প্রাথমিক সমাপনী পরীক্ষায় সারা দেশে প্রথম, দ্বিতীয় স্থানসহ শীর্ষ দশে যৌথভাবে স্থান করে নিয়েছে টাঙ্গাইলের ১৮ জন পরীক্ষার্থী।আজ মঙ্গলবার প্রাথমিক সমাপনী পরীক্ষার এই ফলাফল প্রকাশ করা হয়।সারা দেশে প্রথম স্থান অধিকারী আল ইয়াসা ইফ্ফাত টাঙ্গাইলের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবং দ্বিতীয় স্থান অধিকারী নাঈমুর রহমান টাঙ্গাইলের সৃষ্টি একাডেমিক স্কুল থেকে এই পরীক্ষায় অংশ নিয়েছিল। সারা দেশে টাঙ্গাইল শীর্ষ ফল লাভ করায় অভিভাবক, শিক্ষক, সহপাঠীসহ সবাই আনন্দে উদ্বেলিত।টাঙ্গাইলের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম সিদ্দিকুর রহমান জানান, জেলায় ৫৪ হাজার ১০৪ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে সারা দেশে শীর্ষ দশের প্রথম, দ্বিতীয়, সপ্তম (চারজন), অষ্টম, নবম (চারজন) ও দশম (সাতজন) স্থান করে নিয়েছে। জেলায় মোট ৩১ হাজার ৩৯৮ জন প্রথম বিভাগ, ১৬ হাজার ৫৮১ জন দ্বিতীয় বিভাগসহ ৫১ হাজার ৪৬১ জন পাস করেছে। জেলায় পাসের হার ৯৫ দশমিক ১১ শতাংশ।টাঙ্গাইল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আলম মৃধা বলেন, ‘উপজেলা থেকে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করায় আমরা আনন্দিত। তবে শতভাগ পাস করলে আরও বেশি খুশি হতাম।’