শীর্ষ সন্ত্রাসী আকতার হামিদের তিনটি মামলা পুনরুজ্জীবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের দেহরক্ষী শীর্ষস্থানীয় সন্ত্রাসী আকতার হামিদের তিনটি মামলা পুনরুজ্জীবিত হয়েছে। রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় মামলা প্রত্যাহারসংক্রান্ত জাতীয় কমিটির ১৩তম, ১৬তম ও ১৮তম সভায় এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছিল। সরকারি দলের একজন সাংসদ, জেলা কমিটি ও পাবলিক প্রসিকিউটরের (পিপি) সুপারিশে এ তিনটি মামলা প্রত্যাহারের কথা বলা হয়েছিল। সে সময় কমিটির কাছে মোট ছয়টি মামলা প্রত্যাহারের সুপারিশ পাঠানো হয়। মামলা প্রত্যাহারসংক্রান্ত জাতীয় কমিটির সহসভাপতি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু গতকাল মঙ্গলবার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, এই মামলা প্রত্যাহারের বিষয়টি ন্যক্কারজনক। বিষয়টি জাতীয় কমিটি জানার পর যেসব মামলা প্রত্যাহারের জন্য কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছিল, তার আদেশ বাতিল করা হযেছে। এ ছাড়া জেলা কমিটি কোন বিবেচনায় এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করেছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আকতার হামিদের বিরুদ্ধে হত্যাসহ বর্তমানে ৪৬টি মামলা বিচারাধীন। মামলা প্রত্যাহারের সুপারিশের পর গত মাসে মামলা প্রত্যাহারসংক্রান্ত জাতীয় কমিটির প্রধান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের কাছে আকতার হামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানান সরকারি দলের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সাফিয়া খাতুন। একই সঙ্গে পৃথক একটি আবেদনে আকতার হামিদের হাতে নিহত কক্সবাজার জেলা যুবলীগের নেতা রাশেদ উদ্দিন চৌধুরী বাবরের স্ত্রী মনজুরা বেগমও তাঁর স্বামী হত্যাকারীর মামলা প্রত্যাহার করা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে চিঠি দেন। লিখিত অভিযোগে এসব মামলা প্রত্যাহারের জন্য কক্সবাজার জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) মমতাজ আহমেদকে দায়ী করা হয়েছে বলে সূত্র জানায়। জানতে চাইলে পিপি মমতাজ আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ভুলক্রমে শীর্ষ সন্ত্রাসী আকতার হামিদের মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছিল। তিনি জানান, ‘মামলাসংক্রান্ত কমিটির প্রধানের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করা হলে আইন প্রতিমন্ত্রী আমার কাছে টেলিফোনে বিষয়টি জানতে চেয়েছেন। আমি কমিটি প্রধানকে বলেছি, ভুলক্রমে মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছিল।’মামলা প্রত্যাহারের সুপারিশ বিষয়ে জানতে চাইলে কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা কমিটির প্রধান গিয়াস উদ্দিন আহমেদ প্রথম আলোকে ব্যস্ততার কথা জানিয়ে বলেন, এ বিষয়ে কোনো মন্তব্য করা তাঁর পক্ষে সম্ভব নয়। প্রসঙ্গত, গত দুই বছরে রাজনৈতিক মামলা প্রত্যাহারসংক্রান্ত কমিটির মোট ২৮টি বৈঠক হয়েছে। এসব বৈঠকে ১০ হাজার ৫৩৬টি মামলা প্রত্যাহারের প্রস্তাব উপস্থাপন এবং প্রত্যাহার করা হয়েছে ছয় হাজার ৯৮২টি মামলা। এর মধ্যে দণ্ডবিধি ও অন্যান্য আইনে উপস্থাপন করা মামলার সংখ্যা ১০ হাজার ১৬টি। এর মধ্যে প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে ছয় হাজার ৬৬৮টি। এ ছাড়া দুর্নীতি আইনে উপস্থাপন করা মামলার সংখ্যা ৫২০টি। এর মধ্যে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে ৩১৪টি। কমিটির প্রথম সভা হয় ২০০৯ সালের ১০ এপ্রিল এবং সর্বশেষ বৈঠকটি হয় ৫ এপ্রিল। বর্তমানে কমিটির হাতে প্রায় ৮০টি মামলা বিবেচনাধীন। এসব মামলা পর্যালোচনা করতে শিগগিরই বৈঠক আহ্বান করা হবে বলে সূত্র জানায়।