শীতের সন্ধ্যায় ভাওয়াইয়া আসর
মঞ্চে বিশাল আকারের গাছের অনুকৃতিতে গ্রামীণ আবহ ফুটিয়ে তোলা; তার পাশে ঢোল, তবলা, দোতারা, মন্দিরার সঙ্গে গিটার ও অক্টোপ্যাড। লোকজ বাদ্যযন্ত্রের সঙ্গে আধুনিক যন্ত্রের সমন্বয়ে শিল্পীরা গাইলেন দেশের উত্তরাঞ্চলের মাঠ-ঘাট-প্রান্তর মুখরিত করা ভাওয়াইয়া গান। গতকাল সোমবার শীতের সন্ধ্যায় সেই গানের সুরের বাণীতে মুগ্ধ হলো রাজধানীর দর্শক। দেশাত্মবোধক, প্রেম-বিরহ, জীবনযাপনের সমস্যাসহ নানা বিষয় উঠে এসেছে ভাওয়াইয়া গানের পরিবেশনায়। ‘গাড়িয়াল ভাই’ নামের এই বৈঠকি আঙ্গিকের আসরের আয়োজন করে গানের দল ভাওয়াইয়া। সংগঠন প্রতিষ্ঠার তিন বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে দলটি। শিল্পী সফিউল আলমের নেতৃত্বে ২০০৮ সালের ২২ এপ্রিল যাত্রা শুরু করে ভাওয়াইয়া।সোমবার সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতে ভাওয়াইয়া দলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন কবি আসাদ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, গোলাম কুদ্দুছ ও হাসান আরিফ। অতিথিরা গরুর গলার ঘণ্টা বাজিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ভাওয়াইয়া গানের রীতির সঙ্গে সাযুজ্য রেখে তাঁদের কাঁধে গামছা পরিয়ে বরণ করে নেন সংগঠনের শিল্পীরা।গানের পালা শুরু হয় ভাওয়াইয়া দলের সম্মিলত কণ্ঠে মুক্তিযুদ্ধবিষয়ক ভাওয়াই গান ‘দ্যাশত যুদ্ধ নাগিল ভাই’ দিয়ে। আসরের দ্বিতীয় পরিবেশনা ছিল চটকা অঙ্গের ভাওয়াইয়া ‘তিস্তাপাড়ের কইন্যা তুমি হে’। সমবেত এই পরিবেশনার পরে জাকির হোসেন শোনান ‘ভাবের ছলে মজাইলে মন’ গানটি। আসরের অন্য গানগুলোর মধ্যে ছিল ‘বাওকুমটা বাতাস যেমন’, ‘মুই হনু হাউসের গাড়িয়াল’, ‘ও সোনা বন্ধুধন দিয়া গেইলং নিমন্ত্রণ’, ‘ও কি ও বন্ধু কাজল ভ্রোমরা রে’, ‘বন্ধু তোমার কিবা হইছে রে’, ‘ধিক ধিক ধিক মইষাল রে’, ‘ওকি গাড়িয়াল ভাই’, ‘আরে ও নিদয়ার বন্ধুধন’, ‘বন্ধুধন এতই গোসা কি তোমার শরীরে’ ইত্যাদি। গানগুলো পরিবেশন করেন শফিউল আলম, কৌশিক সাহা, আমিনুল ইসলাম, নমিতা দেব বর্মণ, চান্দ মিয়া, আরিফা আক্তার, রুপু মজুমদার প্রমুখ।