শীর্ষস্থানীয় আল-কায়েদা নেতা কাশ্মীরি মার্কিন হামলায় নিহত
আল-কায়েদার অন্যতম শীর্ষ নেতা মোহাম্মদ ইলিয়াস কাশ্মীরি গত শুক্রবার রাতে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত হয়েছেন।পাকিস্তানের একজন গোয়েন্দা কর্মকর্তা ও একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠান গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছে। ইলিয়াস কাশ্মীরির নেতৃত্বে পরিচালিত সংগঠন হরকাতুল জিহাদ আল-ইসলামীও (হুজি) বিষয়টি নিশ্চিত করে বলেছে, তাদের নেতা আর নেই। তবে পাকিস্তানের শীর্ষ নেতারা এ ব্যাপারে নিশ্চিত নন বলে মন্তব্য করেছেন। খবর বিবিসি, রয়টার্স, এপি ও এনডিটিভির। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গতকাল মুলতানে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘এই মুহূর্তে এ ব্যাপারে আমার কাছে কোনো খবর নেই।’ এর আগে ২০০৯ সালের সেপ্টেম্বরে আরও একবার মার্কিন ড্রোন হামলায় কাশ্মীরির নিহত হওয়ার খবর ছড়িয়েছিল। কিন্তু এর এক মাস পরই এক সাংবাদিকের কাছে তাঁকে সাক্ষাৎকার দিতে দেখা যায়। কাশ্মীরির সাক্ষাৎকার গ্রহণকারী ওই সাংবাদিক সৈয়দ সালিম শাহজাদকে সম্প্রতি অপহরণের পর হত্যা করা হয়। যুক্তরাষ্ট্রের চোখে কাশ্মীরি ছিলেন বিশ্বের অন্যতম বিপজ্জনক সন্ত্রাসী। একসময় ওসামা বিন লাদেনের উত্তরসূরি ভাবা হতো তাঁকে। তিনি ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন বলে ধারণা করা হয়। স্থানীয় লোকজনের বরাত দিয়ে বিবিসি জানায়, দক্ষিণ ওয়াজিরিস্তানের অন্যতম প্রধান শহর ওয়ানা থেকে ২০ কিলোমিটার দূরে লামান গ্রামে শুক্রবার রাতে ড্রোন হামলা চালানো হয়। এতে যে নয়জন মারা গেছেন, তাঁদের মধ্যে ইলিয়াস কাশ্মীরি রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘আমরা নিশ্চিত, তিনি (কাশ্মীরি) মারা গেছেন। আমরা এখন তাঁর লাশ উদ্ধারের চেষ্টা করছি।’ কাশ্মীরির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হুজির মুখপাত্র হিসেবে পরিচয়দানকারী আবু হাঞ্জলা কাশির গতকাল পাকিস্তান টেলিভিশন স্টেশনে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘আমরা নিশ্চিত, আমাদের আমির (নেতা) ও কমান্ডার ইন চিফ মোহাম্মদ ইলিয়াস কাশ্মীরি ও তাঁর বন্ধুরা শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটে মার্কিন ড্রোন হামলায় শহীদ হয়েছেন। সৃষ্টিকর্তা তাঁর মঙ্গল করুন...আমেরিকা শিগগিরই পূর্ণ প্রতিশোধ দেখতে পাবে। আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকা।’ তবে হুজির মুখপাত্রের দেওয়া এই বিবৃতির সত্যতা যাচাই করা যায়নি। আল-কায়েদার সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন হুজির প্রধান ইলিয়াস কাশ্মীরি ও তাঁর সহযোগীরা অল্প কিছুদিন হলো ওয়াজিরিস্তানের লামান গ্রামে এসে আত্মগোপন করেন বলে স্থানীয় লোকজন জানান। বিবিসি বলেছে, খাইবার উপজাতীয় এলাকা থেকে মাত্র ১০ দিন আগে সেখানে আসেন কাশ্মীরি ও তাঁর বন্ধুরা।বিবিসির উর্দু সার্ভিস জানায়, ঘটনাস্থলে একটি ড্রোন থেকে প্রথমে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর কিছুক্ষণ পর ছোড়া হয় আরও দুটি ক্ষেপণাস্ত্র। এতে নয়জন মারা যান। আহত হন তিনজন। তাঁদের মধ্যে কাশ্মীরি রয়েছেন। তাঁদের সবাইকে দাফন করা হয়েছে।পেশোয়ারের একজন সরকারি কর্মকর্তা বিবিসিকে এই ড্রোন হামলার কথা নিশ্চিত করেছেন। তবে এতে কাশ্মীরি মারা গেছেন কি না, তা তিনি জানাতে পারেননি। অন্য কর্মকর্তারা বলেন, নিহত সবাই পাঞ্জাবি তালেবান।উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরকার গত সপ্তাহে ইলিয়াস কাশ্মীরি ও আফগানিস্তানের তালেবানপ্রধান মোল্লা ওমরসহ শীর্ষ পাঁচ সন্ত্রাসীকে আগামী জুলাইয়ের মধ্যে গ্রেপ্তারে পাকিস্তানকে সময় বেঁধে দিয়েছিল। ওয়াশিংটন সতর্ক করে দিয়ে বলেছিল, তাদের গ্রেপ্তারে ব্যর্থ হলে উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় অঞ্চলে সামরিক অভিযান চালানো হবে।সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সম্প্রতি পাকিস্তান সরকারের কাছে পাঁচজনের নাম উল্লেখ করে একটি তালিকা হস্তান্তর করে যুক্তরাষ্ট্র। কাশ্মীরি ও মোল্লা ওমর ছাড়াও ওয়াশিংটনের এই সন্ত্রাসী তালিকায় আছেন আইমান আল-জাওয়াহিরি, হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি ও লিবিয়াভিত্তিক আল-কায়েদার প্রধান আতিয়া আবদেল রহমান। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব সন্ত্রাসীকে পাকড়াও করতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান যৌথ গোয়েন্দা বাহিনী গঠন করেছে।