শিয়ালের কাছে মুরগি নিরাপদ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এর বাইরে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। শিয়ালের কাছে যেমন মুরগি নিরাপদ নয়, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেও গণতন্ত্র, নির্বাচন নিরাপদ নয় বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় গয়েশ্বর এসব কথা বলেন। জিয়া পরিষদ নামের একটি সংগঠন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ওই আলোচনা সভার আয়োজন করে।এতে গয়েশ্বর বলেন, আলোচনায় বসতে বিএনপির কোনো কৃপণতা নেই। যেকোনো সময়, যেকোনো স্থানে সংলাপ হতে পারে। তবে এর আগে প্রধানমন্ত্রীকে ঘোষণা দিতে হবে যে নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এর অন্যথা হলে সংলাপের নামে সময়ক্ষেপণ করার মতো সময় বিএনপির নেই। রাজপথেই সমাধান হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন, আয়োজক সংগঠনের চেয়ারম্যান কবীর মুরাদ প্রমুখ বক্তব্য দেন।