শীতে মারা যাচ্ছে ধানের চারা
ঝিনাইদহ, সাতক্ষীরা ও মাদারীপুরের শিবচরে মাঠের পর মাঠ মারা যাচ্ছে বীজতলার ধানের চারা। প্রচণ্ড শীতে চারাগুলো প্রথমে লাল হয়ে যায় এবং পরে তা শুকিয়ে মারা যাচ্ছে। আরও কয়েক দিন শীতের এই তীব্রতা থাকলে প্রায় অর্ধেক পরিমাণ বীজতলা নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঝিনাইদহ জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এ জেলায় ৮৯ হাজার ৭৩ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে। সে লক্ষ্যে কৃষকেরা ধানের বীজতলায় চারা করেছে হাইব্রিড জাতের ২২১ হেক্টর, আর উফশী জাতের চার হাজার ৩০৮ হেক্টরে। সাধারণত নভেম্বর মাসের শেষ সময় থেকে বীজতলায় বীজ ফেলা শুরু হয়। জানুয়ারি মাসের প্রথম থেকেই ধান লাগাতে শুরু করে কৃষকেরা। ইতিমধ্যে অনেক এলাকায় ধান লাগানো শুরু হয়ে গেছে। হাইব্রিড জাত ১২০ হেক্টর আর উফশী জাত এক হাজার ৩২০ হেক্টর চাষ হয়েছে। আর অল্প দিনের মধ্যে মূল রোপণ মৌসুম এসে যাবে। ঝিনাইদহের বিভিন্ন এলাকার মাঠে গিয়ে দেখা গেছে, অধিকাংশ বীজতলার ধানের চারা লাল হয়ে আছে। অনেক বীজতলার চারা মারা গেছে। কৃষকেরা তাদের খেতে রোপণের জন্য হাইব্রিড, বিআর-২৮, বিআর-২৯, কাজললতা, মিনিকেটসহ বিভিন্ন জাতের বীজ বপন করেছে। শীতে সব জাতের বীজতলা নষ্ট হচ্ছে। জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামের কৃষক আনোয়ার হোসেন জানান, এক বিঘা জমিতে চাষ করার জন্য ৯০০ টাকা দিয়ে হাইব্রিড জাতের বীজ বপন করেছিলেন। প্রথম দিকে চারাও ভালো হয়েছিল। কিন্তু গত এক সপ্তাহের শীতে চারাগুলো লাল হয়ে শুকিয়ে যাচ্ছে। প্রতিদিনই চারাগুলো যেভাবে নষ্ট হচ্ছে, তাতে তার আশঙ্কা এবার ধান রোপণ করতে পারবেন কি না। কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের কৃষক মনিরুল ইসলাম জানান, তিনি এক বিঘা জমিতে ধান চাষ করার জন্য ১০ কেজি কাজললতা ধানের বীজ বীজতলায় ছিটিয়ে ছিলেন। ইতিমধ্যে তাঁর বীজতলার সব চারা মারা যেতে শুরু করেছে। আর কয়েক দিন এভাবে শীত থাকলে ওই বীজতলা থেকে আদৌ চারা পাওয়া যাবে কি না সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তাঁর ভাষায়, প্রায় প্রত্যেক কৃষকের বীজতলার একই অবস্থা। ভবিষ্যতে আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। একই উপজেলার কৃষক হেলাল উদ্দিন জানান, তাঁর বীজতলার চারা লাল হতে শুরু করেছিল। তিনি দ্রুত জৈব সার দিয়েছেন। কেঁচো কম্পোস্ট ব্যবহার করেছেন। এখন অনেকটা নিরাপদ বলে মনে করছেন। মাঠ পর্যায়ে কর্মরত একজন কৃষি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বেশির ভাগ কৃষকের খেতে এই অবস্থা দেখা দিয়েছে। তাঁরা অনুমান করছেন, ইতিমধ্যে ৩০ ভাগ চারা নষ্ট হয়েছে। তাঁরা কৃষকদের এ অবস্থা মোকাবিলা করতে সন্ধ্যায় পানি দেওয়া এবং সকালে বের করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি বীজতলায় ছাই ছিটানোর জন্য বলছেন। জেলা কৃষি বিভাগের উপপরিচালক কে এম আলতাফ হোসেন বলেন, ‘সবেমাত্র চারা লাল হতে শুরু করেছে। মারা গেছে এমন খবর পাইনি। প্রচণ্ড শীতের সময় বীজতলার কিছুটা ক্ষতি হয়ে থাকে, তবে এবার বেশি হচ্ছে। জেলায় ধান চাষের যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেই অনুযায়ী কৃষকেরা চারা দিয়েছেন বেশি। ফলে সামান্য কিছু নষ্ট হলেও তাঁদের রোপণ লক্ষ্যমাত্রা পূরণ হবে। পাশাপাশি যাঁদের চারা নষ্ট হয়েছে, তাঁরা এখনই আবার চারা দিতে পারবেন। ওই চারা দিয়েও ধান রোপণ করা যাবে। কারণ, ২৫ দিন চারার বয়স হলে রোপণ করা যায়।’