শীতলক্ষ্যা থেকে শিশু জিহাদের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে অপহরণের পর শীতলক্ষ্যা নদীতে ফেলে হত্যা করা শিশু মো. জিহাদের (৪) লাশ আজ বুধবার উদ্ধার করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে র্যাবের একটি দল স্পিডবোটে করে তল্লাশি চালিয়ে কুতুবপুরে শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করে। র্যাব সদর দপ্তর প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।নারায়ণগঞ্জ শহরের পুরোনো কোর্ট এলাকায় অবস্থিত র্যাব-১১ ক্রাইম প্রিভেনশনাল স্পেশাল কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, রোববার সন্ধ্যা সাতটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার সিঙ্গাপুর প্রবাসী আক্তার হোসেনের একমাত্র সন্তান জিহাদ অপহূত হয়। পরে অপহরণকারী চক্রের সদস্যরা মুঠোফোনে জিহাদের মা মাসুদা আক্তারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণের টাকা নিয়ে পরদিন সোমবার বিকেল পাঁচটার দিকে শহরের চাষাঢ়া শহীদ মিনারের সামনে যেতে বলে। মাসুদা বিষয়টি র্যাব সদস্যদের জানান। জিহাদকে উদ্ধার করতে সোমবার বিকেলে র্যাব-১১-এর লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুল আলম ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ নাজির খানের নেতৃত্বে র্যাবের একটি দল চাষাঢ়ায় ওত পেতে থাকে। কিন্তু অপহরণকারীরা ওই সময় মুক্তিপণের টাকা নিতে যায়নি। রাতে অপহরণকারীরা আবার মাসুদাকে ফোন করে মুক্তিপণের টাকা নিয়ে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় চাষাঢ়ায় আসতে বলে। বিষয়টি র্যাবকে জানানো হয়। অপহরণকারী চক্রের সদস্যরা মুক্তিপণের এক লাখ টাকা নিয়ে চলে গেলেও জাহিদকে ফেরত দেয়নি। যাওয়ার সময় র্যাব সদস্যরা অপহরণকারীদের পিছু নেন এবং ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে অপহরণকারী চক্রের সদস্য মো. ওয়াসিম, সালাম ও সাদেককে আটক করেন। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী স্বপন মিয়া, শাকিল আহম্মেদ ও লাকি আক্তারকে আটক করা হয়।র্যাবের ভাষ্য, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়, মুক্তিপণের টাকার জন্য শিশু জিহাদকে অপহরণ করা হয়েছিল। চিনে ফেলার ভয়ে সোমবার সন্ধ্যা সাতটার দিকে তোয়ালে দিয়ে মুড়িয়ে ঘুমন্ত জিহাদকে কাচপুর সেতুর ওপর থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন তারা ওই শিশুর পরিবারের কাছ থেকে মুক্তিপণের এক লাখ টাকাও আদায় করে।