শীর্ষ কর্মকর্তাদের পদোন্নতি পেতে পরীক্ষা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনের কর্মকর্তাদের পদোন্নতি পেতে অবশ্যই পরীক্ষায় অংশ নিতে হবে। আর পরীক্ষায় অংশ নিতে হলে তিন বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) এবং বার্ষিক কার্যমূল্যায়ন প্রতিবেদনের প্রতিটিতে থাকতে হবে ৮০ শতাংশ নম্বর করে। আবার কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলার আদেশ বা উপযুক্ত আদালত থেকে জ্যেষ্ঠতা দেওয়ার বিষয়ে বিধিনিষেধ থাকলে তিনি পদোন্নতি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।সরকারি কর্মকর্তাদের পদোন্নতির জন্য এসব বিধি রেখে ‘সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা ২০১১’ চূড়ান্ত করা হয়েছে। সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের ক্ষমতা অনুযায়ী সরকারি কর্মকমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ করে এ বিধিমালা প্রণয়ন করা হয়েছে।এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে সাবেক পদস্থ কর্মকর্তা এম এ মোবারক হোসেনকে দিয়ে সংস্থাপন মন্ত্রণালয় এ বিধিমালা তৈরি করেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে কোনো বিধি বা আইন মানা হয় না। যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলে দলীয় বিবেচনা ও তদবিরে অনেককে পদোন্নতি দেওয়া হয়। জানতে চাইলে সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘দক্ষ, মেধাবী, নিরপেক্ষ ও জনমুখী প্রশাসন গড়ে তুলতে বেসামরিক প্রশাসনের জন্য আইন (সিভিল সার্ভিস অ্যাক্ট, ২০১১) প্রণয়নের সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা চূড়ান্ত করেছি।’সচিব বলেন, এই বিধিমালা বাস্তবায়িত হলে কোনো আমলেই কোনো কর্মকর্তা পদোন্নতিবঞ্চিত হবেন না বা দলীয় বিবেচনায় পদোন্নতি পাবেন না। পদোন্নতি পেতে হলে অবশ্যই মেধা ও দক্ষতার পরিচয় দিতে হবে। এ ছাড়া বিধিমালা অনুযায়ী পদোন্নতি পরীক্ষায় অংশ নিতে প্রাক-যোগ্যতা থাকতে হবে।এ প্রসঙ্গে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান প্রথম আলোকে বলেন, জনপ্রশাসনে পদোন্নতির জন্য পরীক্ষা নেওয়ার সুপারিশ ১৯৭৮ সাল থেকেই করা হচ্ছে। এত দিনে বিষয়টি অন্তর্ভুক্ত করা অবশ্যই একটি ভালো দিক। কিন্তু মূল বিষয় হচ্ছে, শীর্ষ কর্মকর্তাদের এ পদোন্নতির পরীক্ষা কে নেবে, পরীক্ষা কোথায় হবে, পরীক্ষার জন্য সিলেবাস কী হবে—এসব বিষয়। এ ছাড়া চারবার পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হলেও ক্যাডারে তাঁদের এ সুযোগ দেওয়া উচিত। পরীক্ষা পদ্ধতির কারণে বিসিএস ক্যাডার ছাড়া অন্যদের তেমন কোনো অসুবিধা হবে না। অন্যদিকে, তিন বছরের এসিআর ও কার্যমূল্যায়ন প্রতিবেদনে ৮০ শতাংশ নম্বর করে থাকার যে বিষয়টি বলা হয়েছে, তা-ও বেশি নয়। কেননা, সরকারি কর্মকর্তাদের এসিআরে এর চেয়ে বেশি নম্বরই দেওয়া হয়। পদোন্নতি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা: উপসচিব পদে পদোন্নতির জন্য জ্যেষ্ঠ সহকারী সচিব বা সমমর্যাদার পদে চার বছরের চাকরিকালসহ মোট ১০ বছরের চাকরিকাল ও বুনিয়াদি প্রশিক্ষণ থাকতে হবে।যুগ্ম সচিব পদের জন্য উপসচিব বা সমমর্যাদার পদে চার বছর চাকরিকাল ও এসিএডি (অ্যাডভান্স কোর্স অন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) প্রশিক্ষণ থাকতে হবে।অতিরিক্ত সচিব পদের জন্য যুগ্ম সচিব বা সমমর্যাদার পদে তিন বছরের চাকরিকাল ও (সিনিয়র স্টাফ কোর্স) এসএসসি প্রশিক্ষণ অবশ্যই করতে হবে। এ ছাড়া বিধিমালা অনুযায়ী সচিব পদের জন্য অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ার পর দুই বছর চাকরিকাল থাকতে হবে। পরীক্ষা গ্রহণ ও ফলাফল: একজন কর্মকর্তা যেকোনো পদের জন্য অনধিক মোট চারবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। যদি কোনো কর্মকর্তা সরকারের অনুমোদন নিয়ে প্রেষণ বা শিক্ষা ছুটি বা বৈদেশিক নিয়োগ বা লিয়েনে থাকেন, তাহলে নির্ধারিত শর্তাবলি পূরণ করে তাঁরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রতিটি পদের জন্য প্রতিবছর দুবার পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য নির্ধারিত সিলেবাসও থাকবে। লিখিত পরীক্ষা গ্রহণের ৩০ দিনের মধ্যে সরকারি গেজেট এবং স্বীয় ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় পাস নম্বর হবে ৭০ শতাংশ। জ্যেষ্ঠতা তালিকা ও পদোন্নতি: পরীক্ষার ফলাফল ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগদানপত্রের ভিত্তিতে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জ্যেষ্ঠতার তালিকা প্রণয়ন করা হবে। যদি ফলাফলে দেখা যায়, কোনো কর্মকর্তা কোনো পদের জন্য নির্ধারিত সব পরীক্ষায় অংশ নিয়েছেন এবং প্রতিটি পত্রে উত্তীর্ণ হয়েছেন, সে ক্ষেত্রে সর্বশেষ পরীক্ষার ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয় ওই কর্মকর্তার পদোন্নতির প্রজ্ঞাপন জারি করবে। যাঁদের পদোন্নতি কার্যকর হবে না: কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলাজনিত অথবা ফৌজদারি মামলা চলমান থাকা অবস্থায় তিনি পদোন্নতির পরীক্ষায় উত্তীর্ণ হলেও সংশ্লিষ্ট মামলা থেকে চূড়ান্তভাবে খালাস না পাওয়া পর্যন্ত তাঁর অনুকূলে পদোন্নতি মঞ্জুর করা যাবে না। এ ছাড়া কোনো কর্মকর্তা সরকারের অনুমোদনে প্রেষণ বা শিক্ষা ছুটি বা বৈদেশিক নিয়োগ বা লিয়েনে থাকা অবস্থায় পদোন্নতি পেলে তিনি নবপদায়িত পদে যোগ না দেওয়া পর্যন্ত তাঁর পদোন্নতি কার্যকর হবে না।