শীতার্ত মানুষের জন্য আরও ৩২ হাজার পিস কম্বল বরাদ্দ
দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলার শীতার্ত মানুষের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আরও ৩২ হাজার পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে।আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি জেলার জন্য দুই হাজার পিস কম্বল দেওয়া হয়েছে। গতকাল মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দ দিয়ে এ বিষয়ে এক আদেশ জারি করা হয়। বরাদ্দপ্রাপ্ত জেলাগুলো হলো বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট, কুড়িগ্রাম, লালমনিরহাট, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, পাবনা, পঞ্চগড়, রাজশাহী, রংপুর, সিরাজগঞ্জ ও ঠাকুরগাঁও।এর আগেও দেশের ২২টি জেলার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে ২২ হাজার পিস কম্বল দেওয়া হয়।জেলাগুলো হলো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, চুয়াডাঙ্গা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরগুনা, শেরপুর, ময়মনসিংহ, ঢাকা, ও গোপালগঞ্জ।এর আগে গত বছরের নভেম্বর মাসে সারা দেশে এক লাখ ২৬ হাজার কম্বল বিতরণ করা হয়। বাসস।