শীতলক্ষ্যায় মোটরসাইকেল পারাপারে চড়া মাশুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিআইডব্লিউটিএর নির্ধারিত টোল ১৫ টাকা, আদায় করা হয় ৫০ থেকে ১০০ টাকানারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দার বাসিন্দা আইয়ুব আলী। নারায়ণগঞ্জ শহরের নয়ামাটিতে তাঁর থান কাপড়ের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তিনি মোটরসাইকেলে চলাফেরা করেন। প্রতিদিন বাড়ি থেকে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় তাঁকে শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে সকালে ৫০ এবং রাতে ফেরার পথে ৫০ মোট ১০০ টাকা টোল দিতে হচ্ছে। এবার ঈদের এক সপ্তাহ আগে থেকেই মোটরসাইকেল পারাপারে টোল বাড়িয়ে ৮০ টাকা থেকে ১০০ টাকা আদায় করা হচ্ছে। কোনো যাত্রী প্রতিবাদ করলেই তাকে নানাভাবে হেনস্তা করে খেয়াঘাটের ইজারাদারের লোকজন। বছরের পর বছর ধরে এভাবে অতিরিক্ত টোল দিয়ে নদী পার হতে হচ্ছে মোটরসাইকেল ব্যবহারকারীদের।অথচ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) খেয়াঘাটে মোটরসাইকেল পারাপারে টোল নির্ধারণ করেছে ১৫ টাকা। ইজারাদারেরা পাঁচ-ছয় গুণ বেশি টোল আদায় করলেও ঘাটের কাছে থাকা বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দর অফিস ও নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি তা বন্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা, আর পশ্চিম পাড়ে ১৫০ বছরের পুরোনো শহর নারায়ণগঞ্জ। জীবিকা, শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য কারণে বন্দর উপজেলা থেকে প্রতিদিন হাজারো মানুষ খেয়াঘাট পার হয়ে শহরে আসে। বন্দর ও শহরের যোগাযোগ সহজ করতে শীতলক্ষ্যা নদীর ওপর কোনো সরকারই আজ পর্যন্ত সেতু নির্মাণ করেনি। ফলে লাখ লাখ মানুষ প্রতিদিন নৌকা ও ট্রলারে করে পারাপার হচ্ছে। শহর ও বন্দরের সঙ্গে যোগাযোগের জন্য বিআইডব্লিউটিএর চারটি খেয়াঘাট রয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় রয়েছে আরও ১০টি খেয়াঘাট। তবে বিআইডব্লিউটিএ পরিচালিত সেন্ট্রাল খেয়াঘাট ও একরামপুর খেয়াঘাটই বেশি ব্যবহূত হচ্ছে।বিআইডব্লিউটিএর শর্ত অনুযায়ী, খেয়াঘাটে টোলের নির্ধারিত পরিমাণের তালিকা যথাযথ স্থানে ইজারাদারদের ঝুলিয়ে রাখার কথা, যাতে সহজেই সেটি যাত্রীদের চোখে পড়ে। কিন্তু সব খেয়াঘাটেই বিআইডব্লিউটিএর নির্ধারিত টোলের হার অস্পষ্ট কালিতে এমন স্থানে ঝুলিয়ে রাখা হয়েছে, যা যাত্রীদের চোখে পড়ে না।যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করতেই এটা করা হয়েছে বলে মনে করেন অনেকে। বিশেষ করে, মোটরসাইকেলের চালকদের কাছ থেকে স্বাভাবিক সময়ে আদায় করা হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। আর ঈদ মৌসুমে মোটরসাইকেলপ্রতি টোল আদায় করা হয় ৮০ থেকে ১০০ টাকা। এ কাজে নিয়োজিত ইজারাদারের লোকজন বছরের পর বছর মোটরসাইকেলের চালকদের কাছ থেকে জোরজবরদস্তি করে টোল আদায় করছে। ভয়ে কেউ এর প্রতিবাদ করে না।বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকার বাসিন্দা ও একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির বিক্রয় প্রতিনিধি আমিনুর রশিদ জানান, প্রতিদিন একরামপুর খেয়াঘাট দিয়ে সকাল ও রাতে তিনি মোটরসাইকেল নিয়ে পার হন। এমনিতে ৫০ টাকা করে নেওয়া হলেও ঈদ উপলক্ষে তা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। ঈদ চলে গেলেও টোল আদায় কমানো হয়নি। অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তবে নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাটে গেলে ইজারাদারের লোকজন অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি অস্বীকার করে।এ ব্যাপারে বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দর অফিসের উপপরিচালক আলমগীর কবির জানান, মোটরসাইকেলের চালকদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের ব্যাপারে যাত্রীরা অভিযোগ জানালে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।