শীতলক্ষ্যায় ট্রলারডুবিতে নিখোঁজ ১৫
নারায়ণগঞ্জ শহরের খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে আজ সোমবার সকালে একটি ট্রলার ডুবে গেছে। এতে অন্তত ১৫ জন নিখোঁজ বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে পুলিশ তা নিশ্চিত করতে পারেনি। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তত্পরতা চলছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকালে বন্দর পূর্বপাড় ঘাট থেকে ৮০-৯০ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি ট্রলার খেয়াঘাট এলাকায় নদীতে ডুবে যায়। ট্রলারের যাত্রীরা অনেকে সাঁতরে তীরে ওঠে। আশপাশের ট্রলার এসে কিছু যাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় ২০ জন যাত্রী আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হচ্ছে। ট্রলারডুবির ঘটনায় ক্ষুব্ধ যাত্রী ও জনতা শহরের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় টোল আদায়ের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলার পর ইজারাদারদের লোকজন পালিয়ে যান। এ সময় জনতা নৌ-পুলিশ ফাঁড়িতে ইটপাটকেল ছোড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌনে নয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের প্রথম আলো ডটকমকে বলেন, ট্রলারডুবির ঘটনায় যাত্রীরা সাঁতরে ও অন্য ট্রলারে করে তীরে উঠতে সক্ষম হয়েছে। কেউ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি বলে তিনি জানান। তবে নদীতে তল্লাশি চালানো হচ্ছে।