শীতের আরাম হিটারে আর গিজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন স্টেডিয়াম মার্কেটের ইলেকট্রনিকস দোকানগুলোতে ঘুরতে ঘুরতে প্রায় দোকানেই চোখে পড়বে বিষয়টা। দোকানের সামনে শোলার বোর্ডে কাঁচা হাতে লেখা, ‘এখানে রুমহিটার পাওয়া যায়’। বোর্ডের আকার এবং বিজ্ঞাপন লেখকের লেখার হাতই বলে দিচ্ছে, এ পণ্যটির চাহিদা সাময়িক। শুধু শীতকালে দরকার পড়ে। সে জন্যই এখন রুমহিটার বেচাকেনার হিড়িক পড়েছে। মধ্যবাড্ডার রবিউল ইসলাম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটে এসেছিলেন রুমহিটার খুঁজতে। কারণ জানতে চাইলে বললেন, ‘আমার ছেলে হয়েছে চার মাস হলো। জন্মের সময় খুব দুর্বল ছিল। সহজেই ঠান্ডা লেগে যায়। শীতের কাপড় পরিয়েও ওর ঠান্ডা আটকানো যায় না। সে জন্য একটা রুমহিটার কিনতে এলাম।’ মোহাম্মদ গিয়াসউদ্দীনের ছেলেমেয়েরা অবশ্য কেউই আর ছোট নেই। একজন মেডিকেল কলেজে পড়ে। আরেকজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো এবার। কিন্তু তবুও তিনি এসেছেন রুমহিটার কিনতে। কারণটা জানতে চাইলে তিনি হেসে ফেললেন। তারপর বললেন, ‘আমাদের বুড়া-বুড়ির বয়স হইছে তো। এ বয়সে শীতটা আর সহ্য হতে চায় না। রুম হিটারটা দিয়ে ঘরটা গরম করে রাখব। শীতে একটু আরাম হয় তাহলে।’আরও কয়েকজনের সঙ্গে কথা বলে বোঝা গেল আসলে জিনিসটা কেবল শখ নয়, প্রয়োজনও বটে। বাজারে তাই এর বেশ চাহিদা রয়েছে।দোকানে দোকানে ঘুরে কয়েক রকমের রুমহিটার পাওয়া গেল। এগুলোর দাম নির্ভর করে বিদ্যুত্শক্তির একক ওয়াটের ওপর। বাজারে যেসব রুমহিটার পাওয়া যাচ্ছে, তার প্রায় সবই চীন থেকে আমদানি করা। তাই কেনার সময় একটু দেখেশুনে কেনাই ভালো। বাজারের কয়েকটি ব্র্যান্ডের মধ্যে নিকাই কোম্পানির রুমহিটার (১০০০ ওয়াট) এক হাজার টাকা থেকে দেড় হাজার (২০০০ ওয়াট) টাকা পর্যন্ত দাম হয়। মিলানহোস্ট আর সোনাশির দামও প্রায় একই রকম—এক হাজার থেকে দুই হাজার টাকা। নোভার রুমহিটারের দাম এবং ওয়াট দুটোই বেশি—এক হাজার ৮০০ টাকা (১৫০০ ওয়াট) ও আড়াই হাজার টাকা (২২০০ ওয়াট)। এ ছাড়া আছে বিভিন্ন আসল-নকল ব্র্যান্ডের রুমহিটার। শীতকালের হিমশীতল পানিতে যাঁরা গোসল করতে পারেন না, তাঁদের জন্য আছে গিজার। গিজার থাকলে পাতিলে গরম পানি তোলা আর নামানো এবং বালতিতে ঢালার ঝামেলা নেই। স্টেডিয়াম মার্কেটের বিভিন্ন দোকানে পাওয়া যাবে গিজার। কী পরিমাণ পানি গরম করা যাবে, তার ওপর গিজারের দাম নির্ভর করে। সে ক্ষেত্রে ১০ গ্যালনের গিজারের দাম পড়বে তিন হাজার ৩০০ থেকে তিন হাজার ৫০০ টাকা। ১৫ গ্যালনের দাম পড়বে তিন হাজার ৬০০ থেকে চার হাজার টাকা এবং ২০ গ্যালনের দাম পড়বে পাঁচ হাজার ৫০০ থেকে ছয় হাজার টাকা। এই গিজারগুলো কিন্তু আমাদের দেশেই তৈরি। তাই বলে আবার এর মান নিয়ে চিন্তা করতে বসে যাবেন না। কারণ, প্রতিটা গিজারের সঙ্গে দুই বছরের গ্যারান্টি রয়েছে।বালতিতে গিজার ডুবিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় পানি গরম হওয়ার জন্য। এই অপেক্ষাটা যাঁরা করতে চান না, তাঁদের জন্য রয়েছে ‘ইনস্ট্যান্ট শাওয়ার’। এ যন্ত্রটা শাওয়ারের সঙ্গে লাগানো থাকে। শাওয়ার ছাড়লেই বের হবে উষ্ণ পানি। এই শীতে ইনস্ট্যান্ট শাওয়ারের আরামদায়ক উষ্ণ পানিতে গোসল করতে হলে খরচ হবে সাত হাজার ২০০ থেকে নয় হাজার টাকা। খিন্দ এবং প্যানাসনিকের তৈরি ইনস্ট্যান্ট শাওয়ারের যন্ত্র স্টেডিয়াম মার্কেটেই মিলবে।