শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় গ্রেপ্তার ২, তদন্ত কমিটি গঠন
মুন্সিগঞ্জের সদর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে জ্বালানি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন—ট্যাংকারের মাস্টার ফারুক হোসেন ও সুকানি মিজানুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ বিআইডব্লিউটিএয়ের নারায়ণগঞ্জ ঘাট থেকে তাঁদের গ্রেপ্তার করে।লঞ্চডুবির ঘটনা তদন্তে সমুদ্র পরিবহন অধিদপ্তরের নিরীক্ষা বিভাগের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের প্রতিবেদন বলা হয়েছে। গতকাল বুধবার রাতে কলাগাছিয়া ফাঁড়ির আর্মড পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, গতকাল চাঁদপুরের মতলব উপজেলার মাছুয়া বাজারঘাট থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে যাত্রাবাহী লঞ্চ মদিনার আলো রওনা দেয়। সন্ধ্যা সাতটার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার চর মোক্তারপুরে তেলবাহী ট্যাংকার পেছন থেকে ধাক্কা দিলে লঞ্চটি শীতলক্ষ্যায় ডুবে যায়। লঞ্চের অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আটজনের মৃত্যু হয়।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাজনিত কারণে থানায় মামলা হয়েছে।