক ভিড় জমায় তাঁর দোকানে। একটা সুবিধা আছে তাঁর দোকানে, জিনিস যেটাই হোক, দাম একটাই—৫০ টাকা। লোকজন তাই বেছে পছন্দসই কাপড় কিনতে পারে। তাঁর এই ব্যবসা সম্পর্কে জানতে চাইলে শহীদুল বলেন, ‘আমরা চিটাগাং থেইকা মাল আনি গাঁইট হিসেবে। এক গাঁইটে মাল যা থাকে, তার সব লাগায়া দেই ফুটপাতে। যারা দাম দিয়া শীতের কাপুড় কিনতে পারে না, তারা আমার দোকানে আহে একদরে মাল কিনতে।’দেখা গেল, অনেক ক্রেতা ভিড় করে আছে তাঁর দোকানে। এর মধ্যে দু-একজনের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁরা সবাই খেটে খাওয়া মানুষ। কোনো রকমে খেয়েপরে বেঁচে আছেন এই শহরে। বড় দোকানের দামি শীতের কাপড় কেনার মতো শখ কিংবা সাধ্য কোনোটাই তাঁদের নেই। নাখালপাড়ার সোহেল, তাঁর গায়ে অবশ্য আগে থেকেই একটা জ্যাকেট ছিল। সেটা দেখিয়ে তিনি বলেন, ‘এই জ্যাকেটি কিনছিলাম গতবারের শীতের সময় ৫০ ট্যাকা দিয়া। এইডা ছিঁড়া গ্যাছেগা, আগের মতন আর ওম হয় না। নতুন আরেকটা কিনতে আসলাম। ছোটখাটো চাকরি করি, পাঁচ-ছয় হাজার ট্যাকা বেতন পাই। বড় মার্কেটে গিয়া শীতের কাপড় কিনুম, হেইডা আমাগো সাধ্যের মধ্যে নাই।’সোহেলের তো তবুও ফুটপাত থেকে হলেও কাপড় কেনার সামর্থ্য আছে। কিন্তু এই শহরে এমন মানুষও আছে, যাদের সে সামর্থ্যটুকুও নেই। ওই সব মানুষকে বাঁচতে হয় অন্যদের দয়ার ওপর। কেউ যদি পুরোনো কাপড় দয়া করে দিয়ে যায়, তো কাপড় জোটে। না হলে গায়ের কাপড় আষ্টেপৃষ্ঠে জড়িয়েই তাদের থরথর করে কাঁপতে হয় সারা রাত ধরে।ইদানীং অবশ্য একটা ব্যাপার প্রায়ই চোখে পড়ছে। সহানুভূতিশীল অনেকেই এগিয়ে আসছেন আশ্রয়হীন, সহায়হীন রাস্তার মানুষকে শীতবস্ত্র আর কম্বল দিয়ে সাহায্য করতে। তবে ওই শীতবস্ত্র বিতরণসংক্রান্ত একটা সমস্যাও আছে। এটা হলো, এদের কাপড়-কম্বল দেওয়া হয় প্রায় প্রতিবছরই। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই যা ছিল আবার তা-ই হয়ে যায়। অর্থাত্ যেমন বস্ত্রহীন ছিল, তেমনই বস্ত্রহীন অবস্থা। কিন্তু কেন? কোথায় যায় হরবছরের সেই কাপড় আর কম্বল? এ প্রশ্নের কমলাপুরের সুরুজ দিলেন সাদামাটা জবাব, ‘বেইচ্যা দিছি। বৈশাখ মাসে আমার পোলার পাও ভাইঙা গেছিল। অষুধ কিনতে হইব। পয়সা ছিল না। পরে একটা কম্বল আর তিনডা সুইটার আছিলো। হেইগুলা বেইচ্যা অষুধ কিনছি।’দানের কম্বল নিয়ে রাবিয়া বেগম জানালেন আরেক কাহিনী। তিনি বলেন, ‘আমার ঘর অইলো প্যালাস্টিকের। কুন চুরার ব্যাড্যায় প্যালাস্টিক কাইট্যা কম্বলডা লইলোগা, আমি কইবারও পারতাম না।’সত্যি বলতে কি, যত দিনে ‘শীতবস্ত্র সংগ্রহ অভিযানের’ কাপড় গুছিয়ে বিতরণ শুরু হয়, তত দিনে দেখা যায় শীত অর্ধেক চলে গেছে। এই সময় এ মানুষগুলো যে শীতে কষ্ট পায়, সেটা টের পেতে আমাদের এত সময় লাগে কেন কে জানে? এই শীতে, এই কুয়াশায়, হাড় কাঁপানো ঠান্ডায় এ শহরে খোলা আকাশের নিচে শীতকে শিয়রে বসিয়ে প্রতিদিন ঘুমাতে যায় লাখ লাখ নিরাশ্রয় মানুষ। কেউ কি এ খবরটা জানেন?