শীতলক্ষ্যা দখল করে আবার বালু-পাথরের ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা সেতুর (কাঁচপুর) নিচে উত্তর প্রান্তে আবার নদী ভরাট ও দখল করে শুরু হয়েছে বালু-পাথরের ব্যবসা। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিদ্ধিরগঞ্জ থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দর কার্যালয়ের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলাম ১৭ মে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, নারায়ণগঞ্জ নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন আটি মৌজায় কাঁচপুর সেতুর নিচে বাংলাদেশ পেপার মিলের সামনে নদীতীরের একটি বড় অংশ ভরাট করে ফেলা হয়েছে।বিআইডব্লিউটিএর অভিযোগ, নদীতীর ভরাট ও দখলের জন্য কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন: সিদ্ধিরগঞ্জের নয়াআটির মুক্তিনগর এলাকার শাহজাহান প্রধান বাদল, শিমরাইলের নূরুজ্জামান জজ, সহিদুল্লাহ, মো. জাহাঙ্গীর হোসেন, এম এইচ মনির, খোকন দেবনাথ ও সেনপাড়ার বাসেদ মিয়া। তাঁদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায় বিআইডব্লিউটিএ।সরেজমিন ঘুরে দেখা যায়, কাঁচপুর সেতুর উত্তর প্রান্তের নিচে বাংলাদেশ পেপার মিলের সামনে নদীতীর ভূমির প্রায় দেড় একর জায়গা দখল করে বালু ফেলে ভরাট করা হয়েছে। নদীপথে বালু-পাথর এনে সেখানে স্তূপ করে রাখা হয়েছে বিক্রির জন্য। কয়েক শ শ্রমিক বালু-পাথর ওঠানো-নামানোর কাজ করছেন।স্থানীয় লোকজন জানায়, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিএনপির স্থানীয় সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন কাঁচপুর সেতুর নিচে বিশাল অংশ দখল করে সেখানে পাথর ও বালুর ব্যবসা গড়ে তোলেন। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেতুর নিচের সব স্থাপনা ভেঙে দেয়। কিন্তু বর্তমান সরকারের আমলে আওয়ামী লীগের স্থানীয় এক সাবেক সাংসদের ঘনিষ্ঠ নূর হোসেনের ছত্রচ্ছায়ায় নদীর তীর ভরাট করে আবার বালু ও পাথরের ব্যবসা গড়ে তোলা হয়েছে। বিআইডব্লিউটিএর অভিযোগে নাম উল্লেখ করা শাহজাহান প্রধান বাদল নূর হোসেনের ভাতিজা।বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের উপপরিচালক আলমগীর কবির প্রথম আলোকে বলেন, নদীর তীর সংরক্ষণের জন্য একটি আদেশ দিয়েছেন হাইকোর্ট। সে অনুযায়ী, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, বালু ও তুরাগ নদ ও তীরভূমি দখল করে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। কাজেই বালু-পাথরের ব্যবসার জন্য কাঁচপুর সেতুর নিচের জায়গা দখল অবৈধ।টেলিফোনে যোগাযোগ করা হলে নূর হোসেন প্রথম আলোকে বলেন, ‘গত দুই বছরে আমি এক দিনও কাঁচপুর সেতুর নিচে যাইনি। নদী দখল বা বালু-পাথরের ব্যবসার সঙ্গে আমি জড়িত নই।’অভিযোগের বিষয়ে শাহজাহান প্রধান বাদল (নূর হোসেনের ভাতিজা) বলেন, ‘আমি আগে বালুর ব্যবসা করতাম, এখন করি না। তাই নদী দখলের প্রশ্নই ওঠে না।’আর মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, সরকারের কাছ থেকে জমি বন্দোবস্ত নিয়ে তিনি কাঁচপুর সেতুর নিচে বৈধভাবে পাথরের ব্যবসা করছেন। তবে বিআইডব্লিউটিএর লিখিত অভিযোগে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশনার পর নদীতীর ভূমির সব বন্দোবস্ত বাতিল করা হয়েছে। এ কথা জানালে জাহাঙ্গীর বলেন, ‘বন্দোবস্ত এখনো বহাল আছে। তবে কাগজপত্র এখন নেই।’ এ ছাড়া নূরুজ্জামান জজ ও মনিরের মুঠোফোনে গত শনিবার একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁরা ফোন ধরেননি। আর সহিদুল্লাহ, খোকন দেবনাথ ও বাসেদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।বিআইডব্লিউটিএর অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা বলেন, ‘আমরা তদন্ত করে শিগগিরই যথাযথ ব্যবস্থা নেব।’সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান বলেন, নূর হোসেন আওয়ামী লীগের কোনো পদে নেই।