শীর্ষপর্যায়ে এখনো কিছুটা দুর্নীতি হচ্ছে
সরকারের শীর্ষপর্যায়ে এখনো কিছুটা দুর্নীতি হচ্ছে এবং বর্তমান সরকারের আমলে অনেকখানি কমেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।আজ শুক্রবার সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘দুর্নীতি বর্তমান সরকারের আমলে অনেকখানি কমে গেছে।’সিলেট নগরের একটি রেস্তোরাঁয় দুপুরে আয়োজিত বর্ধিত সভায় অর্থমন্ত্রী বলেন, ‘জোট সরকারের আমলে বিরোধীদলীয় নেত্রীর মন্ত্রী, সংসদ সদস্য ও স্বজনদের ব্যাপক দুর্নীতি দেশকে বিপর্যস্ত করে ফেলেছিল।’অর্থমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা মানায় না। কারণ তিনি ও তাঁর সহযোগীরা কালো টাকায় নিমজ্জিত। বর্তমান সরকারের আমলে দেশে দুর্নীতি পুরোপুরি রোধ হয়েছে—এটা বলা যাবে না। তবে উচ্চপর্যায়ের দুর্নীতি আগের তুলনায় অনেক প্রশমন করা সম্ভব হয়েছে।’ পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘দুর্নীতির ষড়যন্ত্র হয়েছিল এবং তা সরকার প্রথম থেকে নস্যাত্ করে দিয়েছে।’আগামী জাতীয় নির্বাচন নিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘জাতীয় নির্বাচন সঠিক সময়েই হবে এবং নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, ততই অন্য দলগুলো অন্তর্বর্তীকালীন সরকার ইস্যুতে সমঝোতায় আসবে।’সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, জেলার সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ বক্তব্য দেন।‘ডিসেম্বরেই জাতীয় নির্বাচন’: অর্থমন্ত্রী আগামী বছরের ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন। সিলেটে জেলা ও নগর যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আগামী ২৫ অক্টোবর বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে। এরপর তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল অনিশ্চয়তা কাটিয়ে আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হবে বলে আমি আশাবাদী।’নগরের চালিবন্দর এলাকায় ইব্রাহিম স্মৃতি সংসদ কার্যালয়ে আজ শুক্রবার নগর যুবলীগের বর্ধিত সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। বর্ধিত সভায় নগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসহ অন্যরা বক্তব্য দেন।