শীতলক্ষ্যায় ভেসে উঠল ৮ লাশ
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনার দুই দিন পর গতকাল মঙ্গলবার আটজন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে শহরের টার্মিনাল খেয়াঘাট থেকে বন্দর উপজেলার মদনগঞ্জ পর্যন্ত এলাকার নদীতে লাশগুলো ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, এখনো আটজন যাত্রী নিখোঁজ রয়েছে।যাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বাড়ৈপাড়া এলাকার শ্যামল (২৫), দক্ষিণ কলাগাছিয়া এলাকার নূর হোসেন (৪৫), সোনাকান্দা এলাকার মাহবুবুর রহমান (২৬), সালেহনগর এলাকার সেলিম (২৪), হাজীপুরের জুয়েল (১৮), সোনাকান্দা ঋষিপাড়ার মুকুল দাস (২৫), শহরের র্যালি বাগান এলাকার রুবেল (১৯) ও আনুমানিক ২১ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গতকাল সকালে দুটি টাগবোট নিয়ে উদ্ধার অভিযানে নামে। পাশাপাশি নিখোঁজ যাত্রীদের স্বজনেরা ট্রলার নিয়ে প্রিয়জনকে খুঁজতে শুরু করে। সকাল আটটা থেকে একের পর এক লাশগুলো ভেসে ওঠে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ শহরের টানবাজার খেয়াঘাট এলাকা থেকে শ্যামল ও অজ্ঞাতনামা নারীর লাশ, বন্দর উপজেলার মাহমুদনগর এলাকার নদী থেকে সেলিমের, মদনগঞ্জ থেকে মুকুল দাসের, টানবাজার ফায়ার ঘাট এলাকা থেকে মাহবুব ও নূর হোসেনের, নিতাইগঞ্জ বিআইডব্লিউটিসি কার্যালয়ের সামনে থেকে রুবেল এবং কয়লাঘাট সৈয়দপুর এলাকা থেকে জুয়েলের লাশ উদ্ধার করা হয়। এ সময় নদীর দুই তীরে শত শত লোক ভিড় করে।মৃত নূর হোসেন হোসিয়ারি কারখানার মালিক। নূর হোসেনের লাশ শনাক্ত করে চিৎকার করে কাঁদতে শুরু করেন তাঁর স্ত্রী। মৃত অন্যরা শহরের নয়ামাটি ও উকিলপাড়া এলাকার বিভিন্ন হোসিয়ারি কারখানার শ্রমিক।দুই দিন ধরে গোকুল দাশ শীতলক্ষ্যার দুই তীরে খুঁজছিলেন ছেলে মুকুলকে। গতকাল সকাল ১০টায় মদনগঞ্জ এলাকায় একটি লাশ উদ্ধারের খবর পেয়ে তিনি ছুটে যান সেখানে। মুকুলের লাশ শনাক্ত করে তিনি মরদেহ জড়িয়ে আহাজারি শুরু করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অনেকের চোখে পানি আসে। দুপুর পর্যন্ত একের পর এক লাশ উদ্ধার হয়। নদী তীরের বাতাস ভারী হয়ে ওঠে স্বজনদের আহাজারিতে।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদ্দৌজা জানান, ট্রলার ডুবির ঘটনায় গতকাল দুপুর পর্যন্ত নদী থেকে আটটি লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মর্গে রাখা হয়েছে অজ্ঞাতনামা নারীর লাশ। জেলা প্রশাসক মো. সামছুর রহমান গতকাল বিকেলে জানান, উদ্ধার-তৎপরতা অব্যাহত রয়েছে। লাশ পরিবহনের ও দাফনের জন্য আর্থিক সহায়তা দিতে বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।গত রোববার রাতে নারায়ণগঞ্জ শহরের টানবাজার খেয়াঘাট এলাকার শীতলক্ষ্যা নদীতে বালুবাহী কার্গো ট্রলারের ধাক্কায় দেড় শতাধিক যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যায়। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কয়েকজন নিখোঁজ হন। রোববার রাতে ও সোমবার দিনভর উদ্ধার তৎপরতা চালিয়েও ডুবুরিরা কাউকে উদ্ধার করতে পারেননি।