শীতের বসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারাটা দিন রোদের রাজত্ব, সন্ধ্যার পরপর একটু ঠান্ডা ভাব। রাত গড়িয়ে ভোর এলে সেটা এককাঠি বাড়ে। শীত বলতে এটুকুই। কিন্তু এর মধ্যেই কেনাকাটা শুরু হয়ে গেছে শীতের কাপড়, প্রয়োজনে-অপ্রয়োজনে।ঢাকার ফুটপাতের হকারদের গলায় অবশ্য সপ্তাহ খানেক আগে থেকেই নতুন সুর উঠে গেছে, ‘বেলাজার দেড় শ, বেলাজার খালি দেড় শ, বাইছা বাইছা দেড় শ...!’ ‘বেলাজার’ মানে কম্বলের কাপড় দিয়ে তৈরি এক ধরনের জ্যাকেট।গুলিস্তানের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত প্রচুর দোকান। চাদর, সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, কোট, মাফলার, টুপি কিংবা হাতমোজা—সবই মিলছে কম-বেশি। বিক্রি অবশ্য সব হচ্ছে না। যেমন কোটের বাজার বেশ মন্দা। টুপি কিংবা হাতমোজারও সেই দশা। জ্যাকেট, সোয়েটারের বাজারেরও প্রায় সে রকমই দশা। কিন্তু দেদার বিক্রি হচ্ছে ব্লেজার আর চাদর। এ দুটো একটু হালকা ধরনের শীতের পোশাক বলেই কিন্তু এর বিক্রিবাট্টা বেশি। অন্তত এমনটাই জানালেন গুলিস্তানের হকার সোহরাব। ফুটপাতে চাদরের ব্যবসা তাঁর। বলছিলেন, ‘বিক্রি একটু কম আছে। তয় চাদর হালকা মাল তো, কিছুডা বিক্রি হয়।’সোহরাবের দোকানে চাদর কিনতে এসেছিলেন ফজলুল হক। বললেন, ‘আমার মায়ের জন্য চাদর কিনি। মায়ের বয়স ৫০-এর ওপরে। তাঁর অল্পেই ঠান্ডা লাগে। আমার ঠান্ডা লাগে না। এরা অবশ্যি দাম বেশি চাইতাছে। ২০০ ট্যাকা কয়, আমি বলছি ১৪০ ট্যাকা।’পাশে দোকান বসিয়েছেন ব্লেজার বিক্রেতা উজ্জ্বল। তাঁর মুখেও একই কথা, ‘বিক্রি এখনো কম। শীত বেশি পড়ে নাই তো। তবু আমাগো এই মালডা কিছুডা টানে। অইন্য মাল তুললে ধরা খাইতাম।’অবশ্য অন্যদেরটা একেবারে যে বিক্রি হচ্ছে না তাও না। যেমন, রাজশাহীর মনিরুজ্জামান একটা কাজে এসেছিলেন ঢাকায়। যাওয়ার পথে গুলিস্তানে একবার ঢুঁ মারার চিন্তা করলেন। সেখানে পছন্দসই একটা কোটও পেয়ে গেলেন। দোকানি দাম চাইল ৫০০ টাকা। তিনি দরদাম করে শেষে ৩০০ টাকায় কিনে নিলেন কোটটা। মনিরুজ্জামান বললেন, ‘ঢাকায় টের পাওয়া যায় না, কিন্তু আমাদের রাজশাহীতে শীত নেমে গেছে। ওখানে কোট না পরলে শীত মানবে না।’চারুকলা অনুষদের সামনে বসা শাহাদতের সংগ্রহে রয়েছে অদ্ভুত সুন্দর সুন্দর সব টুপি। কার্টুন চরিত্রের আদলে তৈরি এসব কানটুপি যদিও ছোটদের জন্য তৈরি, তবে একটু শৌখিন হলে বড়রাও পরতে পারেন অনায়াসে। শাহাদত জানালেন, তাঁর দোকানে ক্রেতার আনাগোনা দিন দিন বাড়ছে। শীত পুরোপুরি নামলে তাঁর টুপি বেশ ভালোই বিকোবে।শহরের অভিজাত বিপণিবিতানগুলোতেও কিন্তু এখন বেশ একটা সাজ সাজ রব। বসুন্ধরার পোশাকের দোকানগুলো একটু ঘুরলেই তা টের পাওয়া যাবে। কেননা অন্য সময় করিডরের যে ডামিগুলো শার্ট-গেঞ্জি পরে দাঁড়িয়ে থাকে, তাদের শরীরে এখন শোভা পাচ্ছে বাহারি শীতের পোশাক। এখানকার শীতের পোশাকের দামটাও বেশ চড়া কিন্তু। এখানে কেনাকাটা করতে আসেন নগরের অভিজাত ক্রেতারা। তাঁদের কাছে শীতের পোশাক যতটা না শীত মানানোর জন্য, তার চেয়ে অনেক বেশি ফ্যাশনে তাল মেলানো।এখানকার একটি দোকানে ফরমায়েশ দিয়ে ব্লেজার বানাতে এসেছিলেন রাইয়ান আল ইমরান ও তাঁর বন্ধু ফাহাদ মাহতাব। পছন্দও কাছাকাছি ধরনের। তাঁরা বলছিলেন, ‘এখন তো ছুটি চলছে, সন্ধ্যার পর প্রায়ই আমরা বন্ধুরা মিলে গাড়ি নিয়ে ঘুরতে বের হই। ঢাকার বাইরে গেলে হাইওয়েতে শীতটা বেশ টের পাওয়া যায়। তা ছাড়া কখনো কখনো রাতের বেলা পার্টিতে যাই। তখনো শীতের কাপড় লাগে।’মেয়েদের পোশাকও মেলে এখানে। দামি দামি কোট আর সোয়েটার, চাইকি কাশ্মীরি শালও। অবশ্য কাশ্মীরি শালটা মেয়েদের চেয়ে মেয়েদের মায়েরাই বেশি পছন্দ করেন। কয়েকটা দোকানে মাঝবয়সী খদ্দেরদের ঘোরাঘুরি করতে দেখে সে কথাটাই মনে হলো।ফ্যাশনের সঙ্গে শীতের পোশাকের যে যোগাযোগ কতটা গভীর, সেটা স্পষ্ট টের পাওয়া যায় নগরের বনেদি কাপড়ের দোকানগুলোতে গেলেই। ক্যাটস আই কিংবা মনসুন রেইনের মতো খানদানি পোশাকের দোকানগুলোতে এখন শোভা পাচ্ছে রেডিমেড ব্লেজার আর কমপ্লিট স্যুট। ক্যাটস আইয়ের শোরুমে ব্লেজার দেখতে এসেছিলেন ফায়জুল হক চৌধুরী। পছন্দের পোশাকটা পেয়েও গেলেন তিনি। বললেন, ‘এখন আসলে পোশাক পছন্দ হওয়াটাই বড় ব্যাপার। দামটা কোনো সমস্যা নয়। কেননা এখন বেশির ভাগ ফ্যাশন হাউসে সবই ফিক্সড প্রাইস। তাই খেয়াল করে দেখতে হবে, যা পরছি তা সময়ের সঙ্গে, আমার ব্যক্তিত্বের সঙ্গে খাপ খাচ্ছে কি না। সেটাই মূল ব্যাপার। তার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, শীত নিবারণটাও অবশ্যই জরুরি।’