শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি, আটজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনায় আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে আল মদিনা নামের একটি লঞ্চ তেল বহনকারী জাহাজের সঙ্গে ধাক্কায় ডুবে গেছে। এ ঘটনায় আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাত্ক্ষণিক কত জন যাত্রী নিখোঁজ রয়েছে তা নির্ণয় করা সম্ভব হয়নি। তবে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ও ডুবুরি দল লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। রাত ১০ টার দিকে ডুবুরি দল লঞ্চটির সন্ধান পান। তারা ছয় জনের লাশ লঞ্চের ভেতর থেকেই উদ্ধার করেন।উদ্ধার হওয়া আটজনের লাশের মধ্যে মনোয়ারা বেগম (৬০) নামের এ বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। তার লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। বাকি সাতজনের লাশ ঘটনাস্থলে একটি ট্রলারে রাখা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে তিনজন মহিলা, চারজন পুরুষ ও একজন শিশু রয়েছে। এদিকে খবর শুনে ঘটনাস্থলে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা ছুটে গেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেল পাঁচটার দিকে চাঁদপুরের মতলব থেকে আল মদিনা লঞ্চ নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে ষাটনল, মুন্সিগঞ্জের গজারিয়া থেকে যাত্রী নেয়। লঞ্চটি ধলেশ্বরী নদী পার হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শীতলক্ষ্যায় আসা মাত্র তেলবাহী একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, এ সময় লঞ্চটিতে প্রায় দুই শতাধিক যাত্রী ছিল। বেচে যাওয়ার কাহিনী বলতে গিয়ে লঞ্চের যাত্রী শাহনাজ বলেন, বাচার জন্য তেলের জাহাজে উঠার চেষ্টা করি। হাত দিয়ে জাহাজটি ধরা চেষ্টা করি। কিন্তু বৃদ্ধ মা নদীতে ভিড় ঠেলে উঠার আগেই মারা যায়। এদিকে খবর পেয়ে রাত নয়টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে যান। তারা যুবে যাওয়া লঞ্চটিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ ও র্যাব উপস্থিত রয়েছে। নদীর তীরে বেঁচে যাওয়া যাত্রীরা নিখোঁজ স্বজনদের সন্ধানে আহাজারি করছেন। উদ্ধারকারী ডুবুরি দল জানায়, লঞ্চের ভেতরে আরও লাশ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।এ প্রসঙ্গে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, লঞ্চটিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। উদ্ধারকারী জাহাজ রুস্তম উদ্ধার কাজ চালাচ্ছেন। তবে কত যাত্রী নিখোঁজ রয়েছে তা সঠিক করে নির্ধারণ করা যায়নি। তবে অনেক যাত্রী সাঁতরিয়ে তীরে উঠে গেছেন।