শীতলপাটির শীতল ছায়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরমে ঘুমানোর জন্য স্বস্তিদায়ক বলে গ্রামবাংলায় শীতলপাটির কদর যুগ যুগ ধরে। গ্রামগঞ্জে এখনো অনেক পরিবার, বিশেষ করে অবস্থাপন্ন গৃহস্থরা অতিথির আরামের জন্য শীতলপাটি বিছিয়ে দিয়ে তৃপ্ত হন। বিদ্যুতের অশেষ দুর্ভোগের মধ্যে শুয়ে-বসে একটু শান্তি পেতে শহরেও অনেকে শীতলপাটি রাখেন। গায়েহলুদসহ বিভিন্ন অনুষ্ঠানে আভিজাত্য ও মর্যাদা বাড়ায় এই লোকজ ঐতিহ্য। তবে বিভিন্ন কারণে শীতলপাটির ব্যাপক ব্যবহার এখন আর নেই। এর পরও কিছু মানুষ নাড়ির টানের মতো ধরে রেখেছেন এই পাটি বোনার পেশাকে। অনন্তপুর গ্রামে গেলে দেখা মিলবে তাঁদের। ফেনীর পরশুরাম উপজেলায় গ্রামটি। ওই গ্রামের দেড় শতাধিক পরিবারের জীবিকা শীতলপাটি বোনা। শেকড় আঁকড়ে ধরে: একসময় পরশুরামের গ্রামে গ্রামে শীতলপাটি বোনা হতো। এখন অনন্তপুর ছাড়া উপজেলার অন্য কোনো গ্রামে শীতলপাটি বোনার কাজ তেমন নেই। পাশের কোলাপাড়া গ্রামের কিছু অংশে প্রায় ৫০টি পরিবার এই পেশার সঙ্গে জড়িত। শীতলপাটি ছাড়াও বিভিন্ন ধরনের পাটি বোনা হয় অনন্তপুরে। সাধারণত পরিবারের অভিজ্ঞ ব্যক্তিরাই শীতল পাটি বোনেন। কম বয়সী সদস্যরা অন্য পাটি বোনে। একটি বড় সাধারণ পাটি ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়। একই মাপের একটি শীতলপাটি বিক্রি হয় ৮০০ থেকে এক হাজার টাকায়। এ ছাড়া মাঝারি ও ছোট আকারের শীতলপাটিও আছে। এগুলো আয়তন অনুযায়ী বিভিন্ন দামে বিক্রি হয়। অনন্তপুরের পাটির কারিগর জ্যোতিরানী নাথ (৬০) বলেন, আগে পাটি বানানোর পর বাজারে নিয়ে বিক্রি করতে হতো, এখন লোকজন এসে বাড়ি থেকে কিনে নিয়ে যায়।পরশুরাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আহাম্মেদ বলেন, অনন্তপুর গ্রামের প্রায় সব পরিবারেই পাটি বোনার কাজ হয়। নিজেদের বোনা পাটি বিক্রি করেই তারা জীবিকা চালায়। পূর্বপুরুষের পেশা ও পারিবারিক ঐতিহ্য ধরে রাখতেই তারা অন্য পেশার দিকে যাচ্ছে না। বর্তমানে বাইরে থেকে কয়েকটি পরিবার এসে ওই গ্রামে জমি কিনে বাড়ি করেছে। তারাই কেবল এই পেশার সঙ্গে জড়িত নয়। বোনা হয় যেভাবে: প্রথমে বাজার থেকে পাটিগাছ কিনতে হয়, যা ‘মোর্তাক গাছ’ নামে পরিচিত। বাঁশের কঞ্চির মতো দেখতে এই গাছ সাধারণত নদী, খাল ও পুকুরপাড়ে এবং পরিত্যক্ত জমিতে জন্মে থাকে। এক আঁটি মোর্তাকের দাম পড়ে ১০০ থেকে ১৫০ টাকা। বাড়িতে এনে কাঁচা গাছ দা দিয়ে পাতলা করে ফালি করতে হয়। একেকটি গাছ তিন ফালি করে কাটা হয়। ফালির প্রথম অংশ ‘নেল’ বলে পরিচিত। এটি দিয়ে পাটি বোনা হয়। শেষ অংশ ‘বুকা’ বলে পরিচিত। এটি জ্বালানি হিসেবে ব্যবহূত হয়। নেল পাতলা করে কেটে গরম পানিতে সেদ্ধ করতে হয়। তারপর এতে কখনো রং লাগিয়ে, কখনো বা রং ছাড়া শীতলপাটি বোনা হয়। এভাবে পাঁচ হাত দীর্ঘ ও চার হাত প্রস্থ একটি পাটি বানাতে একজন কারিগরের ছয়-সাত দিন সময় লাগে। পাটি গ্রামে একদিন: সম্প্রতি এক বিকেলে অনন্তপুরে গিয়ে দেখা যায়, পাড়ায় পাড়ায় বিভিন্ন বাড়িতে পাটি বোনার কাজ চলছে। একটি বাড়িতে গিয়ে দুই সহোদর সরেসচন্দ্র নাথ ও বাবুলচন্দ্র নাথের সঙ্গে দেখা হয়। উঠানে বসে শীতলপাটি বুনছিলেন তাঁরা। এতে সহযোগিতা করছেন তাঁদের স্ত্রীরা। তাঁরা বলেন, পূর্বপুরুষের এই পেশার প্রতি তাঁদের এক ধরনের মায়া জন্মেছে। তাই প্রতিকূলতার মধ্যেও অন্য পেশায় যেতে পারছেন না। গ্রামের রমেশ স্বপন নাথ বলেন, তিনি ও তাঁর স্ত্রী মিলে পাটি বুনে সংসার চালান। তিনি বলেন, মোর্তাক গাছের পর্যাপ্ত উৎপাদন না থাকায় এই পেশা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর পরও গ্রামের মানুষ সামাজিকভাবে এই পেশাকে ধরে রাখার চেষ্টা করছে। গ্রামের সুকেনচন্দ্র নাথ ১৪ বছর আগে বিয়ে করেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব মায়ানি গ্রামের বকুলরানী নাথকে। বকুল পাটি বুনতে জানেন বলেই এ বিয়ে হয়েছে বলে জানান সুকেন। পরশুরাম বাজারের পাটি ব্যবসায়ী তপন ও মানিকচন্দ্র নাথ বলেন, অনন্তপুর থেকে শীতলপাটিসহ অন্যান্য পাটি কিনে এনে তাঁরা বিক্রি করেন। তবে চাহিদার তুলনায় শীতলপাটির সরবরাহ কম। প্রতিটি পাটি বিক্রি করে তাঁদের ১০০ থেকে ১৫০ টাকা লাভ হয়। দোকানে পাটি কিনতে আসা একজন ক্রেতা ৬৫০ টাকা দিয়ে একটি মাঝারি আকারের শীতলপাটি কেনেন। তিনি বলেন, গরমের সময় তোশকের ওপর শীতলপাটি বিছিয়ে শুলে আরামে ঘুমানো যায়। পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার বলেন, অনন্তপুর গ্রামের লোকেরা তাদের বাপ-দাদার আমল থেকে পাটি বানানোর পেশায় জড়িত। প্রতিকূলতার মধ্যেও পূর্বপুরুষের পেশা এভাবে ধরে রাখার ঘটনা বিরল।