শীতের সকাল
সাতসকালে নগরের সড়কে লোক সমাগম কম দেখে আঁচ করা যায়, নগরে শীত ভালোমতোই জেঁকে বসেছে। অবশ্য এরই মধ্যে কেউ কেউ আবার শীত ঠেকাতে গরম কাপড় পরে বেরিয়ে পড়েন হেঁটে সকালের সোনারোদ মাখতে।শীতের সকাল মানে কি কেবল আলসেমি ভরে লেপের ভেতর থাকা? তা কিন্তু নয়, কাকডাকা ভোরে সড়ক বিভাজকের ঘাসের ডগায় শিশিরবিন্দু আর নগরের বাতাসে খেজুরের গুড়ের তৈরি ভাপা পিঠার মিষ্টি সুবাস শীতের আবেশ মাখিয়ে দিচ্ছে নগরবাসীর মনে। বারান্দায় বসে গরম চা কিংবা কফিতে চুমুক দিয়ে সকালের সোনারোদ পোহানোর সুখ নিতে চায় সবাই-ই। কর্মব্যস্ত নাগরিক জীবনে শীতের সকাল অবশ্য নতুন কিছু মাত্রাও যোগ করছে। তাই বোধহয় দৈনিক পত্রিকার হকার থেকে শুরু করে গণপরিবহনের চালক, ভোরের রাজপথ ঝাড়ুদার, কাঁচা তরকারির ব্যবসায়ী কিংবা স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের একটা বড় অংশ শীতের সকালকে স্বাগত জানাচ্ছে কিছুটা ভিন্ন সুরে। কালো ধোঁয়ার নগরে শীতের সকালের হিমবাতাস তাজা প্রাণের আগমনী গান শোনালেও গৃহহীন নগরবাসীর কাছে চিরচেনা কষ্টের সমার্থক হিসেবেই এসেছে শীতের সকাল। ‘শীতের সকালে হাঁটতে বের হওয়ার মজাই আলাদা। ঠান্ডা বাতাসে প্রাণভরে দম নেওয়া যায়। সারা দিন ভালো লাগার আবেশটা ছড়িয়ে থাকে শরীরজুড়ে।’ বলছিলেন সোহ্রাওয়ার্দী উদ্যানে নিয়মিত হাঁটতে যাওয়া শাহীনূর ইসলাম। নগরের খোলা প্রান্তরগুলোতে বছরের অন্য সময়ের মতো এখনো জগিং করতে বের হওয়া মানুষের আনাগোনা ঘুমকাতুরেদের জন্য ঈর্ষণীয় বটে। রমনা পার্ক, ধানমন্ডি লেকের পাড়, চন্দ্রিমা উদ্যান, সংসদ ভবনের সামনে, গুলশান লেকের পাড়ে, উত্তরা লেকের ধারে একটু ভোরে গেলেই দেখা যায়, কুয়াশার বুক চিরে মৃদু ছন্দে হেঁটে বেড়াচ্ছেন প্রাতর্ভ্রমণকারীর দল।তবে সকালে হাঁটতে বের হওয়ার আগে অবশ্যই মাথা-কান ঢেকে বের হওয়ার পরামর্শ দিলেন ধানমন্ডি ৮ নম্বরের বাসিন্দা ডেইজি আহমেদ। কেবল শীতের সকালেই নিয়মিত হাঁটতে বের হওয়া ডেইজি জানালেন, সকালে বাতাসের আর্দ্রতা অনেক বেশি থাকে। তাই হাঁটতে আসার আগে কান, মাথা, শরীর ঢেকে আসার পরামর্শ দিলেন তিনি। অন্যথায় ঠান্ডা লেগে শরীরের বারোটা বাজার আশঙ্কার কথা শোনাতেও ছাড়লেন না তিনি।শয়নবিলাসী মানুষের কাছে নাকি শীতের সকালের মতো আরামের ঘুম দেওয়ার সময় আর হয়ই না। উষ্ণ বিছানায় শুয়ে আড়মোড়া দিলে আবার সকালের পেশাজীবীদের চলে না। তাই নগরের রাজপথে সাইকেল চালিয়ে তাজা খবর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজটি যাঁরা বারো মাস ধরে করেন, তাঁরা সবাই কুয়াশা থাকতে থাকতেই বেরিয়ে পড়েন। দিনের পত্রিকাগুলো একটা প্লাস্টিকের আবরণে মুড়ে কুয়াশা বাঁচিয়ে তাঁরা ছোটেন নগরের এক বাড়ি থেকে আরেক বাড়ি। অপর দিকে রাজপথের গাড়িচালকেরা এ সময় গাড়ির হেডলাইট জ্বালিয়েই সকালে যাত্রা শুরু করেন গন্তব্যের পানে। ‘দুর্ঘটনা যে কখন হয় তার কি কোনো ঠিক আছে? তাই আকাশ ফর্সা হওয়ার আগ পর্যন্ত হেডলাইন বন্ধ রাখা ঠিক নয়’ বলে জানালেন রাজপথে যাত্রী পরিবহনের কাজ করা ২২ নম্বর বাসের চালক দুর্জয় মিয়া। অপর দিকে নগরের ধুলোবালি ঝাড়ু দিয়ে নগরের পথগুলোকে যাঁরা আবর্জনামুক্ত করেন, সেই ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরাও সাতসকালে ঝাড়ু হাতে নেমে পড়েন।বিচিত্র পেশার লোকের বাস এই নগরে। যে লোকটি কাঁচা তরকারির ঝুড়ি নিয়ে বসে থাকে রাস্তার পাশে তার কাছে শীতের সকালটা নিশ্চয় তেমন একটা আনন্দদায়ক নয়। শুধু তা-ই নয়, আলিশান অ্যাপার্টমেন্টের বারান্দায় ইজিচেয়ারে বসে শীতের সকালের মিষ্টি রোদ পোহান যাঁরা, তাঁদের কাছে শীতের সকালটা অনেক উপভোগ্য মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এর বাইরেও নগরের চিত্র রয়েছে। ‘গৃহহীন মানুষ কিংবা পথভোলা টোকাইদের কাছে শীতের সকালের অপর নাম যন্ত্রণা’ এই অনুভূতি জানিয়ে কারণ অনুসন্ধান করে জানালেন কারওয়ান বাজারের ফুটপাতে বসবাস করা সেলিম হোসেন। তাঁদের অনেকেই সাতসকালে আগুন জ্বালিয়ে চারপাশের পরিবেশটাকেও উষ্ণ রাখার চেষ্টা চালান। তাঁদের সেই আহ্বানে আপাতত সাড়া না দিলেও গরম গরম ভাপা পিঠার স্বাদ নেওয়ার জন্য হলেও ঘর থেকে বের হয়ে দেখতে পারেন কোনো এক শীতের সকালে।