শীতলক্ষ্যা দখলে আওয়ামী লীগ ও বিএনপির সিন্ডিকেট
শীতলক্ষ্যা নদী দখল করে বালু-পাথরের ব্যবসা থেমে নেই। নদীর পশ্চিম প্রান্তের মতো পূর্ব প্রান্তেও ওই ব্যবসা শুরু হয়েছে। এ জন্য আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের সমন্বয়ে গঠন করা হয়েছে সর্বদলীয় সিন্ডিকেট।এই দখলদারদের উচ্ছেদে দফায় দফায় নোটিশ দিলেও তাঁরা উল্টো প্রশাসনের কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত ৩০ মে প্রথম আলোর প্রথম পাতায় ‘শীতলক্ষ্যা দখল করে আবার বালু-পাথরের ব্যবসা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর শীতলক্ষ্যা নদী দখলমুক্ত করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে গত ১২ জুলাই থেকে উচ্ছেদ অভিযান চালায়। টানা তিন দিনের অভিযানে কাঁচপুর সেতুর নিচে নদী দখলের জন্য ফেলা প্রায় এক লাখ ঘনফুট বালু অপসারণ করা হয় এবং নদীর তীর দখল করে গড়ে তোলা ১৫-২০টি ছোটো দোকান উচ্ছেদ করা হয়। কিন্তু অভিযান চালাতে গিয়ে নানা বিপত্তির মুখে পড়তে হয়।পূর্ব প্রান্তে দখল: কাঁচপুর সেতুর পশ্চিম প্রান্তে অভিযান চালানোর পর কয়েকজন দখলদার বালু-পাথরের ব্যবসার জন্য পূর্ব প্রান্তে কাঁচপুরের জায়গাটি বেছে নেন। নির্বিঘ্নে এই ব্যবসা চালাতে স্থানীয় আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা প্রথমে একটি সিন্ডিকেট করেন। কিন্তু কাঁচপুরের ওই এলাকায় বিএনপির নেতা-কর্মীরা শক্তিশালী হওয়ায় ঝামেলা এড়াতে সিন্ডিকেটে তাঁদেরও অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেই মোতাবেক জুলাই মাসের প্রথম সপ্তাহে স্থানীয় একটি চায়নিজ রেস্তোরাঁয় দুই দলের নেতা-কর্মীদের বৈঠক হয়। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী বাবুল, ওমর, মোখলেস, রাশেদ, লাভলু, সাদেক ও মিজান এবং বিএনপির হাজি বারেক, মোস্তফা, শাহ আলম, আলাউদ্দিন, হাবিবুর রহমান, কাঁচপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বারেক হোসেন এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের (সওজ) সাবেক গাড়িচালক আসমত উল্লাকে সিন্ডিকেটের সদস্য রাখা হয়।বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রত্যেকে আলাদাভাবে বালু-পাথর এনে নদীর তীরভূমি ভরাট করে ব্যবসা করবেন। প্রতিদিনের লাভের একটি অংশ স্থানীয় আওয়ামী লীগের নেতা ও প্রশাসনকে দেওয়া হবে। আর বিএনপি যেহেতু ক্ষমতায় নেই, তাই বিএনপির শীর্ষস্থানীয় কোনো নেতাকে লাভের টাকা দেওয়া হবে না। এই সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা যৌথভাবে নদী ভরাট করে বালু ও পাথরের ব্যবসা করে যাচ্ছেন।সম্প্রতি সেতুর পূর্ব প্রান্তে গিয়ে দেখা যায়, নদীর বিশাল অংশ দখল করে সিন্ডিকেটের সদস্যরা ব্যবসা করছেন। সেতুর নিচে প্রচুর বালুভর্তি ট্রাক। ট্রাকের ধাক্কায় সেতুর দুটি পিলারও ক্ষতিগ্রস্ত হয়েছে। বালু ব্যবসায়ীদের সিন্ডিকেটের ম্যানেজার আমির হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন এই স্থান থেকে গড়ে পাঁচ লাখ টাকার বালু বিক্রি হয়। সেতুর পশ্চিম প্রান্তের তুলনায় আমাদের ব্যবসা জমে উঠেছে।’সিন্ডিকেটের সদস্য আওয়ামী লীগের সমর্থক রাশেদ, লাভলু ও সাদেক এবং বিএনপির সমর্থক শাহ আলম ও আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, আমরা দুই দলের সমর্থকেরা মিলেমিশে ব্যবসা করতে বৈঠক করেছি সত্য। কিন্তু আমরা তো নদী ও সেতুর কোনো ক্ষতি করছি না। সরকারের অনুমতি আছে কি না, জানতে চাইলে তাঁরা বলেন, অনুমতি পরে নেওয়া হবে।ইউপি সদস্য ও বিএনপির সমর্থক বারেক হোসেন বলেন, ‘ইউপি সদস্য হিসেবে আমিও চাই সবাই মিলেমিশে ব্যবসা করুক। যেহেতু এখানে নদীর পাড়ে অন্যরা ব্যবসা করছে, তাই আমরাও করছি। আর আমাদের ব্যবসার কারণে নদীর তো ক্ষতি হচ্ছে না।’ নদী ভরাট প্রসঙ্গে তিনি বলেন, ‘শুকনো মৌসুমে আমরা নদী ঠিক করে দেব, যাতে নদীতে ঠিকমতো নৌযান চলাচল করতে পারে।’ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘বাবুল ওমর, মোখলেস, রাশেদ, লাভলু, সাদেক ও মিজান—সবাই আমাদের দলের সমর্থক। তারা অন্যায় কিছু করলে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর বলেন, ‘আমি তো সবাইকে চিনি না। তবে হাজি বারেক, হাবিবুর রহমান, ইউপি সদস্য মো. বারেক হোসেন আমাদের দলের সমর্থক। তারা অবৈধভাবে বালু-পাথরের ব্যবসার সঙ্গে জড়িত কি না, আমার জানা নেই।’এদিকে স্থানীয় প্রশাসন দখলদারদের উচ্ছেদে দফায় দফায় নোটিশ দিলেও কাজ হচ্ছে না। এ ব্যাপারে কাঁচপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা হুমায়ন কবির বলেন, ‘দখলদারদের নাম উল্লেখ করে তাদের নোটিশ দিয়েছি। কিন্তু তারা আমাদের নোটিশে কর্ণপাত না করেই দখল-বাণিজ্যে মেতে উঠেছে। অবিলম্বে দখলদারদের উচ্ছেদের সুপারিশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। দখলদারেরা প্রতিনিয়ত আমাদের হুমকি দিচ্ছে।’সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজর) জেলা নির্বাহী প্রকৌশলী ফারুক আহম্মেদ বলেন, ‘কাঁচপুর সেতুর পূর্ব প্রান্তে বালুর ব্যবসা করে প্রভাবশালীরা সেতুটির ক্ষতি করছে। আমরা বিষয়টি যোগাযোগ মন্ত্রণালয় ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে জানিয়েছি। আশা করা যায়, সেতুর পশ্চিম প্রান্তের মতো পূর্ব প্রান্তেও উচ্ছেদ অভিযান চালানো হবে।’পশ্চিম প্রান্ত দখলমুক্ত হয়নি: গত শুক্রবার বেলা তিনটার দিকে কাঁচপুর সেতুর পশ্চিম প্রান্তে গিয়ে দেখা যায়, সেতুর পশ্চিম প্রান্তের পিলার থেকে উত্তর প্রান্তের বাংলাদেশ পেপার মিলের সীমানা দেয়াল পর্যন্ত নদীর তীরভূমি দখল করে বালু-পাথরের ব্যবসা চলছে। নদীপথে বিভিন্ন ধরনের নৌযানের মাধ্যমে বালু-পাথর এনে সেতুর নিচে স্তূপ করা হচ্ছে। পরে ট্রাকের মাধ্যমে তা সরবরাহ করা হচ্ছে বিভিন্ন স্থানে।বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর দুই প্রান্তের তীরভূমি দখল করে অবৈধভাবে বালু-পাথরের ব্যবসা চলছে। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে।