শীত মৌসুমের আগে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন নাও হতে পারে
আগামী নভেম্বর-ডিসেম্বরে শীত মৌসুমের আগে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নাও হতে পারে। সরকারের শীর্ষ পর্যায় এ সময়টিকে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের উপযুক্ত সময় মনে করছেন না। ফলে নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকলেও আগামী মাসে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে।প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা গত রোববার বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা হাতে পেলে ১৮ এপ্রিলের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বিধিমালাটি আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একাধিক নীতিনির্ধারক প্রথম আলোকে বলেন, এ মুহূর্তে সিটি নির্বাচন হচ্ছে না। আগামী নভেম্বর-ডিসেম্বরে সম্ভাবনা রয়েছে।নির্ভরযোগ্য সূত্র জানায়, এখন বিদ্যুৎ ও পানির সংকট সরকারের জন্য বড় সমস্যা। তাই এই মুহূর্তে সিটি নির্বাচনে যাওয়া সরকারের জন্য বিব্রতকর হবে। সরকারি দলের প্রার্থী নাগরিক সুবিধা নিয়ে ভোটারদের নানা প্রশ্নের মুখে পড়তে পারেন। তা ছাড়া আওয়ামী লীগ মেয়র পদপ্রার্থীও এখনো ঠিক করতে পারেনি।সরকারের নীতিনির্ধারকদের মতে, সরকারের ১৪ মাসে নানা সাফল্য থাকলেও বিদ্যুৎ-পানির সংকট, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্যের কিছুটা ঊর্ধ্বগতির কারণে নির্বাচনে যাওয়ার মতো পরিস্থিতি এখন নেই।অপরদিকে প্রধান প্রতিপক্ষ বিএনপি গত ১৪ মাসে যথেষ্ট সংগঠিত। তাদের প্রার্থীর পক্ষে বেগম খালেদা জিয়াসহ শীর্ষস্থানীয় নেতারা প্রচারাভিযানে নামবেন। কিন্তু নির্বাচনী আইন অনুযায়ী প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা নির্বাচনী প্রচারে নামতে পারবেন না। এসব বিবেচনায় সরকার এ মুহূর্তে নির্বাচনে যাওয়া সঠিক মনে করছে না।সূত্র জানায়, বর্ষা মৌসুমে পানির সমস্যা থাকবে না। অক্টোবর-নভেম্বরের মধ্যে প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে সরকার আশা করছে। শীতকালে বিদ্যুতের চাহিদাও কম থাকে। এসব বিবেচনায় নিয়ে কোনো ঝুঁকি না নিয়ে আগামী শীত মৌসুমকেই সরকার সিটি নির্বাচনের জন্য উপযুক্ত বলে মনে করছে।সূত্র জানায়, গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর কয়েকজন মন্ত্রী ডিসিসি নির্বাচন নিয়ে আলোচনা তোলেন। বেশির ভাগ মন্ত্রী এ মুহূর্তে সিটি নির্বাচনের বিরোধিতা করেন। একজন জ্যেষ্ঠ মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীও এ মুহূর্তে নির্বাচনের চেয়ে নাগরিক সমস্যা সমাধানের ওপর বেশি গুরুত্ব দেন।প্রসঙ্গত, ২০০২ সালে সর্বশেষ ডিসিসি নির্বাচন হয়। পাঁচ বছর মেয়াদি ডিসিসির মেয়াদ শেষ হয়েছে প্রায় আড়াই বছর আগে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে আগামী ৯ মে।