শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আজ আরও ৩ জনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার চর মোক্তারপুরে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় আজ শুক্রবার আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন, নারায়ণগঞ্জ গোয়ালপাড়ার রতন চন্দ্র ঘোষ (৫৫), চাঁদপুর জেলার মতলব উপজেলার রোমান সরকারের ১১ মাসের সন্তান রাহিন ও অজ্ঞাত একটি মেয়ে (৮)। রাহিনের বাবা রোমান সরকারও লঞ্চডুবিতে মারা যান। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় মোট ১২ জনের লাশ উদ্ধার করা হলো।নারায়ণগঞ্জ বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে ঘটনাস্থলের আশপাশে তিনজনের লাশ ভেসে ওঠে। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে এখনো পুলিশের কিছু সদস্য কাজ করছেন। গত বুধবার সন্ধ্যায় ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনার অদূরে মেট্রো সিমেন্ট কারখানার কাছে তেল বহনকারী একটি ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে এমভি মদিনার আলো লঞ্চটি ডুবে যায়।