শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন কলকাতায় গ্রেপ্তার
তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আজ মঙ্গলবার গ্রেপ্তার করেছে সেখানকার গোয়েন্দা পুলিশ ও পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। কলকাতার পুলিশ কমিশনার রঞ্জিত পচনন্দা আজ সন্ধ্যায় সাংবাদিকদের কাছে সুব্রত বাইনের গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। সুব্রত বাইনকে গ্রেপ্তার করা হয় কলকাতার বউবাজার এলাকা থেকে।কলকাতায় সুব্রতর বিরুদ্ধে অনুপ্রবেশ ও অস্ত্র রাখার দায়ে মামলা রয়েছে। সম্প্রতি সুব্রত বাইন নেপালের কারাগার থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে আত্মগোপন করেন বলে খবর পায় পুলিশ। ৮ নভেম্বর রাতে সুব্রত বাইনসহ ১২ জন কারাবন্দী নেপালের ঝুমকা কারাগারে সুড়ঙ্গ কেটে পালায়। এর আগে ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর সুব্রত ভারত থেকে পালিয়ে নেপালে গিয়ে গ্রেপ্তার হন। ২০০৮ সালের ১১ অক্টোবর কলকাতা পুলিশের হাতে প্রথম গ্রেপ্তার হন সুব্রত বাইন। কলকাতা থেকে জামিনে মুক্তি পেয়ে নেপালে পালান সুব্রত। সেখানে নিজের নাম বদলে তিনি আত্মগোপন করে ছিলেন। কলকাতার গোয়েন্দা পুলিশ ও কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) যৌথভাবে অভিযান চালিয়ে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউ থেকে সুব্রতকে গ্রেপ্তার করে। এ সময় সুব্রতর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল পাওয়া যায়। সুব্রত কলকাতায় গা ঢাকা দিয়ে ফোনের মাধ্যমে বাংলাদেশে নিয়মিত চাঁদাবাজি করতেন বলে অভিযোগ রয়েছে। তিনি কলকাতায় নিজেকে ‘ফতে আলী’ হিসেবে পরিচয় দিতেন। তাঁর বিরুদ্ধে ঢাকায় কমপক্ষে ৩০টি খুনের মামলা রয়েছে।