শীর্ষ সন্ত্রাসীর অব্যাহতি: মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই শীর্ষ সন্ত্রাসীসহ ১৯ জনের বিরুদ্ধে দায়ের করা খুনের মামলা প্রত্যাহার সম্পর্কে আইন মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা ম্যাজিস্ট্রেটকে কমিটির আগামী বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আজ সোমবার আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। সংসদ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, আজ প্রথম আলোয় প্রকাশিত ‘খুনের মামলা প্রত্যাহার, শীর্ষ সন্ত্রাসীর অব্যাহতি’ শীর্ষক প্রতিবেদনের ভিত্তিতে কমিটি এই সিদ্ধান্ত নেয়। প্রতিবেদনে বলা হয়েছে, দুই শীর্ষ সন্ত্রাসী শাহাদত হোসেন ও খোরশেদ আলমসহ ১৯ জনের বিরুদ্ধে দায়ের করা খুনের মামলা প্রত্যাহার করা হয়েছে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, প্রথম আলোতে ছাপা হয়েছে শীর্ষ সন্ত্রাসীর মামলা প্রত্যাহার করা হয়েছে। এর পেছনে নাকি টাকা-পয়সাও লেনদেন হয়েছে। এ জন্য কমিটির আগামী বৈঠকে বিশেষ দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর-পিপি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। এ ছাড়া মন্ত্রণালয়কে মামলার নথিসহ এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, বর্তমানে বিচার বিভাগ স্বাধীন। সরকার এ ধরনের অপরাধীর মামলা প্রত্যাহার করলেও আদালত তা মানতে বাধ্য নয়।