শীত উপেক্ষা করে ভোটের সারিতে
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা। কয়েক হাত দূরের জিনিসও দেখা যায় না ভালো করে। বাতাস বইছে একটানা। তাপমাত্রা নেমে গেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে। প্রকৃতির এই বিরূপতা সত্ত্বেও গতকাল বৃহস্পতিবার বরিশালে পৌরসভা নির্বাচনে উৎসাহ-উদ্দীপনা নিয়েই ভোট দিতে এসেছিলেন ভোটাররা, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল বিপুল। বরিশাল জেলার পাঁচটি পৌরসভার নির্বাচন ছিল গতকাল।সকাল সাড়ে সাতটায় বাকেরগঞ্জ পৌরসভার বাকেরগঞ্জ সরকারি কলেজ ও অঙ্কুর কিন্ডার-গার্টেন কেন্দ্রের সামনে শুরু হয়েছিল নারী ভোটারদের সারি। বেলা বাড়তে থাকলেও সূর্যের দেখা না মেলায় ঘোর আবছায়াময় ছিল পরিবেশ। ভোট দিতে আসা ৮৫ বছরের বৃদ্ধা সুভাষিণী নাথ বলেন, ‘সকালে না এলে যদি ভোট দিতে না পারি, সেই জন্য কষ্ট হলেও সকালে লাইনে দাঁড়িয়েছি।’ভোটকেন্দ্রের চারপাশের সড়কগুলো ছিল নির্বাচনী পোস্টারে ঢাকা। ঘন কুয়াশার মধ্যে সুতলিতে আটকে ঝুলিয়ে দেওয়া পোস্টারের সজ্জায় ভোটকেন্দ্রগুলোকে দেখাচ্ছিল অনেকটা পর্বতগুহার মতো। দিনের প্রথম ভাগে নারী ভোটারদের উপস্থিতি বেশি থাকায় ভোটকেন্দ্রের বাইরে কর্মী-সমর্থকেরা ব্যস্ত ছিলেন নারী ভোটারদের আকৃষ্ট করতে, বিশেষ করে বিভিন্ন প্রার্থীর প্রতীক আঁকা ব্যাজ পরা নারী-কর্মীরা ছিলেন ব্যতিব্যস্ত। এ সময় পুরুষ ভোটারদের সংখ্যা ছিল নগণ্য।একই চিত্র ছিল মুলাদি, মেহেন্দিগঞ্জ, গৌরনদী পৌর এলাকায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ভোটারের সংখ্যা বেড়েছে।বরিশালের উপনির্বাচন কমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বরিশালে সব পৌর এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটারদের উপস্থিতির ক্ষেত্রে নারীদের উপস্থিতি সত্যিই প্রশংসনীয়। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন।’‘মইরা যাওনের আগে’‘মুই আর কয় দিনই বাচুম। তয় মইরা যাওনের আগে শেষ বয়সে মোর ভোটটা মুই ভালোভাবে দিতে পারছি হেইয়াতেই খুশি।’ গতকাল বৃহস্পতিবার পটুয়াখালী পৌরসভায় নির্বাচনে দুপুরে পশ্চিম কালিকাপুর এলাকার ছালেহিয়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে নিজের ভোটটি দিয়ে এসে এভাবেই ভোট দেওয়ার অনুভূতি জানান ৮০ বছরের রাবেয়া বেগম। খানিকটা আক্ষেপ করেই তিনি বলেন , ‘আগের নির্বাচনে ভোট দিতে আইয়া দেহি মোর ভোট দেওয়া হইয়া গেছে। এবার আর কেউ দেই নাই। খুব ভালো ভোট হইতেছে ।’পটুয়াখালী পৌরসভার নির্বাচনে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তীব্র শীত আর কুয়াশার জন্য সকালে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। এবার নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।জেলা রিটার্নিং কর্মকর্তা অমল কৃষ্ণ মণ্ডল পটুয়াখালী পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানান।চালনা ও পাইকগাছায় শিগগিরই সূর্যের দেখা মিলবে এমন আশা নেই। কনকনে শীতে জনপদ জবুথবু। তখনো ভোট গ্রহণ শুরু হতে প্রায় আধা ঘণ্টা বাকি। কেন্দ্রের সামনে ভোট দেওয়ার জন্য সার বেঁধে দাঁড়িয়েছিলেন নারী ভোটাররা। চালনা পৌরসভার চালনা মহিলা কলেজকেন্দ্রে নারীরাই শুরু করেছিলেন ভোট দেওয়ার পালা। কারণ, পুরুষ ভোটারদের তখন দেখাই মেলেনি।নতুন পল্লি এলাকার বাসিন্দা রিতা সরদার বললেন, বেলা বাড়লে ভোটারদের চাপ বাড়বে। সারি দীর্ঘ হবে । তাড়াতাড়ি ভোট দিয়ে বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে। এ কারণেই সকাল সকাল ভোট দিতে আসা।প্রায় একই চিত্র ছিল পাইকগাছা পৌরসভায়। ভোট গ্রহণ শুরুর আগেই নারী ভোটাররা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন। দুপুর দেড়টার দিকে কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়।প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের পটুয়াখালী প্রতিনিধি শংকর দাশ ও খুলনা প্রতিনিধি শেখ আবু হাসান।