শীতলক্ষ্যায় ট্রলারডুবি: দুই শিশু নিখোঁজ
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ফায়ারঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে আজ সোমবার সকালে জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিআইডব্লিউটিএ ও দমকল বাহিনীর ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিখোঁজ শিশুদের উদ্ধার করা সম্ভব হয়নি।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকার আলমগীর মিয়ার স্ত্রী রাবেয়া সাড়ে তিন বছরের ছেলে রাসেল ও দেড় বছরের রাতুলকে নিয়ে শহরের কালিরবাজারে কেনাকাটা করতে আসেন। কেনাকাটা শেষে সেন্ট্রাল ফেরিঘাট থেকে ট্রলার যোগে বন্দর উপজেলার মদনগঞ্জের উদ্দেশে রওনা হয়।ট্রলারটি নিতাইগঞ্জ ফায়ারঘাট এলাকায় পৌঁছালে জ্বালানি তেল শেষ হয়ে যায়। এ সময় কাঁচপুরগামী সিটি গ্রুপের একটি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি ১৫-১৬ জন যাত্রীসহ ডুবে যায়। ট্রলারের যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও শিশু রাসেল ও রাতুল নিখোঁজ হয়।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ শিশু দুটির উদ্ধারে ডুবুরির দল কাজ করছে।