শীতের শহরে এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌষের শুরুতেই নগরে জেঁকে বসেছে শীত। ফিনফিনে হালকা কুয়াশার আঁচলে ঢেকে আছে নগরের আনাচ-কানাচ। দিনের শেষে নগরে যখন রাত্রি নামে তখন নগরবাসী ব্যতিব্যস্ত হয়ে নীড়ের খোঁজে ঘরে ফেরে। যাদের মাথার তলায় ছাদ নেই, সেই বাস্তুহীন, ছিন্নমূল মানুষেরা নীড় রচনা করার জন্য জায়গা খুঁজে নেয় সুরম্য অট্টালিকার বারান্দা, ফুটপাথ, নয়তো পথের ধারে। এদের দেখা মেলে নগরের সর্বত্র। বেঁচে থাকার সব উপকরণ তো নয়ই, শীত নিবারণের প্রয়োজনীয় বস্ত্রও মেলে না এসব বাস্তুহীন মানুষের। পরিণামে উত্তুরে হাওয়ার তীক্ষ ফলা তাদের গায়ে বেঁধে।নগরের ছিন্নমূল মানুষেরা রাতের শীত তাড়াতে আগুন জ্বালায়। শুকনো গাছের ডাল, লতা-পাতা জোগাড় করে শরীরে ওম নিতে জ্বলন্ত আগুনের দিকে দু হাত প্রসারিত করে। নগরের সোহরাওয়ার্দী উদ্যানের দেয়ালঘেঁষে বাসা বেেঁধছে কয়েকটি ছিন্নমূল পরিবার। সেখানে গিয়ে দেখা যায় আগুন পোহানোর এমন দৃশ্য। এখানে কথা হয় আম্বিয়া খাতুনের সঙ্গে। অসুস্থ স্বামী আর দুই সন্তান নিয়ে আগুনের চারপাশে বৃত্ত তৈরি করে জ্বলন্ত আগুনের শিখার ওপর দু হাত বাড়িয়ে বসেছিলেন তাঁরা। কেমন শীত পড়েছে এবার? এমন প্রশ্নে আম্বিয়া খাতুন শীতে জবুথবু হয়ে বলেন, ‘ভালাই শীত পড়ছে, বাবা। দ্যাহো না শীতের লইগ্যা আগুন ধরাইছি। ঘরে কাতাকাপুড় নাই। তাই শরিল গরম করবার লাইগ্যা এই ব্যবস্থা।’ এদিকে রাত যত গভীর হতে থাকে শীতের তীব্রতাও যেন ততই বাড়তে থাকে। রাতের অন্ধকারে শিশিরেরা চুপিচুপি নগরের মাঠেঘাটে প্রলেপ দিয়ে যায়। পাখপাখালির কূজনে যখন ভোর হয় তখনো সুয্যিমামার দেখা মেলা ভার। কুয়াশার চাদর সরিয়ে একটু একটু করে আলো ফুটতেই নাগরিক কোলাহল শুরু হয়। দৈনন্দিন কাজের ভিড়ে হারিয়ে যেতে পথে নামে মানুষ। যে যার সামর্থ্যমতো গায়ে চাপায় কোট, ব্লেজার, সোয়েটার, কার্ডিগান, কিংবা চাদর। হাতে পরে নেয় হাতমোজা। কান ঢাকতে কানটুপি। শীতের হাত থেকে রেহাই পেতে নগরের সবাই বুঝি শীতের পোশাকের প্রদর্শনীতে ব্যস্ত। এদিকে নগরের স্বাস্থ্যসচেতন মানুষেরা এই শীতকে উপেক্ষা করে প্রাতর্ভ্রমণে বের হয়। দলবেঁধে হাঁটাহাঁটির এমন দৃশ্য দেখা যায় বোটানিক্যাল গার্ডেন, চন্দ্রিমা উদ্যান, রমনা পার্ক ও বলধা গার্ডেনে। নগরের দিনমজুর আর রিকশাওয়ালাদের শীত নিবারণের জন্য নেই প্রয়োজনীয় শীতের পোশাক। তবু তারা শীতের থাবা থেকে গা বাঁচিয়ে জীবনসংগ্রামের নিত্যদিনের যুদ্ধ করে যায়। মতিঝিলের শাপলা চত্বরে কথা হয় রিকশাচালক দ্বীন আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘শীতের ভয়ে বাসাতে বইসা থাকলে তো আর পেট চলব না। হামগো দেশে এর চাইত বেশি শীত। কয়দিন ধইরা দেহি এহনেও বেজায় শীত পড়ছে।’ এদিকে হাজারীবাগ ও মোহাম্মদপুরের অংশে বেড়িবাঁধে গিয়ে দেখা যায়, বাঁধের দু পাশে বাঁশের মাচার ওপর গড়ে উঠেছে বস্তি। নগরের নিম্নবৃত্ত মানুষেরা এখানে বসবাস করে। একে তো নদীর পাড়, অন্যদিকে বাঁশ-কাঠের ঘর—এসব ঘরে শীত ভালোই তার অস্তিত্ব জানান দিচ্ছে। শীতের ঠান্ডা বাতাস থেকে রেহাই পেতে এখানকার অনেক বাসিন্দা ঘরের বেড়ায় পলিথিন টাঙিয়ে রেখেছে। হাজারীবাগের কোম্পানীঘাটের বশির মিয়ার বস্তির বাসিন্দা খোদেজা খাতুনের কাছ থেকে জানা যায়, তাঁরা এখানে শীতে খুবই কষ্ট পাচ্ছেন। বিশেষ করে শিশুরা ঠান্ডাজনিত রোগে ভুগছে। শীত নিবারণের জন্য শীতের পোশাক নেই তাদের। তাদের দিকে কেউই বাড়িয়ে দেয়নি সাহায্যের হাত। শীতে বাড়তি পাওয়াশীতের সময় গ্রামের মতো শহরেও পিঠা-পুলি খাওয়ার ধুম লেগে যায়। নগরের এখানে-সেখানে ছোট ছোট দোকানে তৈরি করা হয় চিতই, ভাপা, পাটিসাপটা, পুলিসহ আরও কত পিঠা। শীতের দিনে গরম গরম পিঠা খেতে কার না ভালো লাগে। তাই সকাল থেকে গভীর রাত অবধি এসব পিঠার দোকানে ভিড় লেগে থাকে। নগরের পলাশীর মোড়ে পিঠা বিক্রেতা আজমন বিবি জানান, যখন তিনি গ্রামে ছিলেন তখন তাঁর পরিবারের জন্য পিঠা তৈরি করতেন। বহুদিন ধরে তিনি গ্রামছাড়া। এখন নগরে বসতি গেড়েছেন। শীত এলেই পিঠা বানিয়ে বিক্রি করেন তিনি। নগরবাসীর রসনাতৃপ্তি মিটিয়ে যে আয় হয় তাই দিয়ে সংসার চলে তাঁর। শীতের বাজারনগরের বিভিন্ন বিপণিবিতানে এখন শীতের পোশাক কেনার হিড়িক পড়েছে। নিউমার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, বঙ্গবাজার, ফার্মগেটের ফার্মভিউ সুপার মার্কেট, মিরপুর শাহ আলী মার্কেট, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, উত্তরার রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, শীত নিবারণের জন্য কোট, ব্লেজার, ফুলহাতা টি-শার্ট, সোয়েটার, কার্ডিগান ও চাদর দেদার বিক্রি হচ্ছে। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ড্যাস ফ্যাশনের ম্যানেজার মাহবুবুল আলম বলেন, ‘এই শীতে কোট, ব্লেজার, হুডওয়ালা টি-শার্ট খুব বিক্রি হচ্ছে। তবে তরুণদের বেশি পছন্দ দেশি-বিদেশি জ্যাকেট।’ ফ্যাশন হাউস খ্যাত শাহবাগের আজিজ সুপার মার্কেটের ফ্যাশন হাউসগুলোতে শীতের পোশাকের আধিক্য লক্ষ করা গেল। বাংলার রঙ নামের একটি ফ্যাশন হাউসের ম্যানেজার সুলতান আল মাহমুদের কাছ থেকে জানা যায়, এবারের শীতে তরুণদের পছন্দ হুডওয়ালা টি-শার্ট, ব্লেজার, কোট ও চাদর।এদিকে গুলিস্তান, নিউমার্কেট, ফার্মগেটের আশপাশের ফুটপাত ঘিরে বসেছে নতুন-পুরাতন শীতের পোশাকের দোকান। সাধ আর সাধ্যের মিশেল দিতে অনেকেই এখানে ঢুঁ মারছে। তুলনামূলক কম দামে কিনে নিচ্ছে শীতের পোশাক। গুলিস্তানের ফুটপাতে শীতের পোশাক বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, ‘শীতের পোশাক কেনার জন্য যাদের বাজেট কম, মূলত তারাই ফুটপাথের ক্রেতা।’ ফুলবাড়িয়ার এনেক্স টাওয়ারের নিচতলায় দেশি-বিদেশি নানা রঙের কম্বল বিক্রি হচ্ছে। এখানকার একাধিক কম্বল বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, এই শীতে কম্বলের চাহিদা বেড়েছে বেশি।