শীত পেছনে ফেলে গণিত জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি অঙ্ক করার আগে চিন্তা করি, তারপর সমাধানের চেষ্টা করি। অঙ্ক করতে আমার ভালো লাগে’—গণিতের প্রতি এই ভালোবাসা রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র আফরোজ হাসানের। শীতের তীব্রতা উপেক্ষা করে হাসানের মতো প্রায় ৯০০ গণিতপ্রিয় শিক্ষার্থীর অংশগ্রহণে জমে ওঠে এবারের ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের রাঙামাটি বিভাগীয় আসর।গতকাল বৃহস্পতিবার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে উৎসব হয়। শিক্ষার্থীরা দেশকে মায়ের মতো ভালোবাসার এবং মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার অঙ্গীকার করে।সকাল আটটা থেকে শিক্ষার্থী ও অভিভাবকেরা দুই জেলার প্রত্যন্ত ও দুর্গম এলাকা থেকে উৎসবস্থলে সমবেত হতে থাকে। সকাল নয়টার মধ্যে বিদ্যালয় চত্বর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পদচারণে মুখরিত হয়ে ওঠে। সকাল নয়টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে রাঙামাটি বন্ধুসভার সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন করেন। রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরি শংকর দাশ জাতীয় পতাকা, স্টেট ইউনিভার্সিটির ডিন লুৎফুজ্জামান আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড পতাকা ও গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান বাংলাদেশ গণিত অলম্পিয়াড পতাকা উত্তোলন করেন।এরপর শুরু হয় সোয়া এক ঘণ্টার লিখিত পরীক্ষা। পরীক্ষা শেষে বন্ধুসভার সদস্য ও উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে।দুপুর একটায় বাংলাদেশ গণিত অলম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানের উপস্থাপনায় শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। সেখানে শিক্ষার্থীরা গণিত নিয়ে নানা প্রশ্ন করে। উপস্থিত গণিতবিদেরাও তাঁদের বুদ্ধিদীপ্ত সব প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষার্থীদের মজার মজার প্রশ্ন ছুড়ে দেন। ভালো প্রশ্ন ও ভালো উত্তরের জন্য শিক্ষার্থীদের বই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের প্রথম নারী উদ্যোক্তা আদিবাসী বস্ত্রশিল্পের প্রতিষ্ঠান বেইন টেক্সটাইলের স্বত্বাধিকারী মঞ্জুলিকা চাকমা তাঁর সাফল্যের কাহিনি তুলে ধরেন। শেষ পর্বে উৎসবে বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক তামিম শাহরিয়ার।অধ্যাপক লুৎফুজ্জামান বলেন, ভীতি দূর করে বেশি বেশি অঙ্ক ও জ্যামিতি করতে হবে। গণিত না জানলে মাকে ভালোবাসা যায় না। খোদাদাদ খান বলেন, গণিত শিখতে হলে গণিত কষতে হবে। প্রশ্ন করে শিক্ষকদের কাছ থেকে উত্তর বের করে নিতে হবে। শিক্ষার্থীদের প্রশ্ন করা শেখাতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে প্রশ্নের উত্তর দিতে না পারলে পরবর্তী সময়ে দেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মামুনুর রশীদ বলেন, কোনো কিছুর প্রতি তীব্র ভালোবাসা না থাকলে সফল হওয়া যায় না। গণিতের প্রতি ভালোবাসা সৃষ্টির মাধ্যমে গণিত শিখতে হবে।রাঙামাটি বন্ধুসভার ব্যবস্থাপনায় এবং রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সহযোগিতায় উৎসব অনুষ্ঠিত হয়।