হাড়কাঁপানো শীতের কামড়, কনকনে উত্তুরে হাওয়া আর কুয়াশার ঘেরাটোপ থেকে রেহাই পাচ্ছে না দেশ। শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। রাতে তো বটেই, দিনেও বেশির ভাগ সময় কুয়াশার আবরণ সূর্যকে আড়াল করে রাখছে।গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল গত আট বছরের মধ্যে সর্বনিম্ন। সকাল নয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদেরা বলছেন, আজ তাপমাত্রা কিছুটা কমে এলেও শীতের দাপট অব্যাহত থাকবে।অন্তত তাপমাত্রার হিসাবে গতকাল রাজশাহীতে শীত ছিল ঢাকার চেয়ে অনেক বেশি। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাত্র ৪ দশমিক ৮। আর ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় ছিল যথাক্রমে ৫ দশমিক ৮ ও ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।উত্তরাঞ্চলের জেলাগুলোতে বরাবরের মতোই শীতের তীব্রতা যেমন বেশি, তেমন কুয়াশাও প্রবল। সারা দিন আবছা আর কনকনে হাওয়ার ঝাপটা।এমনিতে প্রায় যানজটে স্থবির ঢাকার গতি যেন আরও কমিয়ে দিয়েছে শীত। শীতের আক্রমণে নাগরিকেরা রীতিমতো জবুথবু। গায়ে কয়েক প্রস্থ গরম কাপড় ও নানা কেতার টুপি পরে শীতের দাপট থেকে রক্ষা পাওয়ার চেষ্টা সবার।২০০৩ সালের শীতে ঢাকার তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও রাজশাহীতে ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। ১০০ বছরের মধ্যে রাজধানীতে ১৯৬৪ সালে তাপমাত্রা সর্বনিম্ন ৫ দশমিক ৬ এবং ১৯৬২ সালে শ্রীমঙ্গলে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল।বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতের ঊর্ধ্বাকাশে সৃষ্ট একটি উচ্চ চাপবলয় বাংলাদেশের পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত হওয়া এবং ঊর্ধ্বাকাশের হিমশীতল ‘জেট বায়ু’ বাংলাদেশের ওপর মাত্র ১৮ হাজার ফুট উচ্চতায় নেমে আসায় শৈত্যপ্রবাহ এত তীব্র হয়েছে। শীতের তীব্রতা নির্ভর করে উচ্চ চাপবলয়ের বিস্তৃতি ও শীতল জেট বায়ু স্থলভাগের কত কাছাকাছি নেমে আসে তার ওপর।আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, রাজশাহী, দিনাজপুর, পাবনা ও যশোর অঞ্চলের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, বরিশাল বিভাগ; রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগ এবং কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আজও তা চলতে পারে।আবহাওয়াবিদ শাহ আলম প্রথম আলোকে জানান, আজ ও আগামীকাল শৈত্যপ্রবাহ থাকলেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। আজ দুপুর নাগাদ অঞ্চলভেদে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে শীতের তীব্রতা কমে আসবে। তবে আজ ও আগামীকাল তাপমাত্রা বাড়লেও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।আজ ও আগামীকালের পূর্বাভাস: আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন ও অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।চলতি মাসের শেষ দিকে দেশের ওপর দিয়ে আরেক দফা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহ এবং অন্যান্য অংশে দুই থেকে তিনটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এই শৈত্যপ্রবাহের বাইরেও দেশের বেশির ভাগ অংশে নদী অববাহিকায় ভারী কুয়াশা পড়তে পারে। এ সময় রাজশাহী, রংপুর, সিলেট বিভাগসহ দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র মধ্যরাত ও সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।