শীতার্তদের পাশে...
অভিজাত অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে ফুটপাতে থাকা মানুষের কেউই রেহাই পাচ্ছে না শীতের প্রকোপ থেকে। ঠান্ডার এই সময় কেবল শীতবস্ত্রের বাজারটাই গরম। তাই তো নিজের জন্য, পরিবারের সদস্যদের জন্য শীতবস্ত্র কিনছেন অনেকেই। অনেকে আবার দল বেঁধে এসে শীতবস্ত্র কিনছেন অসহায় বস্ত্রহীন মানুষের জন্য। কেউ কেউ আবার দ্বারে দ্বারে ঘুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য সংগ্রহ করছেন শীতবস্ত্র।নগরের পথে কিংবা বস্তিতেই শুধু নয়, শীতবস্ত্রের পোঁটলা পৌঁছে যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলেও। মাঘ মাসের শীতের তোড় সামলে নগরের অনেকেই শীতবস্ত্রের গাট্টি নিয়ে ছুটছেন রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, যশোরের মতো দূরের জেলায়ও। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে নগরের ছাত্র-যুবা থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী সংগঠন, ছাত্রসংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন কারোরই উৎসাহের কমতি দেখা গেল না। শীতার্ত মানুষের হাতে একটু উষ্ণ কাপড় তুলে দিতেই তাদের এই আয়োজন।ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতির পরিব্রাজক দল (প্রপদ) বেশ কয়েক বছর ধরেই শীতবস্ত্র বিতরণের কাজ করছে। অন্যান্য বছরের মতো এ বছরও প্রপদ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শীতবস্ত্র সংগ্রহ করে সেগুলো বিতরণ করার কাজে নেমে পড়েছে। প্রপদের ঢাকা মহানগরের দায়িত্বে থাকা আরশাদ আলী জানান, নারিন্দা, শনির আখড়া, কাঁটাবনসহ বেশ কিছু এলাকায় ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে তাঁরা শীতবস্ত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি হলেই রাখা আছে তাঁদের শীতবস্ত্র নেওয়ার বুথ। সেখান থেকেও অনেক শীতের কাপড় পাচ্ছেন তাঁরা। এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও যশোর জেলায়।প্রপদ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণের কাজ করছেন। এই তো কয়েক দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন ‘জয়ধ্বনি’র সদস্যদের বাংলা একাডেমীর সামনের রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থেকে সাহায্য তুলতে দেখা গেল। জয়ধ্বনির সাধারণ সম্পাদক দেবাশীষ বেপারি জানান, জয়ধ্বনির সদস্যদের কাছ থেকে সংগৃহীত অর্থ এবং সদস্যদের তোলা চাঁদার টাকা দিয়ে শীতবস্ত্র কেনার কাজ শেষ হয়েছে। আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘প্যারাডক্স’ গত সপ্তাহে নগরের একাধিক এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে।নগরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও শীতবস্ত্র বিতরণ করছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগো’র প্রতিষ্ঠাতা করভী রাখসান্ত জানান, এয়ারটেলের কর্মীরা তাঁদের দেড় হাজার শীতবস্ত্র দিয়েছেন। স্কলাস্টিকা স্কুলের শিশুরা শীতবস্ত্র দেওয়ার পাশাপাশি তাদের এক দিনের টিফিনের পয়সাও দিয়েছে শীতার্ত মানুষের জন্য। একইভাবে বিশ্বব্যাংকের কর্মীরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শীতার্ত মানুষের প্রতি। এ ছাড়া জাগোর ৫০ জনের মতো স্বেচ্ছাসেবী নগরের বেশ কটি শপিং মলে পাঁচ দিন দাঁড়িয়ে থেকে সংগ্রহ করেছেন অর্থ ও শীতবস্ত্র। প্রথম দফায় সংগৃহীত তাঁদের সব শীতবস্ত্র পাঠানো হয়েছে কুড়িগ্রামের গঙ্গারচর গ্রামের পীরের হাটে।ডাকটিকিট নিয়ে কাজ করে বাংলাদেশ জাতীয় ডাকটিকিট সংগ্রাহক সমিতি। কিন্তু এবার ডাকটিকিটের পাশাপাশি তারা শীতবস্ত্রও সংগ্রহ শুরু করেছে। সংগঠনটির সাধারণ সম্পাদক আমিনুল হক জানান, মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে তাঁরা সংগঠনের সদস্যদের কাছে শীতবস্ত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন। আগামী বুধবার পর্যন্ত তাঁরা শীতবস্ত্র সংগ্রহ করবেন। পরে কারওয়ান বাজারের ফুটপাতের গৃহহীন মানুষের হাতে সেই শীতবস্ত্রগুলো তুলে দেওয়ার কথাও বললেন তিনি।এই নগরেই একদল ছেলে আবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সংগ্রহ করেছে শীতের কাপড়। ‘আমরা খাঁটি গরিব...’ নামের এই গ্রুপের সদস্যরা ফেসবুকে বার্তা পাঠানোর মধ্য দিয়ে সংগ্রহ করা শীতবস্ত্র বিতরণও করে এসেছেন উত্তরবঙ্গের লালমনিরহাট জেলার মোঘলহাট ইউনিয়নের তিনটি গ্রামে। আমরা খাঁটি গরিবের পক্ষে রাকিব কিশোর বলছিলেন, ‘ফেসবুক ব্যবহার করেও যে সমাজের অসহায় মানুষের জন্য কিছু করা যায়, আমরা সেটাই দেখিয়েছি।’মানুষের পাশে দাঁড়ানোর মনোবাসনাটাই আসল, জানিয়ে কারওয়ান বাজারের চাকরিজীবী ইসহাক মোল্লা বলছিলেন, শীতার্ত মানুষের উপকার করতে চাইলে খুব একটা দূরে যাওয়ার দরকার নেই। ঘর থেকে দুই পা বাড়ালেই হয়তো দেখবেন, আপনার একেবারে কাছেই কোনো না-কোনো দল মেতে আছে শীতার্ত মানুষের গায়ে শীতবস্ত্র তুলে দেওয়ার ভাবনায়।