শীতলক্ষ্যা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ: নোটিশ স্থগিতের আবেদন নাকচ
শীতলক্ষ্যা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ: নোটিশ স্থগিতের আবেদন নাকচ নিজস্ব প্রতিবেদকশীতলক্ষ্যা নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে দেওয়া নোটিশ স্থগিতের জন্য ছয় প্রতিষ্ঠানের করা আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট। তবে উচ্ছেদ বন্ধের বিষয়ে সিটি গ্রুপের একটি আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন থাকায় আদালত প্রতিষ্ঠানগুলোর স্থাপনা আগামী ৩০ দিন পর্যন্ত উচ্ছেদ না করার নির্দেশ দেন। আজ রোববার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। শীতলক্ষ্যা নদীর তীরে নির্মিত অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে দেওয়া হাইকোর্টের নোটিশের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চেয়ে সিটি গ্রুপ, আকিজ সিমেন্ট, স্ক্যান সিমেন্ট ও মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজসহ ছয়টি প্রতিষ্ঠান আবেদন করে। গত বছরের ২৬ জুন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচপিপি) করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শীতলক্ষ্যা, তুরাগ, বালু ও বুড়িগঙ্গা নদী রক্ষায় কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন। এই নির্দেশনার আলোকে এ বছরের ৯ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ প্রতিষ্ঠানগুলোকে শীতলক্ষ্যা নদীর বুক থেকে স্থাপনা সরাতে নির্দেশ দেন। এ নোটিশের কার্যকারিতা স্থগিতের জন্য ও মূল রিট আবেদনে পক্ষভুক্তির জন্য প্রতিষ্ঠানগুলো হাইকোর্টে আবেদন করে। এসব আবেদনের ওপর গত বৃহস্পতিবার শুনানি হয়।