শীত তাড়াতে গিয়ে মারা গেল ওরা
বাইরে প্রচণ্ড শীত। কোনোভাবেই খোলা আকাশের নিচে থাকা যাচ্ছে না। তাই একটু উষ্ণতার জন্য এখানে-সেখানে হন্যে হয়ে ঘোরাঘুরি। অবশেষ আশ্রয় মিলল রাস্তার পাশে রাখা আবর্জনা ফেলার পাত্রে। ময়লার স্তূপে কিছুটা আরাম পাওয়ার জন্য আগুন ধরিয়ে দেয় ওরা। প্রথম কিছুটা আরাম পাওয়া গেলেও একপর্যায়ে কার্বন মনো-অক্সাইড গ্যাসে দমবন্ধ হয়ে মরতে হলো পাঁচ ভাইকে। গতকাল বৃহস্পতিবার এনডিটিভির অনলাইনে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উন্নত জীবনের প্রতিশ্রুতি দিয়ে চীনের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করার পরপরই দেশটির দক্ষিণাঞ্চলে বিজি শহরে এ ঘটনা ঘটল। মারা যাওয়া এই পাঁচ পথশিশুর বয়স নয় থেকে ১৩ বছর। এক সপ্তাহ আগে তারা বাড়ি থেকে নিখোঁজ হয়। পুলিশ জানায়, ১৫ নভেম্বর রাতে তাপমাত্রা ছিল প্রায় চার ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড শীত তখন। একটু উত্তাপের জন্য তারা আবর্জনার মধ্যে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা কার্বন মনো-অক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় মারা যায়। সাম্প্রতিক এ মর্মান্তিক ঘটনায় দেশটির সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে। চীনে গ্রামের দিকে বেশির ভাগ মা-বাবাই কাজের জন্য সন্তানদের ঘরবাড়িতে রেখে শহরে ছুটে আসেন। তখন ওইসব শিশুর দেখাশোনার দায়িত্ব পড়ে বৃদ্ধ দাদা-দাদি বা নানা-নানির কাঁধে। মর্মান্তিক এ ঘটনার পর শিশুদের জন্য লেখেন, এমন একজন জেং ইয়াংজি তাঁর ব্লগে লিখেছেন, ‘আবর্জনার পাত্রে মারা গেলেও তোমরা আবর্জনা নও।’এদিকে নিখোঁজ হওয়ার ১০ দিনে শিশুদের উদ্ধারে তেমন কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় ছয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে দুটি স্কুলের প্রধান শিক্ষকও আছেন। বিজি শহরের মুখপাত্র তাং গোয়াংশি বলেন, ‘আমরা ব্যবস্থাপনা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। আমাদের উদ্ধারকাজ তেমন আন্তরিক ছিল না।’ রাষ্ট্রীয় বার্তা সংবাদমাধ্যমে এ মর্মান্তিক খবরটি ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। ‘বেইজিং ইয়ুথ ডেইলি’ তাদের সম্পাদকীয়তে বলেছে, ‘এটি লজ্জাকর ঘটনা। সুশীল সমাজ চাইলেও তা মুছে ফেলতে পারবে না।’বেইজিং নরমান ইউনিভার্সিটির সমাজকল্যাণ-বিষয়ক বিশেষজ্ঞ ওয়াং ঝেনওয়া চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বলেন, ‘এর মাধ্যমে বোঝা গেল যে শিশুদের সুরক্ষায় রাষ্ট্র ব্যর্থ।’