শীর্ষে নেই রাজশাহীর নামী বিদ্যালয়গুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা অতীতের যেকোনো বছরের চেয়ে বেশি। একই সঙ্গে বেড়েছে পাসের হারও। গত বছরের চেয়ে এবার ৭৮৯ জন শিক্ষার্থী বেশি জিপিএ-৫ পেয়েছে। তবে রাজশাহী নগরের নামীদামি প্রতিষ্ঠানগুলো বোর্ডের সেরা ২০ বিদ্যালয়ের তালিকায় ভালো অবস্থানে নেই। গতকাল সোমবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার রাজশাহী বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৩৩ শতাংশ। গতবার এ হার ছিল ৮০ দশমিক ৩২ শতাংশ। এবার এ বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৩১ হাজার ৯৬৫জন শিক্ষার্থী। পাস করেছে এক লাখ ১৬ হাজার ৫৫৯ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৭২৬ জন। গত বছর জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ছিল নয় হাজার ৯৩৭। একজনও পাস করেনি—এমন বিদ্যালয় এ বোর্ডে নেই। তিন বছর ধরে এ ধারা অব্যাহত আছে। গত বছরের চেয়ে এবার পরীক্ষায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা বেড়েছে। গতবার এ বোর্ড থেকে দুই হাজার ৩৭৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। এবার অংশ নিয়েছে দুই হাজার ৪৩৩টির শিক্ষার্থীরা। শিক্ষার্থী বেড়েছে এক হাজার ৯৭০ জন। রাজশাহী নগরে এবার রাজশাহী কলেজিয়েট স্কুল সবচেয়ে ভালো ফলাফল করেছে। এ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থী নাসিফ-ই-আনোয়ার বলে, ভালো ফলাফলের জন্য বাবা-মায়ের যত্নের পাশাপাশি অবশ্যই বিদ্যালয়ের গুরুত্ব রয়েছে। তাদের বিদ্যালয়ে দুর্বল শিক্ষার্থীদের অভিভাবকদের বারবার ডেকে পাঠানো হয়। আলোচনা করা হয়। তা ছাড়া তাদের সব বিষয়ের শিক্ষকই মাস্টার ট্রেনার। এ জন্য তাদের সৃজনশীল বিষয় বুঝতে সুবিধা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজশাহী নগরের আলোচিত শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হয়। অভিভাবকেরা এ বিদ্যালয়ে তাঁদের সন্তানদের ভর্তির করাতে অতিরিক্ত যত্ন নিয়ে থাকেন। অথচ এবারের ফলাফলে বোর্ডের শীর্ষস্থানীয় ২০ প্রতিষ্ঠানের মধ্যে এ বিদ্যালয়ের অবস্থান ১৪তম। রাজশাহী কলেজিয়েট স্কুল নগরের সবচেয়ে প্রাচীন বিদ্যালয়। এ প্রতিষ্ঠানেও তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ভর্তি হয়। বোর্ডের সেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে এ বিদ্যালয়ের অবস্থান এবার সপ্তম। অভিভাবকেরা বলেন, অন্যান্য জেলার বিদ্যালয়গুলো প্রতিযোগিতায় বরাবরই এগিয়ে থাকে। তাই রাজশাহীর ভালো বিদ্যালয়গুলোর পাঠদানের মানোন্নয়ন জরুরি।শিক্ষা বোর্ডের সভাকক্ষে গতকাল ফলাফল ঘোষণার সময় পরীক্ষা নিয়ন্ত্রক এস এম এ হুরাইরা বলেন, ভালো ফলাফল করার জন্য তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা করে ২৪ দফা করণীয় ঠিক করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে অতিরিক্ত পাঠদান এমনকি বিশেষ পাঠদানের ব্যবস্থা করে ভালো ফলাফল নিশ্চিত করা, শিক্ষার্থীদের দলগত অনুশীলন করানো ইত্যাদি। তিনি বলেন, তাঁরা এসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নিবিড়ভাবে কাজ করেছেন।