শীতের সবজির সরবরাহ বেড়েছে, কমছে দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস আগে যে শিম কিনতে ক্রেতাকে ৮০ টাকা গুনতে হতো, সেই শিম এখন পাওয়া যাচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। ৬০ থেকে ৭০ টাকার বাঁধাকপির দাম এখন ২৫ টাকা। বাজারে শীতের সবজির আগমনের কারণেই এটা সম্ভব হয়েছে।রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন ধরনের শীতকালীন সবজি বাজারে আসায় দাম অনেক কমে গেছে। কিছু সবজির দাম কমে অর্ধেকে নেমে এসেছে।খুচরা বিক্রেতা ও আড়তদারেরা বলছেন, এই সময়টায় এমনিতেই সবজির সরবরাহ ভালো থাকে। তাই দামও কমে যায়। শীত বাড়ার সঙ্গে সঙ্গে সরবরাহ আরও বাড়বে। তখন দাম আরও কমবে। তবে কয়েকজন আড়তদার জানান, সরকার জ্বালানি তেলের মূল্য আরেক দফা না বাড়ালে সবজির দাম আরও কম থাকত। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সবজির দাম কিছু বাড়িয়েছে। গতকাল রোববার রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, পলাশী ও হাতিরপুর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বাজারগুলোতে সবজির পরিমাণ অনেক বেশি। বাজারগুলোকে মনে হয় যেন সবজির খেত। মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, বগুড়া, রাজশাহী, রংপুর, কুমিল্লা, যশোর, নরসিংদী এবং ঢাকার আশপাশের বিভিন্ন স্থান থেকে শীতের সবজি নিয়ে আসছেন সবজির ব্যাপারিরা।কাঁচাবাজারগুলোতে মাঝারি আকারের ফুলকপি প্রতিটি ২৫ থেকে ৩০ টাকা, বাঁধাকপি ২০ থেকে ২৫, শিম ২৫ থেকে ৩০, লাউ আকারভেদে ৩০ থেকে ৪৫, শসা ২০ থেকে ২৫, বেগুন ৩০ থেকে ৪০, পটোল ২৫ থেকে ২৭, করলা ২৫ থেকে ৩০, ঢ্যাঁড়স ৩০, বরবটি ৩৫ থেকে ৪০, মুলা ১৫ থেকে ১৭, পেঁপে ১২ থেকে ১৫ এবং ঝিঙে ও ধুন্দুল ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।বাজারে এখন দুই ধরনের আলু পাওয়া যচ্ছে। প্রতি কেজি পুরোনো আলু ১২ থেকে ১৪ এবং বগুড়ার নতুন আলু বিক্রি হচ্ছে ২২ থেকে ৩০ টাকায়। কাঁচা মরিচ পাওয়া যাচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। কমে এসেছে পেঁয়াজের দামও। দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ এবং ভারত থেকে আমদানি করা পেঁয়াজ পাওয়া যাচ্ছে ২৬ থেকে ৩০ টাকায়।তবে অন্য সব সবজির দাম যেখানে কমছে, সেখানে উল্টো চিত্র টমেটোর। বাজার থেকে এখনো চড়া দামেই টমেটো কিনতে হচ্ছে ক্রেতাদের। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭৫ টাকায়।জানতে চাইলে কারওয়ান বাজারের সবজি বিক্রেতা শাকিল আহমেদ বলেন, বাজারে যে টমেটো বিক্রি হচ্ছে তা ভারত থেকে আমদানি করা। শীতকালীন টমেটো এখনো বাজারে আসেনি। আরও ১৫ দিন থেকে এক মাস পর এগুলো বাজারে আসবে।তবে এরই মধ্যে বাজারে এসেছে কাঁচা টমেটো। এর দাম কিছুটা কম। বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায়।মুন্সিগঞ্জ থেকে আলু এনে কারওয়ান বাজারে বিক্রি করেন মামুন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আগে এক বস্তা আলু আনতে খরচ পড়ত ১২০ টাকা। এখন তা বেড়ে হয়েছে ১৬০ টাকা। এ কারণে আলু বিক্রি করছি একটু বেশি দামে।’ তিনি জানান, পাঁচ কেজি ওজনের এক পাল্লা আলু বিক্রি করেছেন ৫৫ থেকে ৬০ টাকায়। আগে তা বিক্রি করতেন ৫০ থেকে ৫৫ টাকায়।কারওয়ান বাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে যে কোনো অঞ্চল থেকেই পণ্য আনার খরচ বেড়ে গেছে। প্রতি গাড়িতে ভাড়া দুই থেকে তিন হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে। যশোর, রাজশাহীসহ উত্তরবঙ্গের সবগুলো রুটে ভাড়া বেশি বেড়েছে বলে জানান তিনি।