শীতজনিত রোগে দুই দিনে শিশুসহ পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতজনিত রোগে গতকাল শনি ও গত শুক্রবার দুই জেলায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে শিশু, বৃদ্ধ, বস্তিবাসী মানুষ, ভিক্ষুক ও দিনমজুরেরা।প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, ঢাকার বাইরে আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: সাতক্ষীরা: শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গত দুই দিনে সদর, শ্যামনগর ও দেবহাটা উপজেলায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তেজেন্দ্রনাথ হালদার প্রথম আলোকে বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পরানপুর গ্রামের বেবি (দুই দিন) নামের এক শিশুকে গতকাল সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক ছিল। ওকে বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের নাছিমা খাতুন (২) ও সদর উপজেলার অজিয়ার রহমান (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।গত সাত দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগে আক্রান্ত অন্তত ৯১ শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে, ভর্তি করা হয়েছে ১৬ শিশুকে। এসব শিশুর অধিকাংশই সর্দি, জ্বর ও কাশিতে ভুগছে। চাঁদপুর: শীতজনিত অসুখে জেলার হাইমচর উপজেলায় গতকাল ভোরে দুই নারীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন নীলকমল ইউনিয়নের ঈশানবালা এলাকার নুরুন্নেছা বেগম (৬৫) ও করফুলজান বেগম (৫৮)। এ খবরের সত্যতা নিশ্চিত করে নীলকমল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিন সরদার বলেন, কয়েক দিন ধরে এখানে তীব্র শীত পড়েছে। এখানে চরাঞ্চলবাসীর শীত নিবারণে এগিয়ে আসছে না কেউ। নীলফামারী: ‘আর কয় দিন যে ঠান্ডা যায় বাও, ঠান্ডাত মরি গেইছি। খাওন নাই, দাওন নাই, নাম নেকি নিগাইছে (লিখে নিয়ে গেছে), কম্বল-টম্বল কিছুই নাই। সরকার থাকি কত আর আনি ব্যাচে খাইবে?’ এই জিজ্ঞাসা নীলফামারী পৌর এলাকার মধ্য হাড়োয়া গ্রামের কবির উদ্দিনের (৯০)। গত শুক্রবার বিকেলে হাড়োয়া গ্রামে গিয়ে দেখা গেছে, প্রায় প্রতিটি বাড়ির আঙ্গিনায় ও উঠানে খরকুটো জ্বালিয়ে লোকজন শীত নিবারণের চেষ্টা করছে। এ গ্রামের বেশির ভাগ মানুষ হতদরিদ্র। তাঁরা মজুর খাটেন।সদর উপজেলার নিজপাড়া গ্রামের বেশির ভাগ মানুষ ভূমিহীন দিনমজুর। তাঁদের পর্যাপ্ত গরম কাপড় নেই। তাই শীতে ভোগান্তিরও অন্ত নেই তাঁদের। এই গ্রামের সরবালা (৬৫) বলেন, ‘ঠান্ডাটা মুই সবারও না পারছো। সরকারি কম্বল-টম্বল একবারও নাই পাও। এই ঠান্ডাত কুন দিন বা মোক নদীর পাড়ত (শ্মশানে) নিয়া যায়ছে।’জেলা ত্রাণ কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পর্যন্ত ছয় হাজার ৭৬৭টি কম্বল, ২৫০টি চাদর ও ২০০ শিশুবস্ত্র বিতরণ করা হয়েছে। ত্রাণ মন্ত্রণালয় থেকে আরও ২৫ হাজার কম্বল, ২০ হাজার চাদর ও ১৫ হাজার শিশুর পোশাক চাওয়া হয়েছে। কুড়িগ্রাম: কনেকনে শীতে কাঁপতে কাঁপতে গোলেনূর বেওয়া (৬৮) বলেন, ‘বাবা একনা কম্বল দেও। তাঁর বাড়ি উলিপুর উপজেলার কল্যাণ কাজীপাড়া গ্রামে। শুধু গোলেনূর বেওয়া নন, আরও অনেক ভিক্ষুক এখন মানুষের কাছে টাকা-পয়সা না চেয়ে বরং গরম কাপড়, কম্বল চান। বরিশাল: ‘আইজ হারা দিন (সারা দিন) ঝেকতে ঝেকতে (কাঁপতে কাঁপতে) শ্যাষ হইয়া গেছি, কালের (ঠান্ডার) চোডে হাত-পাও অবশ হইয়া গ্যাছে, আর কয় দিন এ রহম শীত পড়লে বাঁচন লাগবে না।’ ৮০ বছর বয়সী চন্দ্রভান বানু এভাবেই শীতের তীব্রতার বর্ণনা দেন।কয়েক দিন ধরে চলা শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে এই জেলার বিভিন্ন বস্তির শিশু ও বৃদ্ধরা। তাদের অনেকে ভুগছে শ্বাসকষ্টসহ নানা অসুখে।বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোশতাক আল মেহেদী বলেন, এক সপ্তাহ ধরে তীব্র শীতে দক্ষিণাঞ্চলে সবচেয়ে সমস্যায় রয়েছে সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্করা। শিশুরা নিউমোনািয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। বয়স্করা ভুগছেন শ্বাসকষ্টে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এম আর তালুকদার মুজিব বলেন, হাসপাতালে শীতের সময় সবচেয়ে বেশি থাকে শিশু রোগী। এদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বেশি। নাটোর: বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের আছিয়া বেওয়া (৫৬) ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। তিনি বলেন, ‘গত সাত-আট দিন ধরি বাইরে যাতি পারিনি। আগের জমানো চাল দিয়া প্রতিদিন একবেলা করি ফ্যান-ভাত খাইয়া বাঁচি আছি। দুই-এক দিনের মধ্যে গরম কাপড় না পালে মানষের বাড়িত যাতেও পারব না, খাতিও পারব না। মরতি হবি! একুন সরকার হয় খাতে দিক, না হয় গরম কাপড় দিক।’ নাটোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, ‘আমরা সব দুস্থ মানুষকে গরম কাপড় দেওয়ার চেষ্টা করছি। স্থানীয় সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারও সদর উপজেলায় গরম কাপড় বিতরণের বিশেষ উদ্যোগ নিয়েছেন।’ রংপুর: গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীপাড়ের রমাকান্ত গ্রামের ৯০ বছরের বৃদ্ধা ছবেজন নেছা গতকাল বলেন ‘মোক একখান কম্বল দেন। একটা গরম কাপড় জোগাড় করি দেও। এবারের শীতোত খুব কাহিল হয়া পড়ছি। হামাকগুলাক বাঁচান বাহে।’ শুধু ছবেজন নেছা নন, নদীপাড়ের শত শত অসহায় দুস্থ ও হতদরিদ্র মানুষের একই আকুতি। উপজেলার মর্ণেয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম বলেন, এখনো কোনো শীতবস্ত্র মেলেনি। অথচ এবার শীতের তীব্রতা বেশি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক বলেন, এ পর্যন্ত ৮০০ কম্বল বিতরণ করা হয়েছে। তবে প্রয়োজনের তুলনায় একবারেই অপ্রতুল। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ৫০ হাজার কম্বল চেয়ে ঢাকায় ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে। কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। এমপি সাহেব আসেননি বলেসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গরিব ও দুস্থ মানুষ শীতে নাকাল। তাঁদের সহায়তা দেওয়ার জন্য সরকার কয়েক শ কম্বল পাঠিয়েছে। তবে সেগুলো বিতরণ করা হচ্ছে না। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইউএনও মো. সাইফুল ইসলাম গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বলেন, এ উপজেলার জন্য ৫০০ কম্বল পাওয়া গেছে। এমপি মহোদয় সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল আজ (গতকাল) এখানে আসার কথা। তিনি এলে সবগুলো কম্বল বিভিন্ন ইউপি চেয়ারম্যানের মাধ্যমে দুস্থদের মধ্যে বিতরণ করা হবে।