শীতের পাখি ‘মেটে ঝাড়ফিদ্দা’
মেটে ঝাড়ফিদ্দা (Saxicola ferreus) আমাদের দেশে বিরল এক শীতের পাখি। এর ইংরেজি নাম Grey Bush Chat, তবে প্রতিবছর শীতে এখানে এই পাখি দেখা যাবে, এমন কোনো সম্ভাবনা নেই। কারণ কিছু প্রজাতির পাখি আছে, যারা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সময় তাদের যাত্রাপথে মাঝেমধ্যে কোথাও যাত্রাবিরতি দেয়। খাবার ও বিশ্রামের জন্যই এ বিরতি। বড় ধরনের ঝড়ের আশঙ্কা থাকলেও পাখিরা বিরতি দেয় নিরাপদ কোনো জায়গায়। মেটে ঝাড়ফিদ্দা আছে সেই যাত্রাবিরতি দেওয়া পাখির তালিকায়। প্রধানত শীতেই এই পাখি আমাদের দেশে যাত্রাবিরতি দেয়। এ ধরনের বিরতি দেওয়া পাখিকে বলা হয় ‘প্যাসেজ মাইগ্রেন্ট বার্ড’। বাংলাদেশে, জানামতে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ঝোপময় পাহাড়ি পরিবেশে এ পাখি দেখা যায়। ছবিটি মৌলভীবাজারের বড়লেখার ভারত সীমান্তবর্তী একটি পাহাড়ি এলাকা থেকে তোলা। প্রায় সাত দিন সকালে ও বিকেলে আমি দুটি পাখিকে একই জায়গায় ওড়াউড়ি করতে দেখেছি।চুপচাপ বসে থাকে গাছের শাখায়। পোকামাকড় দেখলে উড়ে গিয়ে সেগুলো ধরে। কুয়াশা কাটলে খাবার খেতে নামে। মাঝেমধ্যে মৃদু সুরে ডাকে। নেপাল, ভুটান, মিয়ানমার, ভারত, তাইওয়ান, চীন, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও কম্বোডিয়ায় এ পাখি দেখা যায়। হিমালয়ের ঘাসে আচ্ছাদিত পাহাড়ের ঢালে ফেব্রুয়ারি থেকে জুলাই মাসে এরা বাসা বাঁধে। চার থেকে ছয়টি ডিম দেয়। ডিমে ফ্যাকাশে নীল ও লালচে দাগ থাকে। মেয়ে পাখিটি শুধু ডিমে তা দেয়। কিন্তু ছানাদের লালন-পালনে ও বাসা তৈরিতে দুজনই ব্যস্ত থাকে।প্রধানত জুনিপার বন, পাহাড়ঘেরা চা-বাগান এলাকায় এরা একাকী বা জোড়ায় চরে বেড়ায়। কীটপতঙ্গ খায়, তবে কদাচিৎ ফলের বীজও খায়। ছোট আকৃতির পাখি, দেহ ১৫ সেন্টিমিটার লম্বা। পুরুষ ও মেয়ে পাখি দেখতে আলাদা। মেয়ে পাখির দেহের ওপরের পালক খয়েরি বাদামি, নিচের পালক হালকা ধূসর। পুরুষ পাখির ওপরের পালক কালচে ও সাদা, নিচের পালক হালকা ধূসর। তবে প্রজনন মৌসুমে পালকের রঙের হেরফের হয়।