জাঁকিয়ে বসেছে শীত। বাইরে কুয়াশার ঘনঘোর আর কনকনে হাওয়া। এমন দিনে ঘরের ভেতরের কবোষ্ণ পরিবেশে গান শোনার আনন্দই আলাদা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শুদ্ধসংগীতের শ্রোতাদের জন্য এমনি এক আয়োজন করেছিল ছায়ানট। দুই দিনব্যাপী চলবে তাদের ‘শুদ্ধসংগীত উৎসব’।ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে শ্রোতার সংখ্যাও ছিল যথেষ্ট। ছায়ানটের শিল্পীরা সমবেত কণ্ঠে রাগ ভূপালি পরিবেশন করে অনুষ্ঠান শুরু করেন। উৎসবের উদ্বোধন করেন সংগীতজ্ঞ রামকানাই দাশ। ছায়ানটের নির্বাহী সদস্য সারওয়ার আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক খায়রুল আনাম। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির সহযোগিতায় ছায়ানট এই উৎসবের আয়োজন করেছে।সংগীতের প্রাণ ‘শুদ্ধসংগীত’। একটা সময় সমাজের অভিজাত বিত্তবান শ্রেণীই এর পৃষ্ঠপোষকতা করত। কিন্তু গত কয়েক দশকে দেশে শুদ্ধসংগীতের পৃষ্ঠোপোষকতা, চর্চা, শ্রবণেরও অভ্যাস একেবারেই কমে গেছে। শুদ্ধসংগীতের প্রতি সংগীতানুরাগীদের আগ্রহ ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই ছায়ানট দুই দিনের এই উৎসবের আয়োজন করেছে।ধানমন্ডির শংকরে ছায়ানট সংস্কৃতি-ভবনের প্রবেশপথে নানা বর্ণের আল্পনার মাঝে মাঝে আলোকচ্ছটা ছড়াচ্ছে ছোট ছোট মঙ্গলপ্রদীপ। সব মিলিয়ে শুদ্ধসংগীতের আসরে প্রবেশের আগেই যেন শুদ্ধতার ছোঁয়ায় শুদ্ধ হওয়া। আয়োজকেরা শুরুতেই জানিয়ে দিলেন, উৎসবকে তিনটি অধিবেশনে ভাগ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম অধিবেশনে ছায়ানটের শিল্পীদের বৃন্দগানের পর রাগ পুরিয়া ও পুরিয়া ধানেশ্রী পরিবেশন করেন ঢাকার শিল্পী রেজোয়ান আলী। তবলা লহরা বাজিয়ে শোনান গৌতম সরকার। সব শেষে মঞ্চে আসেন ভারতের শিল্পী অশ্বিনী ভিডে দেশপাণ্ডে। তিনি রাগপ্রধান সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের বিমোহিত করেন। অনুষ্ঠান চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। পিনপতন নীরবতায় পুরো অনুষ্ঠান উপভোগ করে সমবেত সংগীতপিপাসুরা।আজ শুক্রবার সকাল নয়টা থেকে শুরু হবে শুদ্ধসংগীতের আসর, প্রথম অধিবেশন চলবে বেলা একটা পর্যন্ত। সকালের অধিবেশনে ছায়ানট সংগীত বিদ্যায়তনের শুদ্ধসংগীত বিভাগের শিল্পীদের পাশাপাশি সংগীত পরিবেশন করবেন চট্টগ্রামের তাপস দত্ত, ঢাকার সতীন্দ্রনাথ হালদার, শিউলী ভট্টাচার্যী, প্রিয়াংকা গোপ ও ইউসুফ খান। সন্ধ্যায় শেষ অধিবেশন সাড়ে সাতটা থেকে শুরু হয়ে চলবে সারা রাত। এই অধিবেশনে কণ্ঠসংগীতে অংশ নেবেন ভারতের অর্ণব চ্যাটার্জি ও তবলায় সুরলহরী পরিবেশন করবেন কলকাতার গোপাল মিশ্র। এই দুজন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের সৌজনে এই উৎসবে অংশ নিচ্ছেন।