শীতলক্ষ্যা-তুরাগের বালু ব্যবসায়ীদের উচ্ছেদ করার নির্দেশ
নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর এবং ঢাকার মিরপুরের শিন্নিরটেক এলাকায় তুরাগ নদের তীর দখলকারী বালু ব্যবসায়ীদের তিন দিনের মধ্যে উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন।একই সঙ্গে নদীর তীরে রাখা বালু ১৫ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন আদালত। নির্দেশ বাস্তবায়ন করে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (পরিকল্পনা), পরিচালক (বন্দর ও ট্রাফিক), প্রধান প্রকৌশলী, নারায়ণগঞ্জে কর্মরত উপপরিচালক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার, ঢাকার মিরপুর অঞ্চলের পুলিশের উপকমিশনার, মিরপুর ও নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ দেওয়া হয়েছে। গত ৩১ আগস্ট দৈনিক ‘প্রথম আলো’তে ‘কাঁচপুর সেতু এলাকায় নতুন করে ১৭ বিঘা জায়গা দখল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটি যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ও সোসাইটি ফর জাস্টিসের পক্ষে গতকাল সোমবার একটি রিট করা হয়। রিটের ওপর শুনানি নিয়ে আদালত ওই নির্দেশের পাশাপাশি রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান। শীতলক্ষ্যা নদী দখল করে কাঁচপুর এলাকায় ও তুরাগ নদ দখল করে মিরপুরের শিন্নিরটেক এলাকায় সব ধরনের বালু ব্যবসা বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। একই সঙ্গে ভূমি দখলকারীদের হাত থেকে শীতলক্ষ্যা ও তুরাগের তীর রক্ষা এবং নদী এলাকা বালু ব্যবসা থেকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়। নৌপরিবহনসচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), ঢাকা ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ ১৪ জনকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত।