শীতজনিত রোগে এক সপ্তাহে ২৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনকনে হাওয়া ও ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে দেশ। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। শ্রমজীবী মানুষ কাজে যেতে পারছে না। ঘর থেকে বের হতে পারছেন না বয়স্করা। শীতজনিত সর্দিজ্বর, আমাশয়, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক সপ্তাহে ছয় জেলায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে ঘন কুয়াশায় আলুর খেতে দেখা দিয়েছে লেটব্রাইট রোগ।আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পঞ্চগড়: তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, তিরনইহাট গ্রামের বাসিন্দা আবুল হোসেন (৭৬) গত বুধবার সন্ধ্যায় খড়কুটো জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তীব্র শীতে রাতেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় লোকজন জানান, একই ইউনিয়নের পিঠাখাওয়া গ্রামের হান্নান (৩০), আলেরবাড়ী গ্রামের হারেছ আলী (৬৫) ও যোগীগছ গ্রামের কমিজ উদ্দিন (৫৫) শীতজনিত কারণে মারা গেছেন। গ্রামবাসী জানান, তাঁরা সবাই হতদরিদ্র ও শ্রমজীবী মানুষ।পঞ্চগড় সদরের মীরগড় এলাকার নজরুল ইসলাম (৮৫) বৃহস্পতিবার রাতে মারা গেছেন। প্রতিবেশীরা জানান, তীব্র শীতে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এ ছাড়া একই রাতে আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের নইমউদ্দীন (৭০) মারা যান। ছেলে নাজিমউদ্দিন জানান, তাঁর বাবা ছিলেন অ্যাজমার রোগী। তীব্র শীতে তিনি আরও অসুস্থ হয়ে পড়েছিলেন। একই ইউনিয়নের ঘোড়াডাঙ্গা গ্রামের জালাল উদ্দিন (৭০) ও প্রধানপাড়া গ্রামের বুধি নেছাও বুধবার (৬৫) শীতজনিত রোগে মারা গেছেন বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রসিদুল ইসলাম জানান।পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা বাহারাম আলী জানান, শীতজনিত রোগে বয়স্ক লোকজন ও শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। গত কয়েক দিনে উল্লেখযোগ্য সংখ্যক শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কুমার চ্যাটার্জি জানান, ঘন কুয়াশার কারণে জেলার বিস্তৃত এলাকাজুড়ে আলুর খেতে লেটব্রাইট রোগসহ নানা রোগ দেখা দিয়েছে। আলুর খেতে লেটব্রাইট রোধে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানান, জেলায় সরকারিভাবে ছয় হাজার কম্বল বিতরণ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আরও ১০ হাজার কম্বল চেয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। ফরিদপুর: চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের বেপারীডাঙ্গী গ্রামের শেখ মোহনের স্ত্রী লাল বড়ু (৬০) বৃহস্পতিবার বিকেলে পদ্মার পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় তিনি তীব্র শীতে জমিতেই অজ্ঞান হয়ে পড়েন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। রাতেই তিনি মারা যান। এদিকে বৃহস্পতিবার রাতে মারা যান মধু ফকিরের ডাঙ্গী গ্রামের স্কুলশিক্ষক নিত্যগোপাল চক্রবর্তী (৭২)। ছেলে আনন্দ চক্রবর্তী জানান, তাঁর বাবা তীব্র শীতে শ্বাসকষ্টে ভুগছিলেন।উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুজন চন্দ্র বর্মণ জানান, উপজেলার উমানন্দ গ্রামের গোলাপের শিশুপুত্র মনি (৪) নিউমোনিয়ায় ভুগে ৮ জানুয়ারি হাসপাতালে মারা যায়। একই রোগে বুধবার মারা যায় লাভলী (৩) নামের বাগুয়া গ্রামের আরেকটি শিশু।স্থানীয় সূত্রগুলো জানায়, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে বাগুয়া গ্রামেরই ইয়াকুব আলী (৬০), খারিজা নাটশালা গ্রামের জব্বার শেখ (৬৫), নেছা খাতুন (৭০), বুড়াবুড়ী গ্রামের ছকিনা (৭০) ও হাতিয়াচর বাগুয়া গ্রামের নবিজন (৭০) মারা গেছেন। উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন ১৫ থেকে ২০টি শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলওয়ে হাসপাতালের সহকারী সার্জন এস কে রায় জানান, উপজেলার দিয়াড় বাঘইল গ্রামের আবদুল গফুর (৮০) বৃহস্পতিবার রাতে তীব্র শীতে কাতর হয়ে পড়েন। এরপর দ্রুত তাঁকে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু গতকাল সকালে তিনি মারা যান। গ্রামবাসী জানান, একই কারণে বৃহস্পতিবার রাতে ফতেমোহাম্মদপুর এলাকার রিকশাচালক ভোলা (৬৫), প্রতিবন্ধী কালাম (৫৫) ও দিনমজুর সাবান আলী (৭৬) মারা গেছেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, শীতজনিত রোগে অসুস্থ রোগীর সংখ্যা বাড়ছে। বালাগঞ্জ (সিলেট): বালাগঞ্জ উপজেলার ওসমানীনগরের হামতনপুর গ্রামের অতুল চন্দ্র সূত্রধর (৬৬) বুধবার রাতে বাড়ির পার্শ্ববর্তী হাওরে বোরোখেতের জমি দেখতে যান। এ সময় তীব্র শীতে তিনি খেতেই অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাঁকে রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল সকালে তিনি সেখানে মারা যান।নড়াইল: তীব্র শীতে নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামের নলকূপ মিস্ত্রি নকীবর মুন্সি (৭৮) বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়িতেই মারা যান। প্রতিবেশী খান মকসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সঞ্জিৎ কুমার সাহা জানান, গত কয়েক দিনে শতাধিক শিশু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জেলা প্রশাসক আনোয়ার হোসেন জানান, এরই মধ্যে জেলায় দেড় হাজার কম্বল বিতরণ করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। তিনি বলেন, আরও দুই হাজার কম্বল চেয়ে মন্ত্রণালয়ে জরুরি চিঠি পাঠানো হয়েছে।