শীতে ইউক্রেনে ১০০ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাড়-কাঁপুনি শীতে ইউক্রেনে গত এক সপ্তাহে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। রাজধানী কিয়েভে সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়, মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগই ছিল গৃহহীন। তীব্র শীতে নিহত ১০০ জনের ৬৪ জনকে রাস্তাতে মৃত অবস্থায় পাওয়া যায়। ইউক্রেনের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শীতজনিত রোগে আক্রান্ত শত শত মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সপ্তাহে উত্তর ইউরোপের অনেক দেশে তাপমাত্রা হিমাঙ্কেরও ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। ইতিমধ্যে সরকার সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছে। এ ছাড়া দেশে ৩০ হাজারের মতো তাপ ও আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। দেশের মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্য কর্মকর্তারা দরিদ্র ও গৃহহীনদের হাসপাতালে আশ্রয় দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁরা এসব দুর্গতকে বিনা মূল্যে চিকিত্সা দেওয়ারও নির্দেশ দেন। প্রধানমন্ত্রী মাইকোলা আজারোভ বলেছেন, গত তিন দিনে তাপ উত্পাদন করতে ১০ লাখ কিউবিক মিটার গ্যাস খরচ করা হয়েছে। তিনি আরও বলেন, জ্বালানি চাহিদা মেটাতে ২০১২ সালে রাশিয়া থেকে দুই কোটি ৭০ লাখ কিউবিক মিটার গ্যাস আমদানি করা হয়েছে। দেশ এখন চরম সংকটের মধ্যে আছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘এ দুর্ভোগ থেকে আমরা খুব শিগগিরই মুক্তি পাব।’ রাশিয়ার গ্যাস উত্পাদনকারী প্রতিষ্ঠান গ্যাসপ্রম বলেছে, ইউক্রেন ইতিমধ্যেই তার চুক্তির বেশি গ্যাস নিয়েছে।ইউক্রেনের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ভিক্টর ব্যালোগা শীতের প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি শারীরিক চর্চা করতে বলেছেন। ‘সকাল সকাল উঠুন এবং কঠোর শারীরিক চর্চা ও পরিশ্রম করুন’, গত বুধবার ইউক্রেনের গণমাধ্যম ইউক্রেনাস্কায়াকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবিসি।