শীতের সংকট গরমেও গড়াবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে প্রতিবছর শীত এলেই নগরের কিছু এলাকায় কিছুটা সময়ের জন্য গ্যাসসংকট থাকত। এবার শীত আসার আগে থেকেই নগরের বিভিন্ন এলাকা থেকে গ্যাসসংকটের অভিযোগ পাওয়া যেতে থাকে। শীত আসার পর সেই সংকট তীব্র আকার ধারণ করে। বর্তমান গ্যাসের সংকটের কারণ সম্পর্কে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ খান বলেন, দিনে দিনে গ্যাসের চাহিদা বাড়লেও সরবরাহ বাড়ছে না। বিগত দুই বছর অর্থনৈতিক মন্দা থাকায় শিল্পপ্রতিষ্ঠানে গ্যাসের চাহিদা কমেছিল। এবার মন্দার প্রভাব অনেকটা কেটেছে, তাই প্রতিষ্ঠানগুলোয় গ্যাসের চাহিদা বাড়ছে। এরই মধ্যে আবার ঘোড়াশাল সার কারখানা চালু হয়েছে। অন্যদিকে এবার শীত বেশি পড়ায় আবাসিক গ্রাহকেরা গ্যাস বেশি ব্যবহার করছেন। শীতের সময় পানি গরম করার জন্য কিংবা কক্ষ গরম রাখার জন্য চুলা বেশি সময় ধরে জ্বলতে থাকে। আবার শীতের সময় গ্যাসের সঙ্গে থাকা তরল জ্বালানি (কনডেনসেট) জমে যাওয়ায় নল দিয়ে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে। এ ছাড়া সরবরাহ নল সরু থাকায় নগরের কোনো কোনো এলাকায় গ্যাসের সংকট দেখা দিচ্ছে বলে তিনি জানান।তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শীতপ্রধান দেশে গ্যাসের সঙ্গে থাকা কনডেনসেট স্বাভাবিক রাখতে উত্তপ্তকরণের ব্যবস্থা (হিটিং অ্যারেঞ্জমেন্ট) থাকে। এ দেশে সেই ব্যবস্থা পর্যাপ্ত নেই। সরবরাহ স্টেশনগুলোয় তা থাকে। তবে সেগুলো দূরে থাকায় গ্যাস গ্রাহকদের নলে আসতে আসতে আবার কনডেনসেট জমে যায়। উত্তপ্তকরণের ব্যবস্থা রাতারাতি গড়ে তোলাও সম্ভব নয়। এটা সময়সাপেক্ষ ব্যাপার। তবে আবদুল আজিজ খান জানান, গ্যাস সরবরাহ কেন্দ্রগুলো থেকে যত দূর সম্ভব কনডেনসেট কমিয়ে গ্যাস সরবরাহের চেষ্টা করা হয়। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মূলত গ্যাসের সংকট মাত্রা ছাড়িয়ে গেছে। তাই চাহিদা অনুযায়ী গ্যাস পেলেই গ্যাসের সংকট কেটে যাবে।তিতাসের একাধিক কর্মকর্তা জানান, শীতকাল গেলে গ্যাসসংকটের তীব্রতা একটু কমবে। কিন্তু গ্যাস সরবরাহ না বাড়লে সংকট থেকেই যাবে। কেননা প্রতিদিন গ্যাসের চাহিদা বাড়ছে। সিএনজি স্টেশন বাড়তে বাড়তে তিতাসের আওতাধীন এলাকায় এর সংখ্যা দাঁড়িয়েছে ৩১০টিতে। তিতাস গ্যাসের সর্বোচ্চ চাহিদা ১৬৮ কোটি ঘনফুট। বর্তমানে ঘাটতি প্রায় ২৫ কোটি ঘনফুট। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে গ্যাস সরবরাহ বাড়ানোর কোনো বিকল্প নেই বলে তাঁরা জানান। এ বিষয়ে নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ করপোরেশনের (পেট্রোবাংলা) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে যে রেশনিং ব্যবস্থা চালু হয়েছে, তাতে গ্যাসের সংকট কিছুটা কাটবে। এ ছাড়া সিএনজি স্টেশনগুলো যদি প্রতিদিন কোনো একটা সময় বন্ধ রাখা যায়, তাহলে আবাসিক গ্রাহকদের চুলায় গ্যাসের চাপ বাড়বে। তবে শীত ঋতুতে পানি গরম করার মতো বিভিন্ন কারণে তিতাসের ১২ লাখ আবাসিক গ্রাহক অন্য ঋতুর চেয়ে চুলা বেশি সময় জ্বালিয়ে রাখছে। এ জন্য শীতকাল চলে গেলে গ্যাসের চাহিদা কিছুটা কমবে। সে ক্ষেত্রে সংকট কমবে। এ ছাড়া বর্তমান সংকট কাটাতে মাস কয়েক আগে ‘ফাস্ট ট্র্যাক প্রোগ্রাম’ হাতে নিয়েছে পেট্রোবাংলা। এর ফলে ২০১২ সালের মধ্যে পাঁচটি কূপ থেকে উত্তোলন ও তিনটি ওয়ার্ক ওভার পরিকল্পনার মাধ্যমে গ্যাস উত্পাদন বাড়বে। এভাবে গ্যাস স্কিমে যুক্ত হবে ১৩০ থেকে ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস। তবে দিন দিন চাহিদা বাড়তেই থাকবে। এ জন্য গ্যাস উত্তোলন বাড়াতে সরকারের স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুসরণ করে পেট্রোবাংলা কাজ করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান।