শীতলক্ষ্যায় ট্রলার ডুবি: নিখোঁজ ১৬ জন, উদ্ধারকর্মীদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতলক্ষ্যা নদীতে বালুর ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১৬ জন যাত্রী। আরও অনেকে নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ সোমবার সারা দিন নিখোঁজ যাত্রীদের কোনো লাশ উদ্ধার করতে না পারায় বিক্ষুদ্ধ হয়ে ওঠে জনতা।নিখোঁজ যাত্রীরা হলেন সুমন (১৮), রুবেল (১৯), নূর হোসেন (৩৮), সেলিম (১৬), মুকুল দাস (২৬), স্বপন (২১), রহমান (৪২), জুয়েল (১৮), হাসিনুর (১১), আসলাম (২৪), রিনা (২২), মনির (২০) শ্যামল (১৮), মামুন (২২), আরমান (২১) ও মাহবুব (২২)।প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, গতকাল রোববার রাত পৌনে ১১টায় শহরের টানবাজার খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় দেড় শতাধিক যাত্রী নিয়ে এই ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনো অনেকেই নিখোঁজ।রাত সাড়ে ১১টায় বিআইডব্লিউটিএ ও দমকল বাহিনীর ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। আড়াই ঘণ্টা উদ্ধারকাজ চালানোর পর নদীতে প্রচণ্ড স্রোত ও অন্ধকারের কারণে রাত দুইটায় উদ্ধারকাজ বন্ধ রাখা হয়। আজ সকাল পৌনে নয়টা থেকে আবারও উদ্ধারকাজ শুরু করে।দুপুর ১২টার দিকে ডুবুরিরা ইচ্ছা করে লাশ তুলছেন না বলে গুজব ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ডুবুরিদের ওপর হামলা চালায়। ডুবুরি আবদুল কায়েসকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদ্দৌজা জানান, যাত্রীদের বেশির ভাগ নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারি-গার্মেন্টস ও দোকানের শ্রমিক। কাজ শেষে তাঁরা বাড়ি ফিরছিলেন।নারায়ণগঞ্জ দমকল বাহিনী ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আহসানুল কবীর জানান, বিক্ষুব্ধ জনতার হামলায় চার ডুবুরি আহত হয়েছেন। এর মধ্যে আবদুল কায়েসের অবস্থা আশঙ্কাজনক।শীতলক্ষ্যা নদীর দুই তীরে বিক্ষুব্ধ জনতা উদ্ধারকাজে নিয়োজিত দমকল বাহিনী, বিআইডব্লিউটিএর কর্মী ও পুলিশের ওপর দিনভর দফায় দফায় হামলা চালায়। বিক্ষুব্ধ জনতা বালুবাহী ট্রলারগুলো আট ঘণ্টা আটকে রাখে এবং একটি বালুর ট্রলারে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা লাঠিচার্জ করে। এ সময় বিক্ষুব্ধ লোকজন পাল্টা উদ্ধারকর্মী ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। হামলায় পুলিশ, ডুবুরিসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।উদ্ধারকাজে নিয়োজিত ডুবুরিরা জানান, নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে এবং লাশ উত্তোলন করা সম্ভব হচ্ছে না। এমনকি ট্রলারটিকেও শনাক্ত করা যাচ্ছে না। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদ্দৌজা জানান, যাত্রীদের বেশির ভাগ নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারি-গার্মেন্টস ও দোকানের শ্রমিক। কাজ শেষে তারা বাড়ি ফিরছিলেন।