সাতক্ষীরা: সদর উপজেলার তজুলপুর গ্রামের আবু হাসান ও আবু সিদ্দিক জানান, ঠান্ডার কারণে বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। সময়মতো বোরোর আবাদ করা সম্ভব হবে না। নতুন করে আবার চাষের জন্য বীজতলা করতে হচ্ছে। এতে আশানুরূপ ফলন না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই উপজেলার গোবিন্দকাটি গ্রামের আব্দুল মালেক ও ঝাউডাঙ্গ গ্রামের মানিক ঘোষ জানান, শীতে বীজতলা নষ্ট হয়ে গেছে। ফলে বীজতলার অভাবে তাঁরা বোরো ধান চাষ করতে পারছেন না। আশাশুনি উপজেলার গুনকরকাটি গ্রামের কৃষক আব্দুল বারী জানান, শীতের কারণে ধান গাছ বাড়ছে না। ধান গাছের রং পরিবর্তন হয়ে লাল হয়ে যাচ্ছে। একই কথা জেলার সাতটি উপজেলার কৃষকদের।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার সাতটি উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ২২০ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী জাতের ৫৮ হাজার ৯১৪ হেক্টর ও হাইব্রিড জাতের ২০ হাজার ৩০৬ হেক্টর জমি। এ জন্য জেলায় উফশী জাতের তিন হাজার ৮৫৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৫৪৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। ১০ জানুয়ারি পর্যন্ত এক হাজার ৪৬৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে।সদর উপজেলার তজুলপুর গ্রামের আব্দুল হাকিম ও আবু সাঈদ এবং মোহনপুর গ্রামের ওজিয়ার রহমান জানান, ঠান্ডার কারণে বীজতলায় চারা বাড়তে পারছে না। চারা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রং লাল হয়ে যাচ্ছে। অনেক খেতে ধানের চারা মারা যাচ্ছে। ফলে তাঁরা সময়মতো ধান রোপণ করতে পারবেন না। একই অবস্থা অন্য উপজেলাগুলোতেও। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভাগের উদ্যান তত্ত্ব বিশেষজ্ঞ শেখ ইফতেখার হোসেন বলেন, শীতের কারণে বীজতলা বাড়ছে না ও রং বিবর্ণ হয়ে যাচ্ছে। অনেক চারা দুর্বল হয়ে আশানুরূপ বাড়ছে না। আবাদ করা ধান গাছেরও একই অবস্থা হচ্ছে। বীজতলা কিংবা ধান গাছ মরে যাওয়ার কোনো সংবাদ পাইনি। তবে এভাবে শীত পড়তে থাকলে বীজতলা ও বোরো ধানের চারা মরে যেতে পারে।শিবচর: উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর শিবচরে সাত হাজার ৯৭৭ হেক্টর জমিতে বোরো ধান, এক হাজার ১৪৫ হেক্টরে সরিষা, তিন হাজার ৫০ হেক্টরে মসুর ডাল, ২৬৫ হেক্টরে আলু, এক হাজার ৮২০ হেক্টরে পেঁয়াজ, ৯৩৫ হেক্টরে রসুন ও এক হাজার ৫২০ হেক্টরে ধনিয়া আবাদ করা হয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে টানা তীব্র শীত ও ঘনকুয়াশার কারণে সূর্যের আলো ঠিকমতো পড়েনি। জৈব রাসায়নিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় ফুল ঝরে যাচ্ছে। বোরো ধানের বীজতলাসহ আবাদি জমির চারাও শুকিয়ে মারা যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার শেখপুর, বাচামারা, মাদবরেরচর ও বাহাদুরপুরে মাঠের পর মাঠ বোরো চারা শুকিয়ে যাচ্ছে। অন্যান্য ফসলের ফুল ঝরে পড়ছে। এ সময় কৃষক মনির হোসেন বলেন, ‘ঘনকুয়াশার কারণে বরফের মতো শিশির ধানের চারায়, সরিষা, ধনিয়াসহ নানা ফসলের ফুলে পইরা নষ্ট কইরা ফেলতাছে। শীতে মাঠে নামোন যায় না। ফসলের অনেক ক্ষতি হইতাছে। সহজেই এ ক্ষতির হাত থেকে রক্ষা পাব কি না জানি না।’ কিষানি রহিমা বেগম বলেন, ‘যে শীত, জানোই তো (জীবন) বাঁচে না। আমরা সবাই দিন-রাত ভইরা আল্লারে ডাকতাছি ও নফল নামাজ পড়তাছি। আল্লায় জানি আমাগো ফসল বাচাইয়া রাহে।’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, ‘কিছুদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। তাই বোরো ধানসহ রবিশস্যের অনেক ক্ষতি হচ্ছে। সূর্যের পর্যাপ্ত আলো পেলে ফসলগুলো ঠিক হয়ে যাবে।’