শীতলক্ষ্যায় লঞ্চডুবি, আটটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার চর মোক্তারপুরে শীতলক্ষ্যা নদীতে গতকাল বুধবার সন্ধ্যায় শতাধিক যাত্রী নিয়ে এমভি মদিনার আলো নামের একটি লঞ্চ ডুবে গেছে।ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনার অদূরে মেট্রো সিমেন্ট কারখানার কাছে তেল বহনকারী একটি ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়। রাত একটায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আটটি লাশ উদ্ধার করা হয়েছে।তবে কতজন যাত্রী নিখোঁজ রয়েছে, তাৎক্ষণিকভাবে তা নির্ণয় করা সম্ভব হয়নি। নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। উদ্ধার হওয়া আটটি লাশের মধ্যে মনোয়ারা বেগমের (৬০) পরিচয় মিলেছে। গতকাল রাত একটার দিকে লঞ্চটি নদী থেকে উদ্ধারের পর তীরে আনা হয়। মনোয়ারার লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। বাকি সাতজনের লাশ ঘটনাস্থলে একটি ট্রলারে রয়েছে। মৃত আটজনের মধ্যে তিনজন নারী ও এক শিশু রয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, লঞ্চটি ৪০ ফুট পানির নিচে রয়েছে। মুন্সিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।প্রত্যক্ষদর্শী সূত্রের বর্ণনা অনুযায়ী, বিকেল পাঁচটায় চাঁদপুরের মতলব থেকে এমভি আল মদিনা নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। পথে ষাটনল ও মুন্সিগঞ্জের গজারিয়া থেকে যাত্রী নিয়ে লঞ্চটি নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। ধলেশ্বরী নদী পার হয়ে শীতলক্ষ্যায় আসামাত্র লঞ্চটি একটি তেল বহনকারী ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আহত যাত্রী আবুল হোসেন (৫২) বলেন, ‘লঞ্চটি মাঝনদী দিয়েই যাচ্ছিল। যে স্থানে দুর্ঘটনা ঘটেছে, সেখানে ডান পাশে অনেক কচুরিপানা থাকায় লঞ্চটি মাঝনদী দিয়ে না গিয়ে বাঁ দিকে চেপে যাওয়ার সময় তেলবোঝাই ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।’ এ কথা বলার পর আবুল হোসেন চিৎকার করে ওঠেন, ‘আমার নাতি কই? আমার নাতিরে বাঁচাইতে পারলাম না।’ আবুল হোসেন বলেন, তিনি তাঁর নাতি সজীবসহ চারজন মতলব থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। স্ত্রী খোরশেদা ও শাশুড়ি বেঁচে গেলেও নাতি সজীব নিখোঁজ রয়েছে। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাইমচরে। কিন্তু তারা বর্তমানে নারায়ণগঞ্জের সৈয়দপুরে থাকেন। বেঁচে যাওয়া যাত্রী শাহনাজ পারভিনের আহাজারিতে হাসপাতলের পরিবেশ ভারী হয়ে ওঠে। শনাক্ত হওয়া একমাত্র লাশটি (মনোয়ারা বেগম) তাঁর মায়ের। অসুস্থ মাকে ডাক্তার দেখানোর জন্য নারায়ণগঞ্জ নিয়ে যাচ্ছিলেন তিনি। শাহনাজ বলেন, ‘লঞ্চটি ডুইবা যাওয়ায় বাঁচার জন্য তেলের জাহাজে ওঠার চেষ্টা করি। কিন্তু কে কার আগে উঠব। পুরুষ লোকের পায়ের লাথি খেয়েও কোনোরকমে বেঁচে যাই। কিন্তু বৃদ্ধ মা নদীতে ভিড় ঠেলে ওঠার আগেই মারা যায়।’ দুর্ঘটনার পর নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি লঞ্চের যাত্রীরা ডুবে যাওয়া লঞ্চের যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালান। তাঁরা লঞ্চ থেকে দড়ি ফেলে মানুষকে টেনে তোলার চেষ্টা করেন। ওই লঞ্চের বয়াও তাঁরা নদীতে ছুড়ে দেন। ওই লঞ্চের যাত্রী ওয়ালিউল্লাহ ননী বলেন, ‘যাত্রীদের চিৎকার শুনে আমাদের লঞ্চটি ডুবে যাওয়া লঞ্চটির কাছে যায়। আমরা তাড়াতাড়ি যাত্রীদের বাঁচানোর চেষ্টা করি। অনেকে হাত বাড়ালে আমরা তাদের টেনে তুলি।’ ঘটনাস্থলে গজারিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আলিম বলেন, তাঁদের একজন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম পাটোয়ারীকে পাওয়া যাচ্ছে না। তাঁর সঙ্গে গজারিয়া উপজেলা পরিষদের আরও পাঁচজন কর্মকর্তা ও কর্মচারী ছিলেন। তাঁরা গতকাল অফিস করে গজারিয়া ঘাট থেকে লঞ্চে ওঠেন। মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, লঞ্চটিতে অনেক যাত্রী ছিল। তবে অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছেন। মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি জানান, এমভি মদিনার আলোর নিখোঁজ যাত্রীদের বেশির ভাগই চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাসিন্দা। ডুবে যাওয়া লঞ্চ থেকে তীরে উঠতে পারা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম শরীফ উল্যাহ সরকার বলেন, ‘বেশির ভাগ যাত্রী আমার ইউনিয়নের লালপুর, ষাটনল, ইমামপুর ও পাঁচগাছিয়ার বাসিন্দা।’