শীর্ষ তালেবান নেতা নিহত হওয়ার দাবি
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের মোহমান্দ অঞ্চলে গতকাল শনিবার পাকিস্তানি হেলিকপ্টার হামলায় এক শীর্ষস্থানীয় তালেবান কমান্ডার নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, তিনি অনুমান করছেন মোহমান্দ অঞ্চলের একটি ভবনে এক ঝাঁক পাকিস্তানি হেলিকপ্টার আঘাত হানলে তালেবান কমান্ডার ফকির মোহাম্মদ মারা যান। ওই হামলায় অন্তত ১৬ জন জঙ্গি প্রাণ হারায়। রেহমান মালিক অবশ্য ফকির মোহাম্মদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেননি।পাকিস্তানি তালেবানদের শীর্ষস্থানীয় সংগঠক ও আদিবাসী অধ্যুষিত বাজাউর অঞ্চলের কমান্ডার ফকির মোহাম্মদ ছিলেন সাম্প্রতিক পাকিস্তানি সামরিক অভিযানের অন্যতম লক্ষ্য।সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, ইসলামাবাদে কথা বলার সময় রেহমান মালিক জানান, ‘আমাদের গোয়েন্দাদের কাছে নিশ্চিত তথ্য ছিল যে ফকির মোহাম্মদ ওই হেলিকপ্টার আক্রমণের সময় অন্য এক তালেবান কমান্ডার জিয়াউর রেহমানের সঙ্গে ওই গোপন আখড়ার বেসমেন্টে বৈঠক করছিলেন। যদি তিনি বেঁচে থাকেন, তবে আমি খুবই অবাক হব। আমি আশা করছি, দুয়েক দিনের মধ্যেই আমরা এ ব্যাপারে নিশ্চিত হতে পারব।’ রেহমান মালিক অবশ্য ওই আক্রমণে আরেকজন জ্যেষ্ঠ তালেবান নেতা—সোয়াত উপত্যকার মিলিটারি কমান্ডার—ফতেহ মোহাম্মদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।মার্কিন বিমান হামলায় তালেবানদের শীর্ষস্থানীয় নেতা বায়তুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর ফকির মোহাম্মদ পাকিস্তানি তালেবানদের সর্বময় অধিকারীর পদটি দাবি করে আসছিলেন। পাকিস্তানি সেনাবাহিনী জানায়, আদিবাসী অধ্যুষিত ও তালেবানদের আখড়া হিসেবে পরিচিত সীমান্তবর্তী বাজাউর এলাকা জঙ্গিমুক্ত হয়েছে। গত কয়েক সপ্তাহে অনেক তালেবান নেতা নিহত অথবা গ্রেপ্তার হয়েছে বলে সেনাবাহিনী দাবি করে। গত সপ্তাহে বাজাউরে তালেবানদের শেষ শক্তিশালী ঘাঁটি ডামাডোলার পতনের পর ফকির মোহাম্মদ আরও অনেক তালেবান যোদ্ধাদের সঙ্গে মোহমান্দ প্রদেশে চলে আসেন।আর জিয়াউর রেহমান হচ্ছেন আফগানিস্তানের কুনার ও নুরিস্তান প্রদেশের তালেবানদের সর্বোচ্চ নেতা। কিন্তু তিনি সম্প্রতি বাজাউরে আত্মগোপন করে আছেন। আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদল ও পাকিস্তানি সেনাবাহিনী তাকে খুঁজে বেড়াচ্ছে